AUDI-র বিরুদ্ধে মামলা করল Audi

বিদঘুটে এই পরিস্থিতির উৎপত্তি জার্মানীতে।

চীনের বাজারের জন্য বিশেষভাবে তৈরি নিজেদের ইলেকট্রিক মডেল AUDI E5 Sportback এবং E7X-এর ইউরোপে অননুমোদিত আমদানি (Parallel importation) ঠেকাতে জার্মানিতে আইনি পদক্ষেপ নিয়েছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Audi।

​চীনের বাজারে বিক্রির উদ্দেশ্যে যৌথভাবে মডেল দুটি তৈরি করেছে Audi এবং SAIC। এগুলো নতুন "AUDI" সাব-ব্র্যান্ডের অধীনে বিক্রি হয়। বিশ্বব্যাপী পরিচিত ঐতিহ্যবাহী চার রিংয়ের লোগোটি বাদ দিয়ে সম্পূর্ণ ভিন্ন ডিজাইনে তৈরি এই গাড়িগুলোর লক্ষ্য ছিলো মূলত অপেক্ষাকৃত তরুণ ও প্রযুক্তিপ্রেমী চীনা ক্রেতারা।

এই প্রেক্ষিতে ​জার্মান গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান Auto China-র বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানটি চীনের বাজার থেকে মডেলগুলো আমদানি করে স্থানীয় অনুমোদন নিয়ে সরাসরি জার্মান ক্রেতাদের কাছে বিক্রি করছিল।

জার্মান বাণিজ্যিক সংবাদপত্র Automobilwoche-কে মামলার সত্যতা নিশ্চিত করে Audi-র এক মুখপাত্র জানান, “আমরা আমদানিকারকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছি এবং আমাদের অধিকার কঠোরভাবে কার্যকর করব।”

​অননুমোদিত আমদানির বিষয়ে ক্রেতাদের সতর্ক করে গাড়িটির বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি এবং বিতরণ ব্যবস্থা নিয়ে তাদের আপোসহীন অবস্থান স্পষ্ট করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। Audi জানিয়েছে, “এই গাড়িগুলো Audi AG-র অনুমোদিত কোনো ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে চীনের বাইরে রপ্তানি করা হয়নি। চীনের বাইরে এগুলো Audi-র গাড়ি হিসেবে গণ্য হবে না। ফলে Audi AG বা চীনের বাইরের কোনো অনুমোদিত Audi ডিলার এগুলোর কোনো রক্ষণাবেক্ষণ বা সার্ভিসিং করতে পারবে না।”

​প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীদের আশঙ্কা, ধূসর বাজার বা গ্রে-মার্কেটের এই বিধি-বহির্ভূত আমদানি ইউরোপে তাদের আনুষ্ঠানিক ‘e-tron’ লাইনআপের গাড়ি বিক্রিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। যদিও Auto China দাবি করছে যে তারা নিজেরাই রেজিস্ট্রেশন, ওয়ারেন্টি ও সার্ভিসিংয়ের ব্যবস্থা করছে, তবুও গাড়িগুলো ইউরোপের অফিসিয়াল ডিলার নেটওয়ার্কের বাইরেই থেকে যাচ্ছে।

​ফলে বিপুল সেন্সর ও ADAS প্রযুক্তিসমৃদ্ধ জটিল এই বৈদ্যুতিক প্ল্যাটফর্মগুলোতে সফটওয়্যার আপডেট, বিশেষ ডায়াগনস্টিকস, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে তীব্র ভোগান্তিতে পড়ার ঝুঁকিতে রয়েছেন ক্রেতারা।

​আইনি পদক্ষেপের পর Auto China তাদের ওয়েবসাইট থেকে AUDI E5 Sportback এবং E7X-এর তালিকা সরিয়ে নিয়েছে। তবে Audi-র মামলার কারণেই গাড়িগুলো সরানো হয়েছে কি না, তা Automobilwoche-র কাছে নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানের এক মুখপাত্র।

​এদিকে Audi-র গাড়ির তালিকা সরালেও Xiaomi, Jetour, Zeekr, Huawei এবং Maextro S800-এর মতো অন্যান্য চীনা ব্র্যান্ডের গাড়ি আমদানি ও বিক্রি এখনো অব্যাহত রেখেছে Auto China।

Previous
Previous

মার্কিন বাজার গুঁড়িয়ে দিতে পারে চীন: Hyundai

Next
Next

যুক্তরাষ্ট্রে পাস হলো ‘Leno Law’