নিলামে উঠছে রূপালি পর্দায় ব্যবহৃত Batmobile
ছবিঃ Julien's Auctions
কমিক কনভেনশন কিংবা শৌখিন ভক্তদের গ্যারেজে ফাইবারগ্লাসের তৈরি রেপ্লিকার ছড়াছড়ি থাকলেও রূপালি পর্দা কাঁপানো আসল সিনেমা-আইকন হাতবদলের ঘটনা ঘটে কালেভদ্রে। তবে এবার সত্যিই হাতুড়ির ঘায়ে বিক্রি হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম জনপ্রিয় এক বাহন।
১৯৯২ সালের সাড়া জাগানো সিনেমা Batman Returns মুভিতে ব্যবহৃত আসল "Hero Batmobile" গাড়িটি এবার সংগ্রাহকদের জন্য নিলামে তুলছে Julien’s Auctions এবং Turner Classic Movies (TCM)। আগামী ২৩ নভেম্বর সোমবার Los Angeles-এ সরাসরি ও অনলাইনে অনুষ্ঠিত হবে এই নিলাম।
নাটকীয় ফাইবারগ্লাস বডির নিচে অবশ্য কোনো কল্পবিজ্ঞান প্রযুক্তি নেই; এর বিশালাকার ফ্রন্ট ক্লিপের নিচে বসে আছে এক অপ্রত্যাশিত সাধারণ পাওয়ারট্রেন—একটি Chevrolet V8 ইঞ্জিন ও থ্রি-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। পরিচালক Tim Burton-এর ছবির বেশিরভাগ দৃশ্যে এই গাড়িটিকেই সরাসরি ড্রাইভ করতে দেখা গেছে। ফলে কোনো সাধারণ ব্যাকগ্রাউন্ড প্রপস বা ভেঙে ফেলার জন্য রাখা স্টান্ট ডাবল নয়, এটিই সেটে ব্যবহৃত প্রধান ‘Hero’ গাড়ি-তা পুরোপুরি যাচাই ও নিশ্চিত করা হয়েছে।
সাধারণ কোনো গাড়িকে সামান্য কেটেছেঁটে নয়, চলচ্চিত্রটির প্রকৌশলীরা দুটি Chevrolet Impala-র চ্যাসিস জোড়া দিয়ে এর বিশালাকার ফ্রেমটি তৈরি করেছিলেন। বাম্পার থেকে বাম্পার পর্যন্ত প্রায় ১৯ ফুট ৮ ইঞ্চি লম্বা এই গাড়িটি মূলত Burton-এর গথিক Art Deco নান্দনিকতাকে তুলে ধরে। সামনে জেট-টারবাইন সদৃশ বড় ইনটেক ও পেছনে বাদুড়ের ডানার মতো ছড়ানো ফেন্ডার দিয়ে একে Gotham City-র প্রচলিত কোনো যানের বদলে একটি নগর-বিধ্বংসী অস্ত্রের রূপ দেওয়া হয়েছিল।
সিনেমার কাজ শেষ হওয়ার পর প্রিমিয়ারের লাল গালিচা ও র্যাপ পার্টি কাঁপিয়ে দীর্ঘদিন ব্যক্তিগত সংগ্রহ এবং Marconi Automotive Museum-এ প্রদর্শিত ছিল এটি। এমনকি Hollywood স্টুডিওতে করা এর চকচকে কালো ফিনিশটি এখনো অক্ষত রয়েছে।
২৩ নভেম্বরের নিলামে পুরোনো Batman কস্টিউম ও অন-স্ক্রিন প্রপসের সাথে মূল আকর্ষণ হিসেবে থাকা এই Batmobile-এর দাম হাঁকা হয়েছে ৫০ লাখ থেকে ৭০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২ কোটি ৫০ লাখ থেকে ৮৭ কোটি ৫০ লাখ টাকা)।
পূর্বাভাস অনুযায়ী গাড়িটি বিক্রি হলে তা সিনেমার কোনো গাড়ির ক্ষেত্রে সর্বকালের সর্বোচ্চ নিলামের রেকর্ড গড়বে। পেছনে ফেলবে ১৯৬০-এর দশকের টেলিভিশন সিরিজের Batmobile (৪২ লাখ ডলার বা প্রায় ৫২ কোটি ৫০ লাখ টাকা), Steve McQueen-এর 1968 Ford Mustang GT Bullitt (৩৭ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৪৬ কোটি ৭৫ লাখ টাকা) এবং James Bond-এর 1965 Aston Martin DB5-কে (২৪ লাখ ডলার বা প্রায় ৩০ কোটি টাকা)।
সহজ কথায়, সিনেমার ইতিহাসের এই পপ-কালচার স্মারকটিকে গ্যারেজে ঢোকাতে হলে স্বয়ং Bruce Wayne-এর সমতুল্য ব্যাংক ব্যালেন্স নিয়েই মাঠে নামতে হবে।
হলিউড কিংবদন্তি Steve McQueen এবং ক্ল্যাসিক ভিন্টেজ Ferrari—সংগ্রাহকদের বাড়াবাড়ি রকম অর্থ খসানোর জন্য এই দুটি নামই যথেষ্ট। এবার এই দুই কিংবদন্তি একসঙ্গে উঠতে যাচ্ছে নিলামের হাতুড়ির নিচে।