বাবার সম্মানে ৮৬০ হর্সপাওয়ারের Porsche বানালো মেয়ে
ছবিঃ Gunther Werks
বাবা যদি একজন কিংবদন্তি রেসার হন, তাহলে তার জন্মদিনে সাধারণ উপহার দিয়ে তাঁকে খুশি করা কঠিন। তাই অটোমোটিভ ডিজাইনার Charlie Brundle তাঁর বাবা Martin Brundle-এর জন্য উপহার হিসেবে তৈরি করলেন বিশেষ সংস্করণের Porsche 911 Turbo, যাতে রয়েছে ৮৬০ হর্সপাওয়ারের শক্তি এবং ছয়-স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স।
Martin Brundle বর্তমানে Formula 1-এর প্যাডকে দাঁড়িয়ে চালকদের সাক্ষাৎকার নেবার জন্যই বেশি পরিচিত। কিন্তু এই জগতে তার সূচনা হয়েছিল স্টিয়ারিং হুইলের এর পেছনে। F1-এ একাধিকবার পডিয়াম জিতেছেন তিনি। আরো জয় করেছেন World Sportscar Championship, 24 Hours of Le Mans এবং 24 Hours of Daytona। র্যালিতেও সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। একসময় Goodwood Festival of Speed-এ পাহাড় বেয়ে সবচেয়ে দ্রুতগতিতে ওঠার রেকর্ডও ছিল তাঁর দখলে।
Gunther Werks-এর সঙ্গে হাত মিলিয়ে তৈরি করা গাড়িটির দুই রঙের পার্ল পেইন্টের নকশা তৈরি করেছেন তার মেয়ে Charlie Brundle। এর অনুপ্রেরণা এসেছে তাঁর বাবার পুরোনো রেসিং হেলমেট থেকে। গাড়ির পেছনে Porsche-র আদলে লেখা রয়েছে “BRUNDLE”। কার্বন-ফাইবার আসনের হেডরেস্টে খোদাই করা হয়েছে তাঁর নামের আদ্যক্ষর “MB”। ফোর্জড ম্যাগনেসিয়াম চাকা এবং দরজার সিলেও রয়েছে তাঁর নাম।
Charlie Brundle বলেন, “আমার বাবার রেসিং ক্যারিয়ারকে উদ্যাপন করে এমন একটি গাড়ির নকশা তৈরি করা আমার জন্য অত্যন্ত আপনএকটি অভিজ্ঞতা। মোটরস্পোর্টের পরিবেশে বড় হয়েছি বলে তাঁর আবেগ ও নিষ্ঠার প্রতি সব সময়ই আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”
তিনি আরও বলেন, “তাঁর সেই গৌরবময় অতীতকে এমন একটি নকশায় রূপান্তর করা, যা তাঁর অর্জন এবং বাবা-মেয়ের সম্পর্ক—দুটিকেই ফুটিয়ে তোলে, তা সত্যিই বিশেষ কিছু। আমাদের দুজনের জগৎকে এমনভাবে এক করে আনার সুযোগ খুবই বিরল, যা আমাদের দুজনের কাছেই খাঁটি ও অর্থবহ মনে হয়।"
গাড়িটির মাত্র পাঁচটি ইউনিট তৈরি করা হবে। প্রতিটি গাড়ির সঙ্গে থাকবে Martin Brundle-এর স্বাক্ষর করা একটি Bell হেলমেট। ড্যাশবোর্ডেও রয়েছে ব্যক্তিগত ছোঁয়া। সেখানে লেখা আছে, “গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো স্টিয়ারিং হুইলের পেছনের পাগলটি।”
কথাটি Martin Brundle-এর নিজের আবিষ্কার নয়। তবে তিনি তার জীবনে কথাটি এতবার ব্যবহার করেছেন যে Gunther Werks-এর কাছে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাক্যটি যথার্থ মনে হয়েছে। কথাটি আরও মনে করিয়ে দেয়, চালকের আসনে বসা মানুষটি কিছুটা পাগলাটে না হলে ৮৬০ হর্সপাওয়ারের পূর্ণ সদ্ব্যবহার করতে পারবে না।
গাড়িটিতে পেছনে বসানো হয়েছে একটি টুইন-টার্বোচার্জড ৪.০ লিটারের ফ্ল্যাট-সিক্স ইঞ্জিন। এটি উৎপন্ন করে ৮৬০ হর্সপাওয়ার শক্তি এবং ৬১০ পাউন্ড-ফুট টর্ক। ছয় গতির ম্যানুয়াল গিয়ারবক্সের মাধ্যমে এই বিপুল শক্তি নিয়ন্ত্রণের দায়িত্ব সরাসরি চালকের হাতে তুলে দেওয়া হয়েছে। গাড়িটিকে মাটি আঁকড়ে রাখতে রয়েছে বিশেষভাবে তৈরি ডাবল-উইশবোন সাসপেনশন, ব্যাপক ডাউনফোর্স তৈরির অ্যারোডাইনামিক এবং Brembo-র কার্বন-সিরামিক ব্রেক।
Gunther Werks এখনও গাড়িটির দাম ঘোষণা করেনি। তবে তৈরি হবে মাত্র পাঁচটি, আর প্রতিষ্ঠানটির গাড়িগুলোর দামই শুরু হয় কোটি টাকার ঘরে। বলাই বাহুল্য বাবার জন্য এই উপহার সাধারণ পরিবারের বাজেটের ধরাছোঁয়ার বাহিরে।
বাবা যদি একজন কিংবদন্তি রেসার হন, তাহলে তার জন্মদিনে সাধারণ উপহার দিয়ে তাঁকে খুশি করা কঠিন। তাই অটোমোটিভ ডিজাইনার Charlie Brundle তাঁর বাবা Martin Brundle-এর জন্য উপহার হিসেবে তৈরি করলেন বিশেষ সংস্করণের Porsche 911 Turbo, যাতে রয়েছে ৮৬০ হর্সপাওয়ারের শক্তি এবং ছয়-স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স।