২৫০ কোটি টাকায় বিক্রি হতে পারে এই Ferrari F50

ছবিঃ Broad Arrow Auctions

যুক্তরাষ্ট্রে ১৯৯৭ সালের একটি Ferrari F50 নিলামে উঠতে যাচ্ছে, নিলামের আগে যার সম্ভাব্য দাম ধরা হয়েছে ২ কোটি ডলারের বেশি, অর্থাৎ প্রায় ২৫০ কোটি টাকারও বেশি।

কারণ? গাড়িটার ব্যবহারের ইতিহাস, বা আরও স্পষ্ট করে বললে ব্যবহারের অভাবের ইতিহাস। ওডোমিটার অনুযায়ী মাত্র গাড়িটি মাত্র ১০৬ মাইল বা প্রায় ১৭১ কিলোমিটার চলেছে। আর Ferrari-র জগতে, তিন সংখ্যার অটোমিটারের চেয়ে মূল্যবান খুব কম জিনিসই আছে।

Broad Arrow Auctions আগামী ৩১ অক্টোবর Concours at Wynn Las Vegas-এ তাদের দ্বিতীয় বার্ষিক নিলামে গাড়িটি তুলবে। Las Vegas-এ যৌথভাবে অনুষ্ঠিত এই নিলামের সবচেয়ে আকর্ষণীয় গাড়ি হবে এই সুপারকারটি।

গাড়িটির চ্যাসিস নম্বর 107165। তৈরি হওয়া ৩৪৯টি Ferrari F50-এর মধ্যে এটি ৩৩৪তম। অর্থাৎ, মডেলটির উৎপাদনের শেষ বছরে তৈরি হওয়া গাড়িগুলোর একটি।

Formula 1 প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে Ferrari ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত F50 গাড়িটি তৈরি করেছিল। ট্র‍্যাক অভিজ্ঞতা থেকে তৈরি করা হলেও প্রতিটি গাড়ি ছিল সড়কে চালানোর জন্য বৈধ। এর 513 হর্সপাওয়ার উৎপাদন করা 4.7-লিটারের V12 ইঞ্জিনটি কোনো সাধারণ ইঞ্জিন নয়; বরং তৈরি করা হয়েছিল ১৯৯০ সালের Ferrari Formula 1 ইঞ্জিনের ভিত্তিতে।

কারখানা থেকে বের হওয়ার সময় গাড়িটি রাঙ্গানো হয়েছিল প্রতিষ্ঠানটির আইকনিক Rosso Corsa লাল রঙে। ভেতরে ছিল কালো চামড়ার আসন, সঙ্গে লাল রঙের ইনসার্ট। যুক্তরাজ্যের Surrey-র Egham-এ অবস্থিত Maranello Sales Ltd-এর মাধ্যমে গাড়িটি প্রথম যুক্তরাজ‍্যে সরবরাহ করা হয়েছিল। ৩৪৯টি গাড়ির ভেতর যুক্তরাজ্যের ক্রেতাদের হাতে পৌঁছেছিল মাত্র ২৫টি F50।

Broad Arrow Auctions-এর জ্যেষ্ঠ গাড়ি বিশেষজ্ঞ ও ভাইস প্রেসিডেন্ট Alexander Weaver গাড়িটিকে বর্ণনা করেছেন, “নিশ্চিতভাবেই এটি যুগান্তকারী সুপারকারগুলোর মধ্যে সবচেয়ে স্বল্পচালিত উদাহরণ।”

F50-এর চালানোর অভিজ্ঞতার প্রশংসা করে Weaver আরও বলেন, এটি “Formula 1 থেকে উদ্ভূত প্রযুক্তির শক্তিতে চালিত, যান্ত্রিক অনুভূতিতে ভরপুর এবং কোনো ফিল্টার ছাড়াই গাড়ি চালানোর চূড়ান্ত অভিজ্ঞতা দেয়।”

Broad Arrow-এর নিলাম ক্যাটালগ অনুযায়ী, যুক্তরাজ্যে গাড়িটির প্রথম মালিক গাড়িটি নিবন্ধন না করেই সংরক্ষণ করে রেখেছিলেন। পরে এটি ইউরোপের একটি সংগ্রহে পাঠানো হয়। সেখানে গাড়িটি সীমিত পরিসরে প্রদর্শন করা হয়েছে এবং বেশিরভাগ সময় গ্যারেজের ভেতর কাটিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে গাড়িটিতে কিছু রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেল্ট ও বিভিন্ন তরল পদার্থ পরিবর্তন। কয়েক দশক গাড়ি গ্যারেজে রেখে দিলেই রাবারের যন্ত্রাংশ বা ইঞ্জিনের তরল পদার্থগুলোর মৌলিক সমন্বয় ভেঙে যায় তাই চালানোর আগে এগুলো বদল করাটা জরুরি।

গাড়িটির অতি কম মাইলেজ এবং উৎপাদনের শেষ দিকের চ্যাসিস নম্বর একে অন্য F50-এর তুলনায় ব্যতিক্রমী করে তুলেছে। গত ৩০ বছরে টিকে থাকা বেশির ভাগ F50 এর চেয়ে অনেক বেশি পথ পাড়ি দিয়েছে।

Broad Arrow আশা করছে, আধুনিক ও সমসাময়িক এক্সোটিক গাড়িতে ভরা এই নিলামে F50-টি সংগ্রাহকদের কাছে বিশেষ আগ্রহ তৈরি করবে। Weaver বলেছেন, নিলাম প্রতিষ্ঠানটি নিয়ে আসছে “ঠিক সেই গাড়িগুলো, যা সংগ্রাহকেরা খুঁজছেন।” তিনি অনুষ্ঠানটিকে বর্ণনা করেছেন “এখন পর্যন্ত আমাদের সবচেয়ে রোমাঞ্চকর নিলামগুলোর একটি”।

সংগ্রাহকদের মধ্যে আধুনিক পারফরম্যান্স গাড়ির চাহিদা বাড়ছে বলেও জানিয়েছে নিলাম প্রতিষ্ঠানটি। ২০১৯ সাল থেকে নিলামে বিক্রি হওয়া গাড়ির ৩৮ শতাংশ ছিল আধুনিক সুপারকার। একই সময়ে হাইপারকারের অংশ পৌঁছেছে ৩২ শতাংশে। Hagerty-র Ferrari Supercars Index-এও F50-এর সময়কালের গাড়িগুলোর মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তুলনার জন্য সাম্প্রতিক একটি উদাহরণ রয়েছে। ১৯৯৫ সালের আরেকটি Ferrari F50 ২০২৬ সালের জানুয়ারিতে Kissimmee-তে Mecum Auctions-এ ১ কোটি ২১ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫১ কোটি ২৫ লাখ টাকা। Broad Arrow আশা করছে, চ্যাসিস নম্বর 107165 এর চেয়ে অনেক বেশি দাম পাবে।

এই F50 শেষ পর্যন্ত ২ কোটি ডলারের বেশি দামে বিক্রি হবে কি না, তা নির্ভর করবে ক্রেতারা এর প্রায় অব্যবহৃত অবস্থা, উৎপাদনের ইতিহাস এবং Ferrari-র ঐতিহ্যগত অবস্থানকে কতটা মূল্য দেন তার ওপর। এত দামে গাড়িটি কিনে গাড়ির নতুন মালিক গাড়িটি চালাবেন কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ। মাত্র ১০৬ মাইল চলার বিষয়টিকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাতে গাড়িটির ভবিষ্যৎ সম্ভবত আবারও তাপমাত্রা নিয়ন্ত্রিত গ্যারেজে দীর্ঘদিন কাটানো।

Ferrari F50 তৈরি করেছিল সড়কে Formula 1 প্রযুক্তির অভিজ্ঞতা পৌঁছে দিতে। ভাগ্যের পরিহাস, তিন দশক পর এসে গাড়িগুলোর মূল্য এখন নির্ভর করছে কতটা পথ পাড়ি দিয়েছে তা নয়, বরং কতটা পথ চলেনি তার উপর।

Next
Next

V8, V12 ফিরিয়ে আনছে Mercedes