Solid-State ব্যাটারির বাণিজ্যিক উৎপাদন শুরু

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অল-সলিড-স্টেট ব্যাটারি সেলের বাণিজ্যিক বা গণউৎপাদন (Mass Production) শুরু করার দাবি করেছে তাইওয়ানের ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ProLogium।

বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Mercedes-Benz ও অন্যান্য প্রধান শিল্প অংশীদারদের বিনিয়োগে পরিচালিত এই উদ্যোগকে বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় বড় এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

প্রতিষ্ঠানটি দাবি করছে, তাইওয়ানের Taoyuan প্ল্যান্টের Taoke অ্যাসেম্বলি লাইনে ‘Generation 3.5’ নামের লার্জ-ফরম্যাট ১৮৫.৪ অ্যাম্পিয়ার-আওয়ার Lithium Ceramic Battery (LCB) সেল তৈরি হচ্ছে। জার্মানির স্বাধীন পরীক্ষণ সংস্থা TÜV-এর পরীক্ষায় এই Gen 3.5 সেলের গ্র্যাভিমেট্রিক এনার্জি ডেনসিটি রেকর্ড করা হয়েছে ৩৮১ Wh/kg এবং ভলিউমেট্রিক এনার্জি ডেনসিটি ৯০৩ Wh/L। পারফরম্যান্সের এই পরিসংখ্যান বর্তমান বাজারে থাকা মূলধারার নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (NMC) সেলের (প্রায় ৩০০ Wh/kg) তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। এছাড়া এটি প্রচলিত লিথিয়াম-আয়রন-ফসফেট (LFP) সেলের (১৫০ থেকে ২০০ Wh/kg) চেয়ে অনেক গুণ উন্নত।

এর আগে বছরের শুরুতে ফিনল্যান্ডের স্টার্টআপ Donut Lab ৪০০ Wh/kg ঘনত্বের দাবি করলেও বাজারে বড় পরিসরে তাদের বাণিজ্যিক বিক্রির কোনো দৃশ্যমান প্রমাণ মেলেনি। বরং ধারনা করা হছে তাদের সকল দাবি বানোয়াট।

ProLogium-এর ব্যাটারিটিতে কোনো তরল উপাদান নেই—তা নিশ্চিত করতে চীনের ‘GB/T 43568-2026’ নীতিমালায় এটি পরীক্ষা করেছে UL Solutions। ২৪৮ ডিগ্রি ফারেনহাইট (১২০ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় টানা ছয় ঘণ্টা ভ্যাকুয়ামে রাখার পরও সেলটির ওজন ০.০৫ শতাংশের চেয়েও কম হ্রাস পায়, যা অল-সলিড-স্টেট হিসেবে স্বীকৃতি পাওয়ার নির্ধারিত ০.৫ শতাংশের চেয়ে অনেক কম।

প্রযুক্তিগতভাবে এই Gen 3.5 সেলে কম্পোজিট সলিড ইলেক্ট্রোলাইট এবং সিরামিক সেপারেটর ব্যবহার করা হয়েছে। আগের Gen 3 সেলের সুরক্ষাব্যবস্থা এতেও বজায় রাখা হয়েছে, যা মাত্র ৮.৫ মিনিটে ৫ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সক্ষম। পাশাপাশি বুলেটের আঘাত, ১৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উচ্চ তাপমাত্রা কিংবা দ্বিগুণ ভোল্টেজে ওভারচার্জ করলেও এতে আগুন ধরে না।

বিশ্বব্যাপী এই প্রযুক্তির বিস্তার ঘটাতে বড় রোডম্যাপ হাতে নিয়েছে ProLogium। বর্তমানে Taoyuan প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা ০.৫ গিগাওয়াট-আওয়ার (GWh), যা দিয়ে ৮০ কিলোওয়াট-আওয়ারের প্রায় ৬,০০০টি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্যাক তৈরি সম্ভব। ২০৩০ সালের মধ্যে এটি দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ফ্রান্সের Dunkirk-এ ২০২৮ সাল থেকে নতুন একটি কারখানা চালুর প্রস্তুতি চলছে, যার প্রাথমিক বার্ষিক ক্ষমতা ৪ GWh হলেও ২০৩০ সাল নাগাদ তা সর্বোচ্চ ৪৪ GWh পর্যন্ত পৌঁছাবে।

এরই মধ্যে Gen 4 সেলের উন্নয়ন কাজও শুরু করেছে ProLogium। এটিতে সম্পূর্ণ অজৈব সুপারফ্লুইডাইজড ইলেক্ট্রোলাইট থাকবে, যা দ্রুত চার্জিং এবং তীব্র শীতেও কার্যকর পারফরম্যান্স নিশ্চিত করবে। বর্তমান Gen 3.5-এর কারখানায় মাত্র ১০ শতাংশ যন্ত্রপাতি পরিবর্তনের মাধ্যমেই পরবর্তী প্রজন্মের এই ব্যাটারি তৈরি করা সম্ভব হবে, ফলে উৎপাদন ব্যয় ও রূপান্তর খরচ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।

Previous
Previous

চীনের গাড়ি রপ্তানিতে রেকর্ড

Next
Next

Ferrari Luce-কে আরও বিকট রূপ দিল Vossen