Hall of Fame-এ অন্তর্ভুক্ত Akio Toyoda

ছবিঃ Toyota

Detroit-এ আয়োজিত এক অনুষ্ঠানে Automotive Hall of Fame-এ আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হলেন Toyota-র চেয়ারম্যান Akio Toyoda।

গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ডিলার, সরবরাহকারী এবং মোটরস্পোর্টস পেশাদার মিলিয়ে ৭ শতাধিক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে তিনি এই সম্মাননা গ্রহণ করেন ও বক্তব্য দেন।

১৯৩৯ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এর আগে Ferdinand Porsche ও Henry Ford-এর মতো তিন শতাধিক কিংবদন্তি জায়গা করে নিয়েছেন।

২০২৬ সালের এই ব্যাচে ইতালির প্রখ্যাত মোটরস্পোর্টস ইঞ্জিনিয়ার Giampaolo Dallara-কেও সম্মানিত করা হয়।

Akio Toyoda-র অন্তর্ভুক্তির মধ্য দিয়ে তৈরি হলো এক বিরল পারিবারিক ঐতিহ্য। এর আগে তাঁর দাদা Kiichiro Toyoda, বাবা Shoichiro Toyoda এবং দাদার কাজিন Eiji Toyoda এই সম্মান পেয়েছিলেন; ফলে চতুর্থ সদস্য হিসেবে এই তালিকায় যুক্ত হলেন Akio Toyoda। এই অর্জনের মাধ্যমে Automotive Hall of Fame-এ Toyota-র মোট সম্মানিত সদস্যের সংখ্যা দাঁড়াল পাঁচে, যার চারজনই প্রতিষ্ঠাতা Toyoda পরিবারের সদস্য।

মঞ্চে তাঁকে পরিচয় করিয়ে দেন Penske Automotive Group-এর ভাইস চেয়ারম্যান Greg Penske। তিনি জাপানি এই শীর্ষ কর্মকর্তার নিজের সহজাত বিচারবুদ্ধির ওপর আস্থা রাখার সাহসের ভূয়সী প্রশংসা করেন। তবে পোডিয়ামে দাঁড়িয়ে Akio Toyoda ব্যক্তিগত কৃতিত্ব এড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কর্মী, সরবরাহকারী এবং গাড়িচালকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই সম্মানের প্রকৃত দাবিদার আসলে তাঁরাই।”

বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান এই ঐতিহাসিক মঞ্চটিকে কোনো করপোরেট জোট বা বাণিজ্যিক চুক্তি ঘোষণার জন্য ব্যবহার করেননি বরং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর কাছে নিজেদের সংঘাত ভুলে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

প্রতিযোগীদের প্রতি ঐক্যের ডাক দিয়ে Toyoda বলেন, “মানুষের জীবনযাত্রাকে আরও উন্নত করার অসাধারণ ক্ষমতা আমাদের সবার রয়েছে।” ভবিষ্যতের পথচলাকে স্রেফ একক করপোরেট রেস হিসেবে না দেখে বিশ্ব অটোমোবাইল শিল্পের যৌথ দায়িত্ব হিসেবে বিবেচনা করার তাগিদ দেন তিনি।

Previous
Previous

রক্ষা পেল AC Schnitzer

Next
Next

নতুন রোটারি ইঞ্জিনের পরিকল্পনায় Mazda