'Neue Klasse’ রূপে আসছে BMW-র নতুন 3 Series

ছবিঃ BMW

জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ২০২৭ 3 Series স্পোর্টস সেডান উন্মোচন করেছে, কারিগরি দিক থেকে এটি মূলত বৈদ্যুতিক i3 সেডানে প্রদর্শিত আমূল পরিবর্তিত Neue Klasse ডিজাইন শৈলীতে সাজানো হয়েছে।

পেট্রোলচালিত নতুন এই মডেলগুলোর সিলুয়েট Neue Klasse-এর অনুকরণে তৈরি হলেও এগুলোকে আলাদা করেছে কার্যকর ফ্রন্ট কিডনি গ্রিল এবং অপশনাল হলুদ আভার M হেডলাইট। পাশাপাশি ফ্লাশ-মাউন্টেড ডোর হ্যান্ডেল, ১৯ বা ২০ ইঞ্চির অ্যালয় হুইল এবং অনুভূমিক রিয়ার টেইললাইটের ছোঁয়ায় ব্র্যান্ডের নতুন নকশার ছাপ স্পষ্ট।

বৈদ্যুতিক মডেলগুলোর ভিড়ে ক্রেতাদের বিভ্রান্তি দূর করতে এবার নিজেদের ঐতিহাসিক ছোট হাতের "i" প্রত্যয়টি পেট্রোল ইঞ্জিনের নাম থেকে ছেঁটে ফেলেছে Munich; ফলে নতুন এন্ট্রি-লেভেল মডেলটির নাম এখন আর 330i নয়, স্রেফ 330।

যুক্তরাষ্ট্রের বাজারে লাইনআপ শুরু হচ্ছে রিয়ার-হুইল-ড্রাইভ 330 এবং অল-হুইল-ড্রাইভ 330 xDrive দিয়ে। উভয়েরই রয়েছে 2.0-liter টার্বোচার্জড ফোর-সিলিন্ডার ইঞ্জিন, যা ২৫৫ হর্সপাওয়ার এবং ২৯৫ পাউন্ড-ফুট টর্ক দেয়। ৮-স্পিড Steptronic অটোমেটিকের মাধ্যমে বেস সেডানটি ০ থেকে ৬০ মাইল গতি তুলতে সময় নেয় ৫.৯ সেকেন্ড। তবে মূল চমক রাখা হয়েছে লাইনআপের শীর্ষে থাকা M350 xDrive মডেলে, যা 3 Series-এর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী M Performance সংস্করণ। এর 3.0-liter টার্বোচার্জড ইনলাইন-সিক্স ইঞ্জিন থেকে বের হয় দানবীয় ৪৩৭ হর্সপাওয়ার ও ৪২৮ পাউন্ড-ফুট টর্ক, যা ০ থেকে ৬০ মাইলে ছুটতে সময় নেয় মাত্র ৩.৯ সেকেন্ড। আক্রমণাত্মক M Sport বাম্পার, নীল ব্রেক ক্যালিপার, স্পয়লার এবং পেছনের সিগনেচার কোয়াড একজস্ট পাইপ গাড়িটির আগ্রাসী রূপকে আরও স্পষ্ট করেছে।

টায়ার পুড়িয়ে ড্রিফটিংয়ের রোমাঞ্চ জিইয়ে রাখতে M350 xDrive-এ যুক্ত করা হয়েছে “Drift Moment” নামের বিশেষ ফিচার, যা সামনের অ্যাক্সেলের ড্রাইভ বিচ্ছিন্ন করে গাড়িটিকে রিয়ার-হুইল স্লাইড করার সুযোগ দেয়। কোনো পূর্ণাঙ্গ M কারের বাইরে M Performance মডেলে এমন সুবিধা এটিই প্রথম। তবে শোরুম থেকে গাড়ি কিনেই চাকা ঘোরানোর এই শখ এখনই পূরণ হচ্ছে না ক্রেতাদের; কারণ গাড়িটি বাজারে আসার সময় সিস্টেমটি অকার্যকর থাকবে এবং ২০২৭ সালের কোনো এক সময়ে ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেটের মাধ্যমে তা নামিয়ে নিতে হবে!

গাড়ির ভেতরের কেবিনে আনা হয়েছে ডিজিটাল রূপান্তর। উইন্ডশিল্ডের নিচের প্রান্তজুড়ে বসানো হয়েছে BMW-র Panoramic iDrive আর্কিটেকচার, যা চালিত হচ্ছে Amazon Alexa-ভিত্তিক কৃত্তিম বুদ্ধিমত্তা ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়ে। সেন্টারে শোভা পাচ্ছে সুবিশাল ১৭.৯ ইঞ্চির ট্রাপিজয়েডাল টাচস্ক্রিন, যাতে গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদনের জন্য TiVo ভিডিও স্ট্রিমিং সুবিধাও যুক্ত রয়েছে; তবে সামনের যাত্রীর জন্য আলাদা কোনো স্ক্রিন দেওয়ার প্রয়োজন বোধ করেনি Munich। আর সম্প্রতি করা কিছু জরিপ দাবি করে বেশিরভাগ যাত্রীরা ওই স্ক্রিনটি ব্যবহারই করে না।

২০২৭ সালের শুরুর দিকে আমেরিকান শোরুমগুলোতে পৌঁছাবে এই পেট্রোলচালিত মডেলগুলো। এর মধ্যে রিয়ার-ড্রাইভ 330-এর প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯,৯০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা) এবং 330 xDrive-এর দাম ৫১,৯০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা)। অন্যদিকে সর্বোচ্চ ক্ষমতার M350 xDrive কিনতে ক্রেতাদের গুনতে হবে ৬৫,৯০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা)। এছাড়া সমান্তরাল ব্যাটারি-ইলেকট্রিক i3 50-এর দাম শুরু হচ্ছে ৬১,৫০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা) থেকে।

Previous
Previous

রহস্যময় গাড়ির নাম ঘোষণা Alfa Romeo-র

Next
Next

রক্ষা পেল AC Schnitzer