বিদ্যুতায়িত গাড়ি, নিঃশব্দ যাত্রা, চোখ ধাঁধানো গতি: BYD মিডিয়া ড্রাইভ ২০২৬

ছবিঃ ইমরান আবিদ

বাংলাদেশর কিছু গাড়ির প্রতিষ্ঠান সাধারণত মিডিয়া ইভেন্ট করে এভাবে; সাংবাদিকদের ফাইভ স্টার হোটেলে আমন্ত্রণ জানায়, কোনো সিনিয়র এক্সিকিউটিভের সামনে মাইক বসিয়ে দেয় এবং এত খাবার পরিবেশন করে যে সবাই ভুলেই যায় তারা একটি গাড়ির নিউজ করতে এসেছে।

BYD Bangladesh-এর ধারনা একটু অন্যরকম। তারা মনে করে কেউ যদি তাদের গাড়ি নিয়ে লিখতে চায়, তাদের আগে উচিত গাড়িগুলো একটু চালিয়ে দেখা।

সেই জের ধরে মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬-এ BYD Bangladesh তাদের দ্বিতীয় BYD মিডিয়া ড্রাইভ আয়োজন করে। গত বছরের মুন্সীগঞ্জের Project Hilsa সফরের পর এবার গন্তব্য ছিল গাজীপুরের Sarah Resort।

মূল ভাবনাটা ছিলো একই : সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রির অতিথিদের স্টিয়ারিংয়ের পেছনে বসিয়ে দেওয়া এবং দেখা ইলেকট্রিক টর্ক ও ফাঁকা রাস্তা পেলে তারা কি করে।

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুম থেকে শুরু হয় এ আয়োজন। সকাল সাড়ে ৭টা থেকে অটোমোবাইল জগতের চেনা মুখগুলো ধীরে ধীরে জমায়েত হতে থাকেন। Cars & Conversation-এর মুস্তাভি, AutoFlex-এর ইনতিখাব, Ahmed Drive-এর আহমেদ, পুরো Auto Rebellion টিম এবং Vovo-র দিদারুল ইসলাম সুজন সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর, ইন্ডাস্ট্রি গেস্ট এবং BYD Bangladesh-এর সিনিয়র টিম।

এ বছরের আয়োজনটি ছিল বিগত বছরের তুলনায় বেশ বড়, বিশেষ করে গাড়ির সংখ্যায়। ২০২৫ সালে উপস্থিতি শুধু মডেল Sealion 6 এবং Atto 3-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর এবার ছিল পাঁচটি অপশন: Sealion 6 ও Atto 3-এর সাথে যুক্ত হয়েছে Sealion 5 REEV crossover, Seal 6 EV sedan এবং Seal 5 REEV sedan।

আমাদের হাতে তুলে দেওয়া হয়েছিল একটি কালো Seal 5-এর চাবি।

একটি সংক্ষিপ্ত সেফটি ব্রিফিং এবং হালকা নাশতার পর ২০টিরও বেশি গাড়ি Tejgaon শোরুম থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। লক্ষ্য ছিল এই রুটটির মাধ্যমে বাংলাদেশের রাস্তা, ট্রাফিক এবং ইলেকট্রিক মোটরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অভিজ্ঞতা নেয়া।

যাত্রাপথে বিভিন্ন ধরনের রাস্তায় বিওয়াইডির গাড়ি চালিয়ে এতে ব্যবহৃত প্রযুক্তি, স্বাচ্ছন্দ্য, কার্যক্ষমতা ও ড্রাইভিংয়ের নানান দিক সম্পর্কে অভিজ্ঞতা নেন অংশগ্রহণকারীরা।

বলা বাহুল্য, বেশিরভাগ অংশগ্রহণকারী ফাঁকা রাস্তা আর ইলেকট্রিক টক পেয়ে স্রেফ অলস বা আরামদায়ক ড্রাইভের কথা চিন্তা করেনি। বরং সবাই গাড়িটি চালাতে এতই আনন্দ পাচ্ছিল যে পরিকল্পিত একটি চা-পানের বিরতি সম্পূর্ণ বাতিল হয়ে যায়, এবং সবাই সিদ্ধান্ত নেয় তারা একেবারে রিসোর্টে গিয়েই বিরতি দেবে।

Sarah Resort-এ পৌঁছানোর পর, BYD-র প্রোডাক্ট স্পেশালিস্ট রেজওয়ান রহমান গাড়ির বিভিন্ন প্রযুক্তিগত দিক নিয়ে একটি উপস্থাপনা দেন। পরে তিনি একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ সময় সম্প্রতি বাজারে যুক্ত হওয়া চারটি নতুন মডেলসহ বিওয়াইডির গাড়ির পোর্টফোলিও তুলে ধরা হয়।

অতিথিদের সাথে কথা বলার সময় BYD বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বাংলাদেশে ২০২৪ সালে কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানটির যাত্রার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আজ বাংলাদেশের রাস্তায় বিওয়াইডির ১ হাজার ৫০০টির বেশি গাড়ি চলছে। আমাদের কাছে এটি শুধু একটি সংখ্যা নয়, এটি ১ হাজার ৫০০টির বেশি ক্রেতার আস্থার প্রতিফলন, যাঁরা বিওয়াইডিকে বেছে নিয়েছেন এবং যাতায়াতের নতুন বিকল্পের ওপর আস্থা রেখেছেন।’

ইমতিয়াজ আরও জোর দিয়ে বলেন যে, বিওয়াইডির দায়িত্ব শুধু গাড়ি বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। বিক্রয় ও সেবার নেটওয়ার্ক জোরদার করা, আসল খুচরা যন্ত্রাংশের সরবরাহ নিশ্চিত করা, চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং বিক্রয়–পরবর্তী সেবার সক্ষমতা বাড়ানোর দিকেও প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে।

সুতরাং বাংলাদেশে এখন ১,৫০০টিরও বেশি BYD গাড়ি চলাচল করছে এবং তাদের প্রোডাক্ট রেঞ্জও বাড়ছে। কোম্পানিটি শোরুম পরিধির পাশাপাশি টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের ওপর জোর দিয়ে অগ্রগতির পরবর্তী ধাপের জন্য নিজেকে প্রস্তুত করছে।

প্রশ্নোত্তর পর্বে দুটি নতুন তথ্য পাওয়া যায়। প্রথমত, BYD বাংলাদেশে স্থানীয়ভাবে গাড়ি উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে, যার বিস্তারিত প্রাথমিক কাজ এক বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয়ত, Denza লাক্সারি ব্র্যান্ড বাংলাদেশে আসবে কিনা জানতে চাওয়া হলে উত্তরটি বেশ সংক্ষিপ্ত ছিল: "নো কমেন্ট"।

এরপর ছিল Sarah Resort-এর সৌজন্যে মধ্যাহ্নভোজ, তারপর এক ঘণ্টার বিনোদন। যার একটি ছিল Seal-এর ৩.৮ সেকেন্ডের অ্যাক্সিলারেশন উপভোগ করা।

ঢাকায় ফেরার যাত্রায় আমরা আমাদের Sealion 5-এর বদলে বেছে নিই পুরোপুরি ইলেকট্রিক Seal 6 sedan। সুতরাং, দিনশেষে আমাদের রোড ট্রিপটি একটি অনানুষ্ঠানিক দুই-গাড়ির টেস্ট ড্রাইভে পরিণত হয়েছিল—যাওয়ার পথে একটি হাইব্রিড এবং ফেরার পথে একটি EV।

আর এটিই হয়তো পুরো আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। BYD Bangladesh কেবল সাংবাদিকদের এক রুমে বসিয়ে প্রেস রিলিজ পড়ে শোনায়নি। তারা তাদের আসল রাস্তায়, বাস্তব ট্রাফিক সহ নিজস্ব প্রোডাক্টে বসিয়ে দিয়েছিল—সবাইকে মনে করিয়ে দিতে পেরেছে যে কেন তাদের ইলেকট্রিক গাড়িগুলো শুরুতেই এত মনোযোগ আকর্ষণ করেছে।

প্রেস রিলিজ আপনাকে বলতে পারে একটি গাড়ির কী করার কথা। আর একটি সকাল সেটি চালানোর অভিজ্ঞতা আপনাকে জানিয়ে দেয় এটি আসলেই তা করে কিনা।

রাহবার আল হক

অটোমোবাইল সাংবাদিকতা ও কনটেন্ট স্ট্র্যাটেজিতে রাহবার আল হকের রয়েছে ১০ বছরেরও বেশি সময়ের পথচলা। দ্য ডেইলি স্টার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (TBS), দ্য টারবাইন এবং অটোড্রাইভ বিডি-র মতো শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মে সম্পাদকীয় পরিচালনা, নতুন কনটেন্ট টিম গড়ে তোলা এবং টেস্ট ড্রাইভের সার্বিক ব্যবস্থাপনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

Previous
Previous

Curated Cars: পর্দার আড়ালে 

Next
Next

হারিয়ে যাওয়া ৫টি গাড়ির ফিচার