V8, V12 ফিরিয়ে আনছে Mercedes
ছবিঃ Mercedes
V8-এর গর্জন বাদ দিয়ে শুধু বৈদ্যুতিক মোটর দিয়ে গতি তৈরি করেই গাড়িপ্রেমীকে খুশি করা যায় না, তা উপলব্ধি করেছে Mercedes-Benz।
C63 AMG থেকে V8 ইঞ্জিন সরিয়ে উচ্চ হর্সপাওয়ারের চার সিলিন্ডারের হাইব্রিড ইঞ্জিন বসিয়ে গ্রাহকদের কাছে বিক্রি করার চেষ্টা করেছিল প্রতিষ্ঠানটি। দাবি ছিল, তাদের গ্রাহকরা ইঞ্জিনের গর্জন নয়, প্রযুক্তি পছন্দ করে। কিন্তু বিক্রির অভাবে মুখ থুবড়ে পড়েছে সে পরিকল্পনাটি। জার্মান এই গাড়ি নির্মাতা বুঝতে পেরেছে, অনেক ক্রেতার কাছে ইঞ্জিনের সিলিন্ডারসংখ্যা, শব্দ আর চরিত্রও পারফরম্যান্সের মতোই গুরুত্বপূর্ণ।
Road & Track-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সাংবাদিকদের গোলটেবিল বৈঠকে Mercedes-Benz-এর CEO Ola Källenius স্বীকার করেছেন:
“তখন যে বিষয়টি আমরা হয়তো বুঝতে পারিনি, তা হলো পুরোনো ধাঁচের V8-প্রেমীদের দলটা বেশ বড়। তাই পুরো দলটাকে নিজেদের সঙ্গে নিতে পারিনি।”
সাধারণত কোনো গাড়ি নির্মাতা এর চেয়ে বেশি স্পষ্টভাবে নিজেদের ভুল স্বীকার করে না।
বিদায়ী Mercedes-AMG C63 S E Performance-এ ব্যবহার করা হয়েছিল টার্বোচার্জড 2.0-লিটারের চার সিলিন্ডার ইঞ্জিন এবং একটি বৈদ্যুতিক মোটর। দুটো মিলিয়ে উৎপাদন করতো 671 হর্সপাওয়ার। কাগজে-কলমে স্পোর্টস সেডানটির পারফরম্যান্স দুর্দান্ত। কিন্তু পুরোনো V8 ইঞ্জিনের অভাব অনুভব করা গাড়িপ্রেমীদের অসন্তুষ্টি এই সংখ্যাগুলো দূর করতে পারেনি।
Mercedes সেই শিক্ষা হজম করেছে। AMG-এর CEO Stefan Weckbach নিশ্চিত করেছেন, V8-চালিত Mercedes-AMG CLE63 আগামী বছর বাজারে আসবে।
Weckbach বলেন, “আমরা আমাদের ক্রেতাদের প্রতিক্রিয়া থেকে শিখি। তাই আমরা আবার সেই জিনিসেই ফিরছি, যা আমাদের ক্রেতারা ভালোবাসেন: V8 AMG।”
তবে একটি শর্ত আছে। Mercedes নিশ্চিত করেছে, C63 পারফরম্যান্স সেডান ও ওয়াগনে V8 ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা তাদের নেই। এর পেছনে সম্ভবত আর্থিক কারণ রয়েছে। বর্তমান প্রজন্মের C-Class-এর জীবনচক্রের শেষ পর্যায়ে। এখন একটি V8-চালিত সংস্করণ তৈরি করা ব্যবসায়িকভাবে খুব একটা লাভজনক হবে না।
তবে আরও কৌতূহলোদ্দীপক খবর হল, শুধু আট সিলিন্ডারেই থেমে থাকছে না জার্মান এই প্রতিষ্ঠানটি।
Källenius-কে যখন জিজ্ঞাসা করা হয়, এখনো যারা বারো সিলিন্ডারের ইঞ্জিন চান, তাদের জন্য Mercedes-এর কোনো পরিকল্পনা আছে কি না, তাঁর উত্তর ছিল সংক্ষিপ্ত।
“নজর রাখুন।”
এটি নতুন V12-চালিত মডেল আসার নিশ্চয়তা নয়। তবে ইঙ্গিতটি স্পষ্ট, Mercedes তাদের সবচেয়ে দুর্লভ ইঞ্জিনের ভবিষ্যৎ নিয়ে ভাবছে।
Mercedes এখনো Mercedes-Maybach S-Class এবং সুরক্ষিত S-Class Guard-এ টুইন-টার্বোচার্জড 6.0-লিটারের V12 ইঞ্জিন ব্যবহার করে আসছে। নির্গমনসংক্রান্ত বিধিনিষেধ তুলনামূলক কম কঠোর, এমন কিছু অঞ্চলে V12 ইঞ্জিন পাওয়া যাবে বলেও Mercedes নিশ্চিত করেছে।
সাধারণ Mercedes মডেলে V12 ফিরে আসার সম্ভাবনা কম। এর ভবিষ্যৎ অতি-বিলাসবহুল গাড়িতে, যেখানে জ্বালানি খরচ কিংবা এফিশিয়েন্সি মুখ্য নয়, বরং মসৃণতা, স্বাতন্ত্র ও আভিজাত্য বেশি গুরুত্বপূর্ণ।
একটি সম্ভাব্য মডেল হতে পারে Mercedes-Benz G-Class। বিলাসবহুল এই অফ-রোডার ধনী ক্রেতাদের কাছে মর্যাদার প্রতীকে পরিণত হয়েছে। অতীতে AMG G65 নামে V12-চালিত সংস্করণও বাজারে এনেছিল Mercedes।
বর্তমানে Brabus-এর মতো টিউনাররা V12-চালিত G-Class বিক্রি করে। অর্থাৎ, এ ধরনের অবাস্তব গাড়ির জন্য এখনো অনেক ক্রেতা প্রচুর টাকা ঢালতে রাজি আছে। যদিও পাহাড়ে চড়ার জন্য তৈরি এই গাড়িগুলো দিনের বেশির ভাগ সময় দামি রেস্তোরাঁর সামনেই কাটিয়ে দেয়।
Mercedes একটি নতুন প্রজন্মের G-Class তৈরি করছে, তবে এতে V12 ইঞ্জিন থাকবে কি না, তা এখনো নিশ্চিত নয়। মডেলটিতে শুধু V8-ই টিকে থাকতে পারে। অন্যদিকে, V12 হয়তো Maybach এবং সুরক্ষিত গাড়ির বাজারেই সীমাবদ্ধ থাকবে।
আপাতত V12-চালিত G-Class-এর বিষয়টি নিছক জল্পনা। Källenius কোনো নির্দিষ্ট মডেলের নাম বলেননি, এমনকি সম্ভাব্য সময়সীমাও জানাননি।
তবে বড় ছবিটা পরিষ্কার। Mercedes বুঝতে পারছে, ক্রেতারা সব সময় তাঁদের প্রিয় ইঞ্জিনের বদলে আরও জটিল প্রযুক্তি চান না। হাইব্রিড সিস্টেম ও বৈদ্যুতিক মোটরের নিজস্ব জায়গা রয়েছে। কিন্তু এগুলো বড় জ্বালানি ইঞ্জিনের স্বতন্ত্র চরিত্রের বিকল্প হয়ে উঠতে পারে না। C63-এর ব্যর্থতা থেকে Mercedes এই কঠিন শিক্ষাই পেয়েছে।
এখন কোম্পানিটি বেছে বেছে কিছু মডেলে V8 ফিরিয়ে আনছে এবং ইঙ্গিত দিচ্ছে, বর্তমান কয়েকটি মডেলের বাইরেও V12-এর ভবিষ্যৎ থাকতে পারে।
হয়তো পরের চমক হবে বারো সিলিন্ডারের G-Class। গাড়িটি হবে অতিরিক্ত শক্তিশালী, ব্যয়বহুল এবং পুরোপুরি অপ্রয়োজনীয়।
কিন্তু ব্যাপারটি হচ্ছে, Mercedes-AMG-এর গাড়ির জন্য এর চেয়ে উপযুক্ত সংজ্ঞা আর কিইবা হতে পারে?
V8-এর গর্জন বাদ দিয়ে শুধু বৈদ্যুতিক মোটর দিয়ে গতি তৈরি করেই গাড়িপ্রেমীকে খুশি করা যায় না, তা উপলব্ধি করেছে Mercedes-Benz।