কানাডা যাচ্ছে চীনের Geely

ছবিঃ Geely

বছরের শুরুতে চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর আরোপিত ১০০ শতাংশ আমদানি শুল্ক তুলে নিয়েছে কানাডা। এবার দেশটির বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে Geely।

চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Geely Group উত্তর আমেরিকার বাজারে নিজেদের নামে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির গাড়ি নিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে স্থানীয় বিক্রয়কেন্দ্র ও সার্ভিস নেটওয়ার্ক গড়ে তোলার কাজ শুরু এবং ২০২৭ সাল থেকে ক্রেতাদের কাছে গাড়ি বিক্রি শুরু করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি Geely.ca ঠিকানায় কানাডার জন্য একটি আনুষ্ঠানিক ওয়েবসাইটও চালু করেছে তারা।

এই উদ্যোগের পেছনে রয়েছে কানাডার শুল্কনীতির পরিবর্তন। চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে প্রথম ৪৯ হাজার গাড়ির ক্ষেত্রে ৬.১ শতাংশ করেছে দেশটি। BYD-ও কানাডায় প্রবেশের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করেছে। ফলে এই অঞ্চলের প্রতিষ্ঠিত গাড়ি নির্মাতাদের সামনে নতুন প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র তৈরি হচ্ছে।

তবে Geely Group-ই একমাত্র চীনা প্রতিষ্ঠান নয়, যারা কানাডাজুড়ে নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করছে। তাদের অধীনস্থ ব্র্যান্ড Zeekr এবং Lynk & Co বেশ কয়েক মাস ধরে কানাডায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে। এদিকে, প্রধানমন্ত্রী Carney চীনের সঙ্গে একটি চুক্তির ঘোষণা দেওয়ার পর Geely EX2 এবং EX5-এর সামান্য ছদ্মবেশী পরীক্ষামূলক সংস্করণ কানাডার রাস্তায় চলতে দেখা গেছে।

কানাডায় কোন কোন মডেল বিক্রি করা হবে, তা এখনও নিশ্চিত করেনি Geely। তবে তুলনামূলক সাশ্রয়ী দুটি বৈদ্যুতিক গাড়ি সম্ভাব্য প্রার্থী হিসেবে তালিকায় এগিয়ে রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো EX2। যা একটি চার দরজার সাবকমপ্যাক্ট EV এবং চীনের সর্বাধিক বিক্রিত গাড়ি। চীনের বাইরের আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় ২০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় আনুমানিক ২৫ লাখ টাকা)। অন্যদিকে, আকারে বড় EX5 একটি কমপ্যাক্ট বৈদ্যুতিক গাড়ি, যার দাম একই বাজারগুলোতে আনুমানিক ৩৫ হাজার ডলার (বাংলাদেশি টাকায় আনুমানিক ৪৩ লাখ ৭৫ হাজার টাকা) । স্থানীয় বাজারে দাম ও স্পেসিফিকেশন এখনও নিশ্চিত না হলেও, এই দুটি মডেল Canada-র বৈদ্যুতিক গাড়ি আরও সাশ্রয়ী করার লক্ষ্যে ভূমিকা রাখতে পারে।

Geely এমন একটি বাজারে প্রবেশ করছে, যেখানে আরও কয়েকটি চীনা নির্মাতা নিজেদের অবস্থান তৈরির তৎপরতা চালাচ্ছে। Chery চলতি বছর কানাডায় Jaecoo এবং Omoda ব্র্যান্ড চালু করতে চায়। অন্যদিকে, Dongfeng কানাডায় বিক্রির জন্য দুটি মডেলের অনুমোদন প্রক্রিয়া চালাচ্ছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরই দেশটির বাজারে প্রবেশ করতে পারে কোম্পানিটি।

পশ্চিমা বাজারে চীনা গাড়ি নির্মাতারা প্রবেশ করলে কী ঘটে, তা আমরা আগেও দেখেছি। স্থানীয় নির্মাতারা অন্যায্য প্রতিযোগিতার অভিযোগ তোলেন, আর ক্রেতারা আবিষ্কার করেন—চেনা ব্র্যান্ডগুলোর বাইরে এখন আরও অনেক বিকল্প রয়েছে। গত মাসে যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রিত গাড়ি ছিল Jaecoo 7। আর গত বছর ইউরোপের সর্বাধিক বিক্রিত ক্রসওভার ছিল BYD Sealion 6।

এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বেশ অস্বস্তিকর। Ford ইতোমধ্যেই চীনা গাড়িকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। এই নীতিগত পরিবর্তনের ফলে আমেরিকার একেবারে দোরগোড়ায় বা পাশের বাজারে সরাসরি প্রবেশের একটি কৌশলগত পথ উন্মুক্ত হলো চীনা নির্মাতাদের সামনে।

স্বাভাবিকভাবেই, বাজারে দীর্ঘদিন ধরে রাজত্ব করা প্রতিষ্ঠিত গাড়ি নির্মাতাদের জন্য বর্তমান সময়টা মোটেও স্বস্তিদায়ক নয়। চীনা ব্র্যান্ডগুলো বিগত বছরগুলোতে তাদের অভ্যন্তরীণ বাজারে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা ও উচ্চ প্রত্যাশা পূরণ করে নিজেদের পণ্যের মানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এবার তারা নিজেদের দেশের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক বাজারে ব্যবসা সম্প্রসারণে জোর দিচ্ছে। প্রতিযোগিতামূলক সাশ্রয়ী দাম, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সন্তোষজনক মালিকানা অভিজ্ঞতা নিশ্চিত করার যে সক্ষমতা তারা অর্জন করেছে, তাতে পশ্চিমা বাজারে তাদের এই প্রবেশ ঠেকানো যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ততটাই কঠিন হবে।

সম্ভবত এ কারণেই মার্কিন বাজারে চীনা গাড়ির প্রবেশাধিকার সীমিত করার প্রচেষ্টা এতটা জোরালো। কারণ, ক্রেতাদের হাতে যখন বিকল্প কম থাকে, তখন বাজার নিয়ন্ত্রন বা প্রতিযোগিতা পরিস্থিতি হয় এক রকম। কিন্তু সেই বিকল্পগুলোর ক্রমবর্ধমান অংশ যখন চীন থেকে আসতে শুরু করে, তখন প্রতিযোগিতার সমীকরণ অনেকাংশেই পাল্টে ‍যায়।

Previous
Previous

এবার আসল পিকআপ আনছে Honda

Next
Next

Honda NSX-এর পুনজন্ম হল Tensei রূপে