পুরনো Defender-এ V8 বসাবে Land Rover

ছবিঃ JLR Classic

পুরনো ক্লাসিক Defender-এর ইঞ্জিন সিলিন্ডার দ্বিগুণ এবং শক্তি তিন গুণ বাড়িয়ে নেওয়ার এক লোভনীয় সুযোগ নিয়ে এলো Land Rover Classic।

প্রতিষ্ঠানটি তাদের নতুন 'Works V8 Conversion' রেস্টোমোড প্রোগ্রামের মাধ্যমে আগের প্রজন্মের Defender-এর পুরনো Puma ডিজেল ইঞ্জিনকে বদলে শক্তিশালী এক 5.0-liter naturally aspirated V8 ইঞ্জিন বসানোর এক সুবর্ণ সুযোগ করে দিয়েছে।

আট-গতির ZF অটোমেটিক ট্রান্সমিশনের সাথে যুক্ত এই ইঞ্জিন থেকে পাওয়া যাবে ৪০৫ হর্সপাওয়ার এবং ৩৮০ পাউন্ড-ফুট টর্ক। আধুনিক জটিল কম্পিউটারে ঠাসা সুপারচার্জড ইঞ্জিনের ঝামেলা এড়িয়ে এটি দেবে বড় ডিসপ্লেসমেন্টের খাঁটি ও চিরাচরিত শক্তির স্বাদ।

JLR Classic-এর ডিরেক্টর Dominic Elms এই প্রকল্পের ব্যাপারে বলেন, এটি একই সাথে একটি পরিবারের যাতায়াতের নির্ভরযোগ্য সঙ্গী অথবা সংগ্রাহকদের একটি মূল্যবান সম্পদ সব ধরনের গ্রাহকের কথাই বিবেচনায় রেখেছে।

তবে পুনর্জীবিত এই গ্রামীণ বাহনগুলো যেন বাঁক নেওয়ার সময় উল্টে না যায়, সেজন্য প্যাকেজে যুক্ত করা হয়েছে উন্নত Bilstein ড্যাম্পার এবং Eibach কয়েল স্প্রিং। আর এর দানবীয় গতির লাগাম টানার জন্য রয়েছে Alcon-এর শক্তিশালী ব্রেক সেটআপ, যার মধ্যে রয়েছে ফোর-পিস্টন ক্যালিপার এবং সামনে ৩৩৫ মিলিমিটার ও পেছনে ৩০০ মিলিমিটারের ডিস্ক রোটার।

বাইরের চেহারায় ক্লাসিক ঐতিহ্য বজায় রাখতে এতে রাখা হয়েছে স্ট্যান্ডার্ড ১৬ ইঞ্চির স্টিল হুইল—তবে সৌখিন মালিকদের জন্য চোখ ধাঁধানো বিকল্প ১৮ ইঞ্চির অ্যালয় নেওয়ারও সুযোগ রয়েছে। এছাড়া বাইরে থাকবে বিশেষ 'Works V8' ব্যাজিং এবং কেবিনের ভেতরে অটোমেটিক শিফটার বসানোর জন্য সেন্টার কনসোলে আনা হয়েছে পরিমার্জিত রূপ।

তবুও আভিজাত্যের নিয়ম মেনে এই পুরো ইঞ্জিনের ‘হার্ট ট্রান্সপ্ল্যান্ট’ কিন্তু সবার কপালে জুটছে না। এটি কেবল ২০১২ থেকে ২০১৬ মডেল বর্ষের মধ্যে তৈরি Defender L316-এর 90 এবং 110 মডেলগুলোর জন্যই সীমাবদ্ধ রাখা হয়েছে, যা মূলত Puma ডিজেল যুগের শেষ ভাগ। আর যারা ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যকার পুরনো সংস্করণগুলো চালাচ্ছেন, তাদের তাদের কেবল দেওয়া হচ্ছে চেসিস, সাসপেনশন এবং ব্রেকিং আপগ্রেড।

ব্রেক বা সাসপেনশনের মতো ছোটখাটো যন্ত্রাংশ Land Rover Classic Parts-এর ওয়েবসাইট থেকে কিনে সাধারণ গ্যারেজে বসানো গেলেও, মূল V8 ইঞ্জিনটি চেসিসে বসাতে হলে গাড়িটি পাঠাতে হবে যুক্তরাজ্য বা জার্মানিতে অবস্থিত Land Rover Classic Works-এর নিজস্ব কারখানায়।

এই বিপুল রূপান্তরের পেছনে কত টাকার খরচ হবে, সে বিষয়ে কোন তথ্য দিতে নারাজ JLR Classic। গাড়ির সার্বিক অবস্থা, বাজার এবং স্পেসিফিকেশন মূল্যায়নের পরই কেবল খরচের আসল অংকটি গ্রাহকের সামনে প্রকাশ করবেন তাদের বিশেষজ্ঞরা।

Previous
Previous

আসছে Hot Wheels-র বেগুনি Porsche 959

Next
Next

৮৮৮ হর্সপাওয়ারের ছাদখোলা G-Wagen আনল Brabus