ভারতে উৎপাদন সরাচ্ছে না KTM
ছবিঃ KTM
আর্থিক ধস থেকে অস্ট্রিয়ান ব্র্যান্ড KTM-কে উদ্ধার করার পর Bajaj তাদের সব মোটরসাইকেলের উৎপাদন ভারতে সরিয়ে নেবে বলে গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জনের লাগাম টেনে ধরেছে KTM।
গত বছর ব্যাপক আর্থিক পুনর্গঠন এবং Bajaj-এর অধিগ্রহনের পর KTM-এর মূল প্রতিষ্ঠান Pierer Mobility AG আবারও ত্রৈমাসিক পরিচালন মুনাফার মুখ দেখেছে। তবে এই ঘুরে দাঁড়ানোর মূল্য দিতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। কারখানার অধিকাংশ কর্মীকে বহাল রাখলেও অফিস ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অর্ধেকেরও বেশি কর্মীদের ছাঁটাই করে দিতে হয়েছে অস্ট্রিয়ান এই প্রতিষ্টানটিকে।
একইসাথে বলা হচ্ছিল, মোটরসাইকেলের সম্পূর্ণ উৎপাদন Austria-র Mattighofen থেকে ভারতে সরিয়ে নেওয়া হবে। KTM-এর CEO Gottfried Neumeister এবার সেই দাবি নাচক করে দিয়ছেন।
KTM-এর ছোট 125cc, 250cc ও 390cc মোটরসাইকেল আগের মতোই Maharashtra-র Pune-তে Bajaj-এর Chakan কারখানায় তৈরি হবে। অন্যদিকে, বড় ইঞ্জিনের মডেলগুলো তৈরি হতে থাকবে অস্ট্রিয়াতেই।
Neumeister আরও নিশ্চিত করেছেন, KTM-কে একটি স্বতন্ত্র ব্যবস্থাপনা দল গঠনের অনুমতি দিয়েছে Bajaj। অর্থাৎ, KTM-এর দৈনন্দিন কার্যক্রম সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নেবে না ভারতীয় প্রতিষ্ঠানটি। Austria-তেই উৎপাদন ও গবেষণার ভিত্তি ধরে রাখতে চায় KTM। সেখানে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে কাজ করছেন ৪৪০ জনেরও বেশি প্রকৌশলী।
“শীর্ষ পর্যায় থেকে আমাকে একটি স্বতন্ত্র দল গঠনের অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং Bajaj ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে নেয়নি। উৎপাদন ভারতে সরিয়ে নেওয়া হবে বলেও গুঞ্জন ছিল, কিন্তু Austria-তে কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে আমাদের স্পষ্ট অঙ্গীকার রয়েছে। আমাদের ৪৪০ জনেরও বেশি প্রকৌশলী রয়েছেন, যাঁরা বিশ্বমানের পণ্য তৈরি করেন এবং নতুন মানদণ্ড স্থাপন করেন।”
পাশাপশি MotoGP-তে আরও পাঁচ বছর থাকার নতুন অঙ্গীকার করেছে KTM। এর ফলে মোটরসাইকেল রেসিংয়ের সর্বোচ্চ পর্যায়ের এই প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে। তবে এই সিদ্ধান্তে Bajaj-এর সম্মতি পেতে KTM-এর শীর্ষ কর্মকর্তাদের একাধিকবার ভারতে যেতে হয়েছিল। উচ্চপর্যায়ের মোটরস্পোর্টসে KTM-এর গুরুত্ব দেওয়ার বিষয়টির সঙ্গে সাশ্রয়ী কমিউটার মোটরসাইকেল তৈরিতে Bajaj-এর দৃষ্টিভঙ্গির সাথে শুরুতে কিছুটা সংঘাত ছিল।
Speedweek-কে দেওয়া সাক্ষাৎকারে নতুন মালিককে রেসিং কার্যক্রমে সমর্থন দিতে রাজি করানোর চ্যালেঞ্জ সম্পর্কে Neumeister বলেন,
“শুরুতে মোটরস্পোর্টস সম্পর্কে তাদের বোঝাপড়া খুব একটা ছিল না। তারা কমিউটার মোটরসাইকেলের জগৎ থেকে এসেছে, যেখানে বিক্রি নির্ভর করে দামের ওপর। সেখানে যেসব বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, আমাদের ক্ষেত্রে সেগুলো আলাদা। তাদের রাজি করাতে আমাকে একাধিকবার ভারতে যেতে হয়েছে। তাদের সমর্থন ছাড়া আগামী পাঁচ বছরের জন্য MotoGP-তে থাকার অঙ্গীকার আমরা করতে পারতাম না...”
KTM-এর জন্য এই চুক্তি কঠিন সময়ের পর কিছুটা প্রয়োজনীয় স্থিতিশীলতা এনে দেবে। ব্র্যান্ডটির ঘুরে দাঁড়ানোর পেছনে Bajaj-এর আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে নিজেদের অস্ট্রিয়ান পরিচয়, প্রকৌশলগত দক্ষতা এবং রেসিংয়ের উচ্চাকাঙ্ক্ষা ধরে রাখতে আগ্রহী KTM।
এই ব্যবস্থা Bajaj-এর জন্যও যুক্তিসংগত। তাদের ভারতীয় কারখানাগুলোতে ইতিমধ্যেই ছোট ইঞ্জিনের KTM মোটরসাইকেল তৈরি হচ্ছে। অন্যদিকে, বড় মোটরসাইকেল ও উচ্চক্ষমতাসম্পন্ন প্রকৌশল উন্নয়নের কেন্দ্র হিসেবে থাকছে Austria। অতএব, দুই দেশের এই চমৎকার কাজের সুষম বিভাজন যেখানে নিখুঁতভাবে কাজ করছে, সেখানে তা ভেঙে ফেলার কোনো যৌক্তিক কারণ নেই।
এর মানে এই নয় যে KTM এখনও পুরোপুরি বিপদমুক্ত। আবার মুনাফায় ফিরে আসা মানেই আর্থিক সংকটের ক্ষতি পেছনে ফেলে আসা নয়। প্রতিষ্ঠানটির নিজেদের স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে তাদের নিয়মিত মুনাফা করার পাশাপাশি গত দুই বছরে জমতে থাকা দেনার পাহাড়ও দ্রুত শোধ করতে হবে।