রক্ষা পেল AC Schnitzer
ছবিঃ AC Schnitzer
নাটকীয় এক হস্তক্ষেপে একেবারে বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেল বিখ্যাত জার্মান BMW টিউনিং প্রতিষ্ঠান AC Schnitzer।
Rotterdam-ভিত্তিক AM Group এবং Germany-র KOHL Group-এর মধ্যে হওয়া একটি চুক্তি অনুযায়ী ঐতিহাসিক এই টিউনিং ব্র্যান্ডটির মালিকানা কিনে নিচ্ছে AM Group। আগামী নভেম্বরে আনুষ্ঠানিকভাবে এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এর আগে গত মার্চ মাসে এক প্রতিবেদনে জানা গিয়েছিল, Germany-র ক্রমবর্ধমান জটিল ভেহিকল অনুমোদন প্রক্রিয়ার চাপে স্থায়ীভাবে নিজেদের ব্যবসা গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। এমন আশঙ্কার মাঝেই এই চুক্তি ব্র্যান্ডটির জন্য যেন এক নতুন সম্ভাবনা হিসেবে এসেছে।
নতুন এই অধিগ্রহণের ফলে AC Schnitzer-এর সুপরিচিত নামটি বহাল থাকছে। একই সাথে প্রতিষ্ঠানটির মূল্যবান প্রযুক্তিগত নথিপত্র, TÜV কম্পোনেন্ট অনুমোদন, আন্তর্জাতিক ডিলার নেটওয়ার্ক ও বিদ্যমান পণ্য সংক্রান্ত জ্ঞান সংরক্ষিত হবে এবং নতুন মালিকানার অধীনে ব্র্যান্ডটি তার কার্যক্রম চালিয়ে যাবে।
AM Group-এর আফটারমার্কেট পোর্টফোলিওতে ইতোমধ্যে British স্পেশালিস্ট প্রতিষ্ঠান Urban Automotive রয়েছে, যারা বিলাসবহুল এসইউভির কার্বন-ফাইবার ওয়াইডবডি কিট তৈরির জন্য পরিচিত। প্রতিষ্ঠানটি এবার AC Schnitzer-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বেছে নিয়েছে Imran Arshad-কে, যিনি Evolve Automotive এবং কার্বন ইনটেক প্রস্তুতকারী Eventuri-র সহ-প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ানোর দায়িত্ব নেওয়া প্রসঙ্গে Arshad জানান, AC Schnitzer-এর কার্যকর ইঞ্জিনিয়ারিং, সামঞ্জস্যপূর্ণ ডিজাইন এবং খুঁটিনাটি বিষয়ের প্রতি নিখুঁত নজরদারিই তাকে ব্র্যান্ডটির প্রতি আকৃষ্ট করেছে।
মালিকানা বদলের পর সময় নষ্ট না করে খুব দ্রুতই সক্রিয় হয়েছে তাদের ডেভেলপমেন্ট টিম। জানা গেছে, প্রকৌশলীরা ইতোমধ্যে নতুন ইলেকট্রিক iX3-সহ BMW-র সর্বশেষ গাড়িগুলোর জন্য পারফরম্যান্স প্যাকেজ তৈরির কাজ শুরু করেছেন। গ্রাহকদের সেবা যাতে ব্যাহত না হয়, সেজন্য ২০২৬ সালের শেষ পর্যন্ত KOHL-এর মাধ্যমেই বিদ্যমান পার্টস সরবরাহ ও বিক্রি অব্যাহত থাকবে। পাশাপাশি হস্তান্তর প্রক্রিয়ার পুরোটা সময় জুড়ে গ্রাহকদের ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সেবা পুরোপুরি নিশ্চিত রাখা হবে।
আইনের কঠোর বেড়াজালে আরেকটি কিংবদন্তি টিউনিং প্রতিষ্ঠান অকালে হারিয়ে যাওয়ার যে উদ্বেগ BMW ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল, এই নতুন অধিগ্রহণের ফলে তা দূর হলো। তবে বর্তমান ব্যবস্থাপনা অটোমোবাইল বাজারে ব্র্যান্ডটির দীর্ঘদিনের ঐতিহ্য, ভবিষ্যৎ কার্যকারিতা এবং খাঁটি জার্মান প্রকৌশলগত মান বজায় রেখে এগিয়ে যেতে পারবে কি না, বিষয়টি সময়-ই বলে দিবে।
BMW-র হাই-পারফরম্যান্স ডিভিশন ‘BMW M’ নিজেদের ১০ লাখতম গাড়ি উৎপাদনের বিরল এক মাইলফলক স্পর্শ করেছে।