নকল ম্যানুয়াল বানাচ্ছে Porsche
ছবিঃ Porsche
Ferrari-র সাম্প্রতিক 12Cilindri Manuale-এর দেখাদেখি কৃত্রিম ম্যানুয়াল গিয়ারের নকশা গড়ছে জার্মান স্পোর্টস কার নির্মাতা Porsche।
মূলত ডুয়াল-ক্লাচ অটোমেটিক ট্রান্সমিশনের (DCT) ওপর ভিত্তি করে একটি সিমুলেটেড ম্যানুয়াল গিয়ারবক্সের পেটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এর আগে অটোমেটিক ও ম্যানুয়াল নিয়ন্ত্রণের মধ্যে পরিবর্তনের উপযোগী শিফ্ট-বাই-ওয়্যার গিয়ার সিলেক্টরের একটি পেটেন্ট নিয়েছিল তারা, যার সূত্র ধরেই নতুন এই ব্যবস্থা তৈরি করা হয়েছে।
ইউরোপিয়ান পেটেন্ট অফিসে (নথি নম্বর: DE102025109563A1) জমা দেওয়া এই পেটেন্টের তথ্য প্রথম প্রকাশ করে সংবাদমাধ্যম CarBuzz। নথির বিবরণ অনুযায়ী, এই সিস্টেমে ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশনের সাথে একটি অতিরিক্ত তৃতীয় প্যাডেল যুক্ত করা হয়েছে এবং এটি তিনটি ভিন্ন মোডে কাজ করতে সক্ষম।
প্রথমটি সাধারণ 'অটোমেটিক' মোড—যেখানে কোনো ম্যানুয়াল পরিবর্তন ছাড়াই গাড়ি স্বয়ংক্রিয়ভাবে চলবে। দ্বিতীয়টি 'সিকোয়েনশিয়াল শিফ্টিং' মোড—যেখানে চালক প্যাডেল বা লিভারের মাধ্যমে ক্রমানুসারে গিয়ার পরিবর্তন করতে পারবেন। আর তৃতীয়টি হলো 'ফুল ম্যানুয়াল মোড'—যা চালু করলে তৃতীয় প্যাডেলটি ক্লাচ হিসেবে কাজ করবে এবং গিয়ার লিভারটি আসল ম্যানুয়াল গাড়ির গেটেড প্যাটার্নে রূপ নিয়ে খাঁটি থ্রি-প্যাডেল ড্রাইভিংয়ের অভিজ্ঞতা দেবে।
Porsche জানিয়েছে, এই সিমুলেটেড প্রযুক্তিটি প্রচলিত ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের পাশাপাশি হাইব্রিড পাওয়ারট্রেনযুক্ত গাড়িতেও সমানভাবে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।
অটোমোবাইল শিল্পে কৃত্রিম বা সিন্থেটিক গিয়ারের ব্যবহার এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এর আগে Koenigsegg তাদের 'Engage Shift System'-এ ৯-স্পিড অটোমেটিকের সাথে ৬-স্পিড ম্যানুয়ালের অনুভূতি যুক্ত করেছিলেন।
এছাড়া Ferrari তাদের 12Cilindri Manuale সিস্টেমে ছয়টি ভার্চুয়াল গিয়ার যুক্ত করেছে, ড্রাইভিং অভিজ্ঞতা কে আরো আকর্ষণীয় করতে এতে যুক্ত করা হয়েছে গাড়ির ঝাঁকুনি ও ইঞ্জিন স্টল হওয়ার নকল অনুভূতি। অন্যদিকে Hyundai-ও তাদের বেশ কিছু বৈদ্যুতিক গাড়িতে ব্যবহার করছে এই নকল গিয়ার।
পুরোনো নস্টালজিয়ায় আক্রান্ত কট্টরপন্থীদের শত অনুনয়-বিনয় সত্ত্বেও তিন-প্যাডেল ড্রাইভিংয়ে ফেরার কোনো ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে Lamborghini।