আবার বিদায় নিচ্ছে Volvo-র সিইও

Håkan Samuelsson

দ্বিতীয়বারের মতো অবসরে যাচ্ছেন Volvo-র প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) Håkan Samuelsson।

Klaus Zellmer-কে নতুন প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে Volvo Cars-এর পরিচালনা পর্ষদ। তিনি Samuelsson-এর স্থলাভিষিক্ত হবেন এবং ২০২৭ সালের ১ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

গত পাঁচ বছরের মধ্যে Zellmer হতে যাচ্ছেন Volvo Cars-এর চতুর্থ প্রধান নির্বাহী। এর আগে ব্র্যান্ডটির পরিচিত SPA প্ল্যাটফর্ম তৈরির নেতৃত্ব দেওয়া Samuelsson ২০২২ সালে বিদায় নিয়েছিলেন। পরবর্তীতে তাঁর উত্তরসূরি Jim Rowan-এর আমলে একটি নতুন প্রযুক্তি প্ল্যাটফর্মের ব্যয় অতিরিক্ত বেড়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে দুই বছরের চুক্তিতে ২০২৫ সালে অবসর ভেঙে আবারও দায়িত্বে ফিরেছিলেন Samuelsson।

Klaus Zellmer

অটোমোবাইল শিল্পে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে Klaus Zellmer-এর, যার মধ্যে দুই দশক কেটেছে Volkswagen Group-এ। ২০২২ সাল থেকে Skoda-র সিইও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি চেক ব্র্যান্ডটিকে ইউরোপের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতায় রূপান্তর করতে বড় ভূমিকা রাখেন এবং ২০২৬ সালের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফার হার (operating margin) ৮.৫ শতাংশে নিয়ে যান। 

একইসাথে তাঁর সময়ে Skoda-র বৈদ্যুতিক গাড়ি খাতে ব্যাপক অগ্রগতি হয়। Dataforce-এর তথ্যানুযায়ী, গত বছর Skoda Elroq ছিল ইউরোপে Tesla Model Y-এর পর দ্বিতীয় শীর্ষ বিক্রিত ইলেকট্রিক গাড়ি। তার সাথে পঞ্চম স্থানে ছিল Skoda-র Enyaq crossover। এর আগে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত Porsche-র উত্তর আমেরিকা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি রেকর্ড পরিমাণ বৃদ্ধি করেছিলেন।

Volvo Cars-এর চেয়ারম্যান Eric Li জানান, "Klaus Zellmer-এর মোটরগাড়ি সংক্রান্ত দক্ষতা, আন্তর্জাতিক নেতৃত্ব এবং বাজার পরিবর্তনের মধ্যে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জোরালো ট্র্যাক রেকর্ড রয়েছে। প্রিমিয়াম এবং গণ-উৎপাদনমুখী উভয় ধরনের ব্র্যান্ডের অভিজ্ঞতা থাকায় তিনি Volvo Cars-এর জন্য একদম উপযুক্ত। বোর্ড আত্মবিশ্বাসী যে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।"

দায়িত্ব নেওয়ার পর Zellmer-কে বেশ কিছু উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। চেক প্রজাতন্ত্রের তুলনায় সুইডেনে উৎপাদন খরচ বেশি হওয়া সত্ত্বেও গত বছরের ৩.৫ শতাংশ পরিচালন মুনাফাকে ২০৩০ সালের মধ্যে প্রায় ৮.৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে Volvo-র।

এই লক্ষ্য অর্জনে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পণ্য সমাহার বাড়ানোর কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ২০৩০ সালের মধ্যে অন্তত ১৩টি নতুন মডেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্যে ছয়টি মডেল ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য এবং সাতটি মডেল চীনের বাজারের উপযোগী করে তৈরি করা হবে, যা প্রতিটি বড় বাজারের চাহিদা অনুযায়ী স্থানীয় উৎপাদনের কৌশলকে নির্দেশ করে।

Previous
Previous

রেঞ্জ-এক্সটেন্ডেড গাড়ি আনছে Toyota

Next
Next

E-Power হাইব্রিড রুপে আসছে Nissan X-Trail