নামের নকশা বদলেছে Mclaren

ছবিঃ Mclaren

Jaguar-এর পর দ্বিতীয় ব্রিটিশ অটোমেকার হিসেবে নিজেদের নামের অবয়বে বড় পরিবর্তন এনেছে McLaren।

প্রতিষ্ঠানটি তাদের আইকনিক ‘Speedmark’ প্রতীকের একটি আধুনিক সংস্করণের পাশাপাশি সম্পূর্ণ নতুন টাইপোগ্রাফিক ওয়ার্ডমার্ক উন্মোচন করেছে। নতুন মালিকানা ও নতুন কৌশলগত নির্দেশনার অধীনে এই পরিবর্তনটি আনা হয়েছে।

প্রতিষ্ঠানটি দাবি করছে নতুন এই ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কোম্পানির মোটরস্পোর্টস ঐতিহ্য এবং প্রতিষ্ঠাতা Bruce McLaren-এর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। নিউজিল্যান্ডের Remuera-র একটি সার্ভিস স্টেশনের সাইনবোর্ডে হাতে লেখা আদি অক্ষরের আদলে তৈরি করা হয়েছে নতুন টাইপোগ্রাফিক ওয়ার্ডমার্কটি, উল্লেখ্য এখানেই প্রথমবারের মত লিখিত আকারে প্রদর্শিত হয়েছিলো McLaren পরিবারের নামটি।

McLaren এর নামের শেকড় মূলত ১৯৬৩ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত রেসিং দলের সাথে যুক্ত, যার প্রথম লোগোতে নিউজিল্যান্ডের প্রতীক হিসেবে একটি ‘কিউই’ পাখির ক্রেস্ট ছিল। এরপর একেক সময় একেক রূপ নেয় এই লোগোটি। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় ১৯৯৭ সাল থেকে নিয়মিত ব্যবহৃত সিগনেচার ‘Speedmark’ প্রতীকটিকে নতুন নকশার কেন্দ্রবিন্দু হিসেবে বহাল রাখা হয়েছে, যা প্রকৃতপক্ষে রেস কারের পেছনের উইং থেকে তৈরি অ্যারোডাইনামিক ঘূর্ণির অনুপ্রেরণায় তৈরি।

সনাতন মিড-ইঞ্জিন স্পোর্টস কারের গন্ডি পেরিয়ে এসে নিজেদের পরিধি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই রিব্র্যান্ডিং। অতীতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ SUV তৈরির বিরোধিতা করলেও এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, চলতি দশক শেষ হওয়ার আগেই বাজারে একটি SUV আনা হবে। পাশাপাশি পেছনের যাত্রীদের বসার সুবিধাযুক্ত একটি ফ্রন্ট-ইঞ্জিন মডেল আনারও ভাবনাও রয়েছে। নতুন এই ব্র্যান্ড পরিচয়ের অধীনে প্রথম গাড়ি হিসেবে বাজারে আসবে ম্যানুয়াল গিয়ারবক্স সমৃদ্ধ 'McL 6GT'।

এই প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে McLaren Automotive এবং McLaren Racing—উভয় বিভাগকে একটি অভিন্ন ভিজ্যুয়াল পরিচয়ের আওতায় আনা হয়েছে। এটি সাধারণ যাত্রীবাহী গাড়ি, রেসিং অপারেশন, বিক্রয় কেন্দ্র, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বাণিজ্যিক ক্ষেত্রে একযোগে ব্যবহৃত হবে।

এর মাধ্যমে BMW, Volkswagen, Honda, Jaguar এবং Lamborghini-র মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোর তালিকায় নাম লেখাল McLaren, যারা ঐতিহ্যের পাশাপাশি আধুনিক রূপরেখার সমন্বয়ে নিজেদের পুরোনো ব্যাজকে নতুন আঙ্গিকে সাজিয়েছে।

Previous
Previous

নকল ম্যানুয়াল বানাচ্ছে Porsche

Next
Next

রেঞ্জ-এক্সটেন্ডেড গাড়ি আনছে Toyota