Curated Cars: পর্দার আড়ালে 

ছবিঃ ইমরান আবিদ

দুর্লভ ক্লাসিক, নজরকারা এক্সোটিক, এবং অসাধারণ সব গাড়ির রুচিশীল প্রদর্শনীর জন্য Curated Cars বিশেষভাবে পরিচিত। তবে Cars & Conversation এবং Rahimoto-র যৌথ উদ্যোগে আয়োজিত এই ঝকঝকে উপস্থাপনার আড়ালে থাকে প্রদর্শনীর আগের রাতের প্রস্তুতি।

কিছু সমস্যা, টুকটাক অঘটন এবং নাটকীয়তায় ভর্তি এই প্রস্তুতির আয়োজন হয় স্মৃতিতে ভরপুর।

দর্শনার্থীদের ভিড় জমার আগেই গাড়িগুলো রাতে দেখার আগাম সুযোগ পেয়ে আমরা Aloki-তে পৌঁছে যাই গভীর রাতে। পৌঁছে দেখতে পাই , পুরো আয়োজনটি ঘড়ির কাঁটা এবং প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করছে। বাইরে পার্কিং লটে শ্রমিকদের হাঁকডাক ও ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। সেখানে BYD, Mercedes-Benz, MG এবং Wuling সহ প্রায় অর্ধডজন নতুন গাড়ির ব্র্যান্ডের স্টল তৈরির কাজ চলছিল পুরোদমে।

আমরা যখন পৌঁছাই ততক্ষণে Mercedes-Benz তাদের বৈদ্যুতিক G580 G-Wagon গাড়িটিকে একটি কৃত্রিম পাহাড়ের ওপর তুলে ফেলেছিল। আর তার পাশেই চায়নার BYD ব্র্যান্ড নিজেদের প্যাভিলিয়ন তৈরিতে ছিল তুমুল ব্যস্ত।

অসমাপ্ত বুথগুলোর মাঝে পার্ক করা ছিল Wuling ও MG-র গাড়িগুলো। তাদের সাথেই জায়গা ভাগ করে নিয়েছিল অটোমোবাইলপ্রেমীদের পছন্দের কিছু টিউনার কার—একটি Subaru STI, একটি Honda Civic Type R এবং একটি ক্লাসিক Prelude।

এত অস্থিরতা, ছোটাছুটি ও ব্যস্ততার মাঝেই হঠাৎ এক পশলা বৃষ্টি সকল কিছুকে থমকে দেয়, কিছুক্ষণের জন্যে নিয়ে আসে বিরতি।

গত বছরের মতই Aloki-র গ্রিনহাউসটি প্রস্তুত করা হয়েছিল ক্লাসিক ও রেস্টোমড গাড়ির জন্য, তবে এবার গ্রিনহাউসের দরজাটা কিছু উদ্ভট সমস্যার জন্ম দেয়।

দরজাটা দিয়ে MG-র সংরক্ষিত সবুজ রঙের 1971 MGB-টির ভেতরে প্রবেশ করতে কোন সমস্যা হয়নি, তবে MG Cyberstar-টি নিয়ে শুরু হয় গ্রীন হাউসের দরজার সকল ঝামেলা। অত্যাধুনিক এই বৈদ্যুতিক রোডস্টারটা আকারে ক্লাসিক MGB-র তুলনায় বেশ বড়। সরু সেই প্রবেশদ্বার দিয়ে ঢুকতে গিয়ে বেশ বিপাকে পড়ে গাড়িটি।

পরিশেষে রাতে Cyberstar-টি ঢুকানোর পরিকল্পনা বাদ দেয় MG। সকালের আলোতে তারা আবার চেষ্টা করবে।

সংকীর্ণ এই দরজার কারণে আরো একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়—আরেকটি ক্লাসিক গাড়ি ঢোকানোর সময়, দরজার ঠিক পাশেই রাখা MGB গাড়িটির সাথে দুর্ঘটনাবশত লেগে যায় ঘষা। ভেঙে যায় ব্রিটিশ গাড়িটির ইন্ডিকেটর লেন্স।

তবে এই অঘটনের পর বাকি ভিন্টেজ গাড়িগুলো—একটি Volkswagen Transporter, একটি Fiat 1500 sedan এবং একটি Fiat X1/9—আর কোন অনাকাঙ্খিত ঘটনা এড়িয়ে নিজ নিজ জায়গা করে নেয়।

মেইন বিল্ডিংয়ের প্রবেশমুখ সরব ছিল নির্মাণকাজের বিকট আওয়াজে; চলছিল সেখানে Globatt Battery এবং Rahimafrooz সহ বিভিন্নও পার্টস প্রদর্শনকারী প্রতিষ্ঠানগুলোর বুথ তৈরির বিশাল আয়োজন।

তবে অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল ভেতরে ঢুকে বামে। মূল হলের ফ্লোর আলকিত করছিল মডার্ন ক্লাসিক এবং ফ্ল্যাগশিপ এক্সোটিক গাড়িগুলো।

হলের ডান পাশ রাখা ছিল ইউরোপীয় গাড়িগুলো—যার মাঝে ছিল একটি McLaren Artura, একটি Porsche 911 Turbo, একটি BMW M5 এবং রেসিং লিভারিতে মোড়ানো আরেকটি 5 Series।

অন্যপাশে দাপট নিয়ে দাঁড়িয়ে ছিল জাপানি ইঞ্জিনিয়ারিং; যার মূল আকর্ষণ ছিল একটি লাল রঙের Toyota Land Cruiser FJ40, বরাবরের মত হৃদয় রাঙানো Nissan GT-R এবং আধুনিক জাপানিজ পারফরম্যান্সের প্রতিনিধি হিসেবে একটি কালো GR Yaris।

সকল ঝঞ্ঝাটের পরও রাত তিনটার মধ্যে বেশিরভাগ গাড়িগুলোই দারিয়ে যায় তাদের নির্ধারিত জায়গায়, সকল বিশৃঙ্খলা চলে আসে তাদের নিজেদের একটি ছন্দে।

আর মাত্র দশ ঘণ্টারও কম সময়ে শতশত দর্শনার্থী আসবে গাড়িগুলো দেখতে। অনেকে তুলবে ছবি, অনেকেই করবে ভিডিও। হবে প্রচুর গল্প, হাসাহাসি, আর স্মৃতিচারণ।

তবে এই আয়োজনকে এক সুতোয় গাঁথতে গত রাতে ঘটে যাওয়া বিশৃঙ্খলা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং আর সকল রোমাঞ্চের গল্প খুব কম মানুষই জানতে পারবে।

একটি ভাঙা ইন্ডিকেটর লেন্স, কর্দমাক্ত বৃষ্টি এবং গভীর রাতের সেই দৌড়ঝাঁপ, যার মধ্য দিয়েই প্রাণ পেয়েছে এই রাজকীয় আসর।

রোমাঞ্চকর সেই রাতের স্মৃতি এই পুরো আসরটিকে অতুলনীয় করে তোলে।

রাহবার আল হক

অটোমোবাইল সাংবাদিকতা ও কনটেন্ট স্ট্র্যাটেজিতে রাহবার আল হকের রয়েছে ১০ বছরেরও বেশি সময়ের পথচলা। দ্য ডেইলি স্টার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (TBS), দ্য টারবাইন এবং অটোড্রাইভ বিডি-র মতো শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মে সম্পাদকীয় পরিচালনা, নতুন কনটেন্ট টিম গড়ে তোলা এবং টেস্ট ড্রাইভের সার্বিক ব্যবস্থাপনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

Previous
Previous

Curated Cars 2026: ঢাকার বুকে গাড়ির স্বর্গোদ্যান

Next
Next

বিদ্যুতায়িত গাড়ি, নিঃশব্দ যাত্রা, চোখ ধাঁধানো গতি: BYD মিডিয়া ড্রাইভ ২০২৬