গাড়ি মুচড়ে ভাস্কর্য বানাল Lexus
ছবিঃ Lexus
নিজেদের দুটি গাড়িকে সম্পূর্ণ দুমড়েমুচড়ে শিল্পকর্মে রূপান্তর করেছে Toyota-র বিলাসবহুল ব্র্যান্ড Lexus।
Brooklyn-ভিত্তিক বিতর্কিত ও চমকপ্রদ আর্ট কালেক্টিভ MSCHF-এর সঙ্গে যৌথভাবে ‘MOTOMORPHOSIS’ শীর্ষক এই বিশেষ ইনস্টলেশনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। New York-এর ‘Armory Week’ আর্ট শোতে উন্মোচিত এই কাজটির মাধ্যমে প্রচলিত আভিজাত্যের খোলস ভেঙে সৃজনশীলতার চরম এক বাজি ধরেছে ব্র্যান্ডটি।
অদ্ভুত এই যৌথ প্রযোজনায় ব্র্যান্ডটির মূল দুটি বাণিজ্যিক মডেলের ওপর পরাবাস্তব বা অলৌকিক (surrealistic) সব শারীরিক বিকৃতি ঘটানো হয়েছে। MSCHF-এর নির্দেশনায় একটি অল-ইলেকট্রিক Lexus RZ 450e গাড়িকে বাঁকিয়ে আস্ত এক দানবাকৃতির ডোনাটের রূপ দেওয়া হয়েছে। অন্যদিকে একটি প্লাগ-ইন হাইব্রিড RX 450h+ গাড়িকে এমনভাবে পেঁচিয়ে ফেলা হয়েছে যে এটি দেখতে অনেকটা লম্বা ড্রিল বিট বা ভারী কোনো শিল্প-কারখানার বল্টুর মতো মনে হয়।
এমন চরম রূপান্তরের বাস্তবতাকে মেনে নিয়ে কিছুটা রসিকতার ছলেই আনুষ্ঠানিক করপোরেট সতর্কবার্তা জুড়ে দিয়েছে Lexus। তারা জানিয়েছে, প্রদর্শিত গাড়িগুলো মূলত নন-Lexus পার্টস দিয়ে পরিবর্তিত বিশেষ প্রকল্পের যান; যা গাড়ির ওয়ারেন্টি বাতিল করতে পারে, নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে এবং এগুলো রাস্তায় চলাচলের কোনো বৈধতা রাখে না।
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মর্যাদাগত পরিবর্তনের প্রেক্ষাপটেই এমন অদ্ভুত পদক্ষেপ নিয়েছে Lexus। গত বছর Toyota-র ব্র্যান্ড মর্যাদার শীর্ষস্থান থেকে Lexus-কে সরিয়ে জায়গা করে নেয় তাদের অতি-অভিজাত ‘Century’ লাইনআপ। এর পর থেকেই শীর্ষ পর্যায় থেকে Lexus-কে চেনা গণ্ডির বাইরে গিয়ে নতুন, বৈপ্লবিক ও মেরুকরণ সৃষ্টিকারী সব ধারণা নিয়ে আগ্রাসী পরীক্ষা-নিরীক্ষা চালানোর সবুজ সংকেত দেওয়া হয়। এর আগে Japan Mobility Show-তে উন্মোচিত ছয় চাকার LS-ব্যাজযুক্ত বিলাসবহুল ভ্যানের মতো পাগলাটে উদ্যোগেও সেই ইঙ্গিত মিলেছিল।
গত বছর ব্র্যান্ডটির চিফ ব্র্যান্ডিং অফিসার জানিয়েছিলেন যে মূল প্রতিষ্ঠান Toyota তাদের এই প্রিমিয়াম বিভাগকে "আরও স্বাধীনভাবে চলার" সুযোগ দিতে চায়; তবে করপোরেট কর্তারা বোধহয় কল্পনাও করেননি ‘স্বাধীন’ হতে গিয়ে নিজেদের আস্ত গাড়িকেই এভাবে দুমড়েমুচড়ে ফেলা হবে।
New York-এর ৫৪৫ ডব্লিউ. ২৮তম স্ট্রিটের Chelsea Industrial-এ এই দুমড়ানো-মুচড়ানো গাড়িগুলো দেখার সুযোগ পাচ্ছেন সাধারণ দর্শনার্থীরা। ২৫ সেপ্টেম্বর শুক্রবার এবং ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনী উন্মুক্ত রাখা হয়।
অবসরপ্রাপ্ত প্রবীণদের জন্য বৈচিত্র্যহীন সাদামাটা গাড়ি নির্মাতা হিসেবে নিজেদের পুরনো ভাবমূর্তি ঝেড়ে ফেলতেই Lexus-এর এই মরিয়া প্রয়াস, নাকি করপোরেট আমলাতন্ত্রের লাগাম আবার টেনে ধরার আগে এটি কেবলই ক্ষণিকের নান্দনিক খেয়াল —তা নিয়ে মনে প্রশ্ন আসতেই পারে।
'Street Fighter II'-এর সেই বোনাস স্টেজের কথা মনে আছে, যেখানে ঘুষি-লাথি মেরে একটা Lexus LS ভেঙে চুরমার করে দেওয়া যেত? সেই পিক্সেলযুক্ত গাড়িটি এবার অলৌকিকভাবে বাস্তব রূপ নিয়েছে—আর প্রতিযোগিতায় অংশ নিয়ে এটি জিতে নেওয়াও সম্ভব।