স্ক্র্যাপ অ্যালুমিনিয়ম দিয়ে ইঞ্জিন বানাচ্ছে Yamaha

ছবিঃ Yamaha

ইঞ্জিন উৎপাদনে কার্বন নিঃসরণ কমাতে পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়ামের দিকে ঝুঁকছে Yamaha।  

জাপানের প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, নতুন কিছু ইঞ্জিন তৈরিতে পুনর্ব্যবহৃত (রিসাইকেলড) অ্যালুমিনিয়াম ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে মোটরসাইকেল ও স্কুটারের DiASil সিলিন্ডারে এই উপাদান ব্যবহার শুরু হবে। আর এই বিশেষ উপাদানে তৈরি প্রথম মডেলগুলো তৈরি ও বাজারজাত করা হবে ইন্দোনেশিয়ার বাজারে।

এই উদ্যোগ Yamaha-এর ২০৫০ সালের পরিবেশগত লক্ষ্যমাত্রার অংশ। কোম্পানিটির পূর্বাভাস অনুযায়ী, এই পরিবর্তনের ফলে ২০৩০ সালের মধ্যে বছরে ৪৭ হাজার টন কার্বন নির্গমন কমানো সম্ভব হতে পারে।

তবে পুরোনো অ্যালুমিনিয়াম গলিয়ে ছাঁচে ঢেলে ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করার মতো সহজ বিষয় এটি নয়। ইঞ্জিনের যন্ত্রাংশকে উচ্চ তাপমাত্রা, চাপ এবং বছরের পর বছর ব্যবহারের ধকল সহ্য করতে হয়। একই সঙ্গে নিশ্চিত করতে হয় দীর্ঘস্থায়িত্বের কঠোর গুণগত মান।পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়ামের মধ্যে থাকা দূষক পদার্থ এই শর্তগুলো পূরণ করা কঠিন করে তুলতে পারে।

Yamaha তাদের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সমস্যাটি ব্যাখ্যা করে জানিয়েছে, “এত দিন Yamaha Motor DiASil সিলিন্ডার তৈরির কাঁচামাল হিসেবে নতুন উৎপাদিত (ভার্জিন) অ্যালুমিনিয়াম অ্যালয় ব্যবহার করে আসছিল।”

ছবিঃ Yamaha DiASil সিলিন্ডার

কোম্পানিটি আরও বলেছে, “এর কারণ হলো, প্রচলিত পুনর্ব্যবহৃত উপাদানে অতি সামান্য পরিমাণে অমিশ্র পদার্থ থাকে। ফলে ধাতুর ক্ষুদ্রাতিক্ষুদ্র গঠন, পৃষ্ঠের বৈশিষ্ট্য, ক্ষয় প্রতিরোধক্ষমতা এবং অন্যান্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে DiASil সিলিন্ডারের জন্য প্রয়োজনীয় মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে।”

এই সমস্যা সমাধানে Yamaha বিশেষ একটি প্রক্রিয়াকরণ পদ্ধতি উদ্ভাবন করেছে। এর উদ্দেশ্য হলো, এমন পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম তৈরি করা, যার ভৌত বৈশিষ্ট্য খনি থেকে উত্তোলন ও প্রক্রিয়াজাত করে পাওয়া নতুন অ্যালুমিনিয়ামের সঙ্গে তুলনীয়। এই পদ্ধতিতে প্রস্তুতকৃত  অ্যালয় দিয়ে নতুন অ্যালুমিনিয়ামের মতো একই উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করে যন্ত্রাংশ তৈরি করা যাবে।

Yamaha জানিয়েছে, “এই চ্যালেঞ্জ মোকাবিলায় Yamaha এমন একটি পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম অ্যালয় তৈরির কাজ শুরু করে, যার বৈশিষ্ট্য নতুন অ্যালুমিনিয়ামের সঙ্গে তুলনীয় এবং যা একই উৎপাদন প্রক্রিয়ায় যন্ত্রাংশ ও উপাদান তৈরিতে ব্যবহার করা যায়।”

এই প্রযুক্তি নির্মাতাদের ইঞ্জিনের যন্ত্রাংশের প্রত্যাশিত কার্যক্ষমতা অক্ষুণ্ণ রেখে নতুন কাঁচামালের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি এটি শিল্পকারখানায় বিপুল পরিমাণ কাঁচামাল ব্যবহার ও উৎপাদন শেষে তা বর্জ্য হিসেবে ফেলে দেওয়ার মত পরিবেশগত সমস্যাকে চিহ্নিত করেছে যেখানে সাধারণ ভোক্তাদের কিছু করার থাকেনা।

বিষয়টি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ গৃহস্থালির বর্জ্য পুনর্ব্যবহারের ওপর অতিরিক্ত মনোযোগ কখনও কখনও বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর নিস্ক্রিয়তা আড়াল করে দিতে পারে। ভোক্তাদের প্রতিনিয়ত  আবর্জনা আলাদা করা, প্যাকেজিং পুনরায় ব্যবহার এবং বর্জ্য কমানোর পরামর্শ দেওয়া হয়। অথচ নির্মাতারা এর তুলনায় বহুগুণ বেশি পরিমাণে কাঁচামাল ব্যবহার ও বর্জ্য উৎপাদন করে। ব্যক্তিগত পর্যায়ে পুনর্ব‍্যবহারের গুরুত্ব অবশ্যই রয়েছে, তবে উৎপাদনের উৎসেই বর্জ্য কমিয়ে আনার টেকসই উদ্যোগের বিকল্প এটি কখনোই হতে পারে না।

তাই উৎপাদন কারখানাগুলোতে পরিবর্তনের বড় সুযোগ রয়েছে। শিল্পকারখানার উপকরণ সংগ্রহ করে পুনরায় ব্যবহার করলে বর্জ্য হ্রাস ও নতুন অ্যালুমিনিয়ামের চাহিদা এবং কাঁচামাল উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট কার্বন নিঃসরণ কমানো সম্ভব। মোটরসাইকেল, পাওয়ারস্পোর্টস যানবাহন এবং বৃহত্তর যানবাহন নির্মাণশিল্পে একই ধরনের পদ্ধতি ছড়িয়ে পড়লে সম্মিলিতভাবে এর প্রভাব উল্লেখযোগ্য হতে পারে।

তবে Yamaha-এর এই উদ্যোগ একাই পুরো শিল্পের পরিবেশগত সমস্যার সমাধান করবে না। প্রকৃত সুফল নির্ভর করবে কোম্পানিটি কতটা পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারছে, উপাদানটি কীভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং গুণগত মানের সঙ্গে আপস না করে উৎপাদনের পরিমাণ কতটা বাড়ানো যাচ্ছে তার ওপর। তারপরও ইঞ্জিনের মতো উচ্চ কার্যক্ষমতা ও স্থায়িত্ব প্রয়োজন এমন যন্ত্রাংশে পুনর্ব্যবহৃত উপাদান ব্যবহার করা শিল্পবর্জ্য কমানোর দিকে একটি ইতিবাচক পদক্ষেপ।

এখানে পুরো শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। Yamaha-এর বিশ্বাস, ইঞ্জিনের ভেতরে পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম কার্যকরভাবে ব্যবহার করতে পারলে তা করপোরেট পরিবেশবান্ধবতার আরেকটি স্লোগানের চেয়ে অনেক বেশি বাস্তব সুফল দিতে পারে।

Next
Next

ভারতে উৎপাদন সরাচ্ছে না KTM