রহস্যময় গাড়ির নাম ঘোষণা Alfa Romeo-র
ছবিঃ Alfa Romeo
Stellantis-এর মালিকানাধীন ইতালীয় ব্র্যান্ড Alfa Romeo তাদের মূল প্রতিষ্ঠানের বাণিজ্যিক মন্দার মাঝেই নিজেদের ভবিষ্যৎ নকশার আভাস দিতে নতুন এক কনসেপ্ট কার উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে।
‘Cuorerosso’ নামের এই স্পোর্টস কারটি আগামী ১২ অক্টোবর ‘Paris Motor Show’-তে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।
ইতালীয় শব্দ ‘Cuore’ (হৃদয়) এবং ‘Rosso’ (লাল)—এই দুইয়ের সমন্বয়ে গঠিত ‘Cuorerosso’ নামের অর্থ ‘লাল হৃদয়’। প্রতিষ্ঠানটির মতে, এই নামটি ব্র্যান্ডের মূল সত্তাকে তুলে ধরে; যেখানে অনুরাগের রঙ লালের সাথে যুক্ত হয়েছে হৃদয়—যা চালক ও তাদের গাড়ির মধ্যকার নিবিড় বন্ধনের এক চিরন্তন প্রতীক হিসেবে দেখানো হয়েছে। ভবিষ্যৎ নকশার ইঙ্গিত দেওয়া, সৃজনশীলতার শক্তি প্রদর্শন এবং গাড়িপ্রেমীদের মনোযোগ ফেরানোর জন্যই এই আয়োজন বলে জানিয়েছে তারা।
ছবিঃ Maserati
ইতালীয় ব্র্যান্ডটির প্রকাশ করা এক টিজার ভিডিওতে নিচু ও মসৃণ স্পোর্টস কারের অবয়ব, পেছনের দিকে টানা হেডল্যাম্প এবং আংশিক অদৃশ্য টেলল্যাম্পের রূপ দেখা গেছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের আড়ালে স্পষ্ট শোনা গেছে একটি উচ্চক্ষমতাসম্পন্ন V6 ইঞ্জিনের গর্জন। গুঞ্জন রয়েছে, এই কনসেপ্ট কারটিতে Maserati-র ৩.০ লিটার টুইন-টার্বো ‘Nettuno V6’ ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকতে পারে, যা আগে কেবল এক্সক্লুসিভ Alfa Romeo 33 Stradale মডেলটিতে দেখা গিয়েছিল।
একক মডেল হিসেবে এই স্পোর্টস কারের বাণিজ্যিক উৎপাদন হবে কি না তা নিশ্চিত না করলেও, ব্র্যান্ডটি তাদের কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবেই এটি আনছে। Tonale-এর পাশাপাশি একটি নতুন কমপ্যাক্ট ক্রসওভার এবং Maserati-র সহযোগিতায় বিশেষ যান তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া Stelvio SUV এবং Giulia সেডানের পরবর্তী প্রজন্মও বাজারে আনার কথা রয়েছে, যা প্রথাগত ইঞ্জিনের পাশাপাশি ইলেকট্রিক অপশনেও আসবে।
ছবিঃ Alfa Romeo
এমন এক সময়ে নতুন কনসেপ্টের ঘোষণা এল যখন বাণিজ্যিক বাজারে চরম সংকটে রয়েছে Alfa Romeo। Chrysler, Dodge, Citroën ও Opel-এর মতো Stellantis-এর আঞ্চলিক ব্র্যান্ডের তালিকায় থাকা এই প্রতিষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারেও ধুঁকছে। চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে তাদের বিক্রি ৪৫ শতাংশ কমেছে, যা ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যকার বাজে পরিস্থিতিরই ধারাবাহিকতা।
চলমান বাজার মন্দায় Alfa Romeo-র জন্য হয়তো নতুন রোমাঞ্চের সত্যি প্রয়োজন ছিল; তবে সেই কনসেপ্ট থেকে গাড়ি পাগল মানুষ কিনতে চায় এমন কোন গাড়ি বাজারে আনাটাই বর্তমানে তাদের জন্য মূল চ্যালেঞ্জ।
Stellantis-এর মালিকানাধীন ইতালীয় ব্র্যান্ড Alfa Romeo তাদের মূল প্রতিষ্ঠানের বাণিজ্যিক মন্দার মাঝেই নিজেদের ভবিষ্যৎ নকশার আভাস দিতে নতুন এক কনসেপ্ট কার উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে।