এবার Ford-কে টেক্কা দিতে চায় Xpeng

ছবিঃ Xpeng

ইউরোপের বাজারে BYD-এর কাছে নিজের অবস্থান প্রায় হারাতে চলেছে Ford। এবার চীনা গাড়ি নির্মাতা Xpeng-এর নজরে পড়েছে এই মার্কিন জায়ান্ট। 

Bloomberg-কে দেওয়া এক সাক্ষাৎকারে Xpeng-এর CEO He Xiaopeng জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে বছরে ১০ লাখ গাড়ি বিক্রির লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। এর অর্থ, তাদের পরিকল্পনা সফল হলে এই দশক শেষ হওয়ার আগেই পুরো ইউরোপে Ford-এর চেয়ে দ্বিগুন গাড়ি বিক্রি করবে Xpeng।

গত বছর বিশ্বজুড়ে ৪ লাখ ৩০ হাজারের সামান্য কম গাড়ি সরবরাহ করেছিল Xpeng। অর্থাৎ, লক্ষ্য  পূরণ করতে তাদের বৈশ্বিক বিক্রি দ্বিগুণেরও বেশি বাড়াতে হবে। এই সম্প্রসারণ পরিকল্পনায় ইউরোপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অঞ্চলটিতে বছরে ৫ লাখ গাড়ি সরবরাহের উদ্দেশ্যে রয়েছে তাদের। 

সুতরাং এই অভীষ্ট পূরণ করতে পারলে গত বছর ইউরোপে Ford-এর বিক্রিকে ছাড়িয়ে যাবে চিনা প্রতিষ্ঠানটি। গত বছর পুরো মহাদেশে প্রায় ৪ লাখ ২৬ হাজার গাড়ি সরবরাহ করেছিল Ford। অথচ এক দশক আগেও ইউরোপে প্রতিষ্ঠানটি বছরে প্রায় ১০ লাখ গাড়ি বিক্রি করত।

তবে Ford-কে শুধু Xpeng-ই ধেয়ে বেড়াচ্ছে, তা নয়। চিনা গাড়ি দানব BYD-ও মার্কিন ব্র্যান্ডটির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপে BYD-এর গাড়ির নিবন্ধন ১৪৪.১ শতাংশ বেড়ে রেকর্ড ২ লাখ ৩৪ হাজার ৯৯টিতে পৌঁছেছে। একই সময়ে Ford-এর নিবন্ধন ১৪.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৯৩৮টিতে।

অর্থাৎ, Ford-এর চেয়ে বিক্রিতে মাত্র ১০ হাজার ৮৩৯টি গাড়ি পিছিয়ে রয়েছে BYD। বর্তমান প্রবৃদ্ধির হার ধরে রাখতে পারলে বছর শেষ হওয়ার আগেই মার্কিন নির্মাতাটিকে ছাড়িয়ে যেতে পারে চীনা প্রতিষ্ঠানটি।

ইউরোপে Ford-এর দুর্দশা অবশ্য গতকালের ঘটনা নয়। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ২০২৩ সালের তুলনায় ৮৭ হাজার ১৭৪টি কম গাড়ি বিক্রি করেছিল। একই সময়ে বাজারে তাদের অংশীদারত্ব ৪ শতাংশ থেকে কমে ৩.৩ শতাংশে নেমে আসে। তবে বাজারে এক নজর দিলে Ford-এর এই পতনের কারণ খুব স্পষ্ট হয়ে যায়।

প্রতিষ্ঠানটি Mondeo, Fiesta ও Ka-এর মত জনপ্রিয় গাড়ির উৎপাদন বন্ধ করেছে। এ বছর বিদায় নিচ্ছে Focus-ও। ইউরোপের রাস্তায় একসময় পরিচিত এসব মডেল মিতব্যয়ী ও ব্যবহারিক ক্রেতাদের চাহিদা মেটাত। কিন্তু সেগুলোর অনুপস্থিতিতে একই পরিমাণ বিক্রি ধরে রাখতে পারে, এমন মডেলের লাইনআপ তৈরি করতে হিমশিম খাচ্ছে Ford।

ছবিঃ Ford Puma EV

ফলে ইউরোপের গাড়িবাজারে একসময় প্রভাবশালী অবস্থানে থাকা ব্র্যান্ডটি এখন নতুন প্রতিদ্বন্দ্বীদের কাছে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। চীনা নির্মাতারা নতুন মডেল, আগ্রাসী মূল্য এবং উচ্চাভিলাষী সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে। অন্যদিকে, Ford এখনও বিক্রি কমে যাওয়ার ধারা কীভাবে থামানো যায়, তার উপায় খুঁজছে।

Xpeng-এর সামনে অবশ্য একটি বড় বাধা রয়েছে। ইউরোপে তাদের নিজস্ব কোনো উৎপাদন কারখানা নেই। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ইলেকট্রিক গাড়ি-সংক্রান্ত স্থানীয় উৎপাদন   নীতি মেনে চলতে কয়েকটি মডেল Austria-তে সংযোজনের জন্য Magna-র সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

তবে এই ব্যবস্থায় তাদের উচ্চাভিলাষী লক্ষ্য পূরণ নাও হতে পারে। Reuters-কে Xpeng-এর Vice President Yeqing Zheng জানিয়েছেন, Magna-তে বর্তমানে যে পরিমাণ গাড়ি উৎপাদন হচ্ছে, তা কোম্পানির ইউরোপে বছরে ৫ লাখ গাড়ি বিক্রির লক্ষ্য পূরণের জন্য “যথেষ্টও নয়”।

এতে বোঝা যায়, লক্ষ্যে পৌঁছাতে ইউরোপে উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে Xpeng-কে। যে বাজারে এখনও নিজেদের ব্র্যান্ড পরিচিতি গড়ে তুলছে, সেখানে বছরে ৫ লাখ গাড়ি বিক্রি করাই কঠিন হবে। সেই চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত গাড়ি উৎপাদন করা আবার সম্পূর্ণ আলাদা চ্যালেঞ্জ।

এরপরও Ford-এর জন্য বিষয়টি গুরুতর। একসময় ইউরোপের বৃহত্তম গাড়ি নির্মাতাদের অন্যতম ছিল প্রতিষ্ঠানটি, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দাপিয়ে বেড়াছিল তাদের জনপ্রিয় মডেল। এখন বিক্রি কমছে, বাজারের অংশীদারত্ব সংকুচিত হচ্ছে, আর চীনা প্রতিদ্বন্দ্বীরা তাদের জায়গা দখলের প্রস্তুতি নিচ্ছে।

ইউরোপে Ford-এর পতন দেখিয়ে দিচ্ছে, নতুন প্রতিদ্বন্দ্বী এবং গ্রাহকের চাহিদা উপেক্ষা করলে পরিণাম কী হতে পারে। Xpeng তাদের উচ্চাভিলাষী পরিকল্পনার আংশিক সফলতা পেলেও Ford-এর সামনে BYD আরও অনেক বড় মাথাব্যথার কারণ হতে পারে।

Previous
Previous

চারটি ভাগ হবে নতুন Toyota Corolla

Next
Next

চীনা গাড়ির অপেক্ষায় কানাডা