৬৮ কোটি টাকায় বিক্রি হলো Bugatti Veyron
ছবিঃ RM Sotheby’s
আগের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে ইতিহাসের সবচেয়ে দামি Veyron হিসেবে নিলামে বিক্রি হয়েছে ২০১৪ সালের একটি Bugatti Veyron 16.4 Grand Sport Vitesse "Jean-Pierre Wimille" এডিশন।
গত ২৬ সেপ্টেম্বর Zurich-এ আয়োজিত RM Sotheby’s-এর নিলামে মাত্র তিন মিনিটেরও কম সময়ে গাড়িটির চূড়ান্ত মূল্য ওঠে ৪৫ লাখ ৫ হাজার সুইস ফ্রাঁ বা প্রায় ৪৯ লাখ ১০ হাজার ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৫৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ কোটি টাকা)।
এই চূড়ান্ত দাম নিলামকারী প্রতিষ্ঠানের পূর্বানুমানকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে। RM Sotheby’s গাড়িটির প্রাক-বিক্রয় মূল্য নির্ধারণ করেছিল ২৪ লাখ থেকে ২৮ লাখ ফ্রাঁ (প্রায় ২৬ লাখ ১৬ হাজার থেকে ৩০ লাখ ৫২ হাজার ডলার); কিন্তু শেষ পর্যন্ত সর্বোচ্চ ধারণার চেয়েও ৬১ শতাংশ বেশি দামে বিক্রি হয় এটি।
RM Sotheby’s-এর তথ্যমতে, এটি যেকোনো Veyron মডেলের জন্য নিলামে ওঠা এযাবৎকালের সর্বোচ্চ দাম। এর আগে ২০২৪ সালে বিক্রি হওয়া একক Veyron Grand Sport Sang Bleu-এর গড়া রেকর্ডকে প্রায় ২৩ লাখ ৫০ হাজার ডলারের বিশাল ব্যবধানে পেছনে ফেলেছে এই মডেলটি।
দানবীয় W16 ইঞ্জিন, চারটি টার্বোচার্জার আর আকাশছোঁয়া মূল্যের কারণে ফরাসি ব্র্যান্ড Bugatti-র বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। তবে এই নির্দিষ্ট গাড়িটির এই অস্বাভাবিক দাম পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল এর স্বল্প ব্যবহারের রেকর্ড—দশ বছরেরও বেশি আগে Molsheim কারখানা থেকে বের হওয়ার পর ওডোমিটার অনুযায়ী এটি মাত্র ৩,৭৬৬ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে!
আরো বড় ভূমিকা রেখেছে গাড়িটির চরম দুষ্প্রাপ্যতাও। বিশ্বজুড়ে Jean-Pierre Wimille সংস্করণের মাত্র তিনটি গাড়ি বানিয়েছিল Bugatti। ১৯৩৭ সালে ব্র্যান্ডটির প্রথম 24 Hours of Le Mans জয়ী ঐতিহাসিক ড্রাইভারের প্রতি সম্মান জানিয়েই এই সীমিত সংস্করণটির নামকরণ করা হয়।
যান্ত্রিকভাবে, চার চাকার এই চলমান শিল্পকলাকে শক্তি জোগায় একটি কোয়াড-টার্বোচার্জড 8.0-liter W16 ইঞ্জিন, যা ১,১৮৩ হর্সপাওয়ার উৎপন্ন করে। মাত্র ২.৬ সেকেন্ডে ০ থেকে ৬২ মাইল প্রতি ঘণ্টার গতি তুলতে পারা এই রোস্টারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫৪ মাইল। যদিও নিশ্চিত করে বলা যায়, এই দমবন্ধ করা গতির উন্মাদনা খোলা রাস্তায় বদলে আগামী আরও ১০ বছর শীতাতপ নিয়ন্ত্রিত গ্যারেজের সযত্নে বন্দি থাকবে।
হলিউড কিংবদন্তি Steve McQueen এবং ক্ল্যাসিক ভিন্টেজ Ferrari—সংগ্রাহকদের বাড়াবাড়ি রকম অর্থ খসানোর জন্য এই দুটি নামই যথেষ্ট। এবার এই দুই কিংবদন্তি একসঙ্গে উঠতে যাচ্ছে নিলামের হাতুড়ির নিচে।