১০ লাখ গাড়ি উৎপাদন করল BMW M

ছবিঃ BMW

BMW-র হাই-পারফরম্যান্স ডিভিশন ‘BMW M’ নিজেদের ১০ লাখতম গাড়ি উৎপাদনের বিরল এক মাইলফলক স্পর্শ করেছে।

অত্যন্ত জনপ্রিয় এই টিউনিং সাব-ব্র্যান্ডটি প্রথম E30-প্রজন্মের M3 উন্মোচনের ঠিক চার দশক পর এই অর্জনে পৌঁছাল।

উজ্জ্বল ‘BMW Individual Fire Orange III’ রঙে রঞ্জিত বিশেষ একটি BMW M3 গাড়ি Munich-এ অবস্থিত BMW-র প্রধান কারখানার অ্যাসেম্বলি লাইন থেকে বের হওয়ার মধ্য দিয়ে এই বিশেষ মুহূর্তটি উদযাপন করা হয়। অনুষ্ঠানটিতে মিউনিখ কারখানার প্রধান Peter Weber প্রতীকীভাবে গাড়িটির চাবি তুলে দেন BMW M-এর প্রধান নির্বাহী কর্মকর্তা Frank van Meel-এর হাতে। এই অর্জন প্রসঙ্গে Frank van Meel জানান, ট্র্যাক-সংক্রান্ত পারফরম্যান্সের সাথে দৈনন্দিন ব্যবহারের চমৎকার সমন্বয় ঘটানোর যে মূল নীতি নিয়ে BMW M কাজ করে যাচ্ছে, গ্রাহকরা তা কতটা গুরুত্বের সাথে গ্রহণ করেছেন—এই ১০ লাখ গাড়ি তৈরির মাইলফলকই তার বড় প্রমাণ।

ছবিঃ (বাম থেকে) BMW M-এর প্রধান নির্বাহী কর্মকর্তা Frank van Meel এবং মিউনিখ কারখানার প্রধান Peter Weber

ঐতিহাসিক এই অর্জনটি মিউনিখ কারখানার জন্য বড় ধরনের একটি পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে।২০২০ সাল থেকে এই কারখানাতেই বর্তমান প্রজন্মের M3 তৈরি হয়ে আসছিল। আগামী দিনে ব্র্যান্ডটির পরবর্তী প্রজন্মের অল-ইলেকট্রিক M3 গাড়ি তৈরির মূল কেন্দ্র ও হতে যাচ্ছে এই প্রধান কারখানাটি। আর এটিই হবে BMW M-এর ডেডিকেটেড ‘Neue Klasse’ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি প্রথম হাই-পারফরম্যান্স ইলেকট্রিক গাড়ি।

সম্পূর্ণ ব্যাটারিচালিত গাড়ি উৎপাদনের সুবিধার্থে ২০২৭ সাল থেকে এই কারখানাটিকে একটি সম্পূর্ণ বৈদ্যুতিক উৎপাদন কমপ্লেক্সে রূপান্তর করতে প্রায় ৬৫ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ১২৫ কোটি টাকা) বিনিয়োগ করছে BMW। মূল গাড়ির উৎপাদন প্রক্রিয়া বন্ধ না রেখেই ফাইনাল অ্যাসেম্বলি এলাকা, বডি শপ এবং লজিস্টিকস অবকাঠামোর প্রায় এক-তৃতীয়াংশ জায়গায় নতুন করে আধুনিকায়নের কাজ চালানো হচ্ছে।

ইনলাইন-সিক্স বা V8 ইঞ্জিনের বিকট গর্জন ও পারফরম্যান্সে অভ্যস্ত ঐতিহ্যবাহী ক্রেতারা নিঃশব্দ কিন্তু দ্রুতগতির এই বৈদ্যুতিক M3-কে কীভাবে গ্রহণ করবেন, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তবে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ইলেকট্রিক লাইনের পাশাপাশি প্রথাগত পেট্রোল ইঞ্জিনের বিকল্পও চালু রাখছে BMW; যাতে চালকরা নিজেদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পান।

Previous
Previous

ইউরোপীয় গাড়ি নির্মাতাদের তীব্র সমালোচনা করলেন Rimac

Next
Next

প্রথম বৈদ্যুতিক গাড়ি পেছাল Aston Martin