সবাই আমাদের নকল করে: Bentley

ছবিঃ Bentley

নিজেদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে ব্রিটিশ বিলাসবহুল ব্র্যান্ড Bentley, আর সেই সাথেই নিজেদের ডিজাইন দক্ষতা নিয়ে সীমাহীন আত্মতৃপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সংবাদমাধ্যম CarExpert-এর সাথে আলাপকালে Bentley Motors-এর হেড অব ডিজাইন T. Jon Mayer প্রতিদ্বন্দ্বী নির্মাতাদের নকশা অনুকরণ করা নিয়ে একপ্রকার নির্লিপ্ততা দেখিয়েছেন। তিনি বলেন, “আমরা শীর্ষস্থানীয় একটি ব্র্যান্ড, তাই অনেক ব্র্যান্ডই আমাদের দিকে অনুপ্রেরণার জন্য তাকায়। আমি ঠিক ‘নকল’ বলব না, তবে ইন্টেরিয়র ও এক্সটেরিয়রের মতো সুনির্দিষ্ট জায়গাগুলো থেকে তারা নিশ্চিতভাবেই বিপুল অনুপ্রেরণা নেয়। তবে এটি সমগ্র শিল্প জুড়েই ঘটে থাকে।”

মৌলিকতার এই অবিসংবাদিত দাবি অবশ্য কিছুটা অদ্ভুত শোনায়। কারণ প্রতিষ্ঠানটির ১০৭ বছরের ইতিহাসে প্রথম অল-ইলেকট্রিক যান Torcal-এ এমন সব ডিজাইন গিমিকের ছড়াছড়ি, যা অন্য নির্মাতারা আগেই বাজারে জনপ্রিয় করে তুলেছে। পুরোদস্তুর আলোকোজ্জ্বল ফ্রন্ট গ্রিল, কেবিনে কৃত্রিম প্রপালশন সাউন্ড কিংবা প্রথাগত লেদারের বদলে ভেড়ার পশম বা উলের ব্যবহার—কোনোটিই নতুন নয়। এমনকি Crewe-তে তৈরি মেটালের নিচে গাড়িটির মূল প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে Volkswagen Group-এর কমন পার্টস-বিনের ওপর, যার ‘Premium Platform Electric’ আর্কিটেকচার সরাসরি ভাগাভাগি করা হয়েছে Porsche Cayenne Electric-এর সাথে।

ঐতিহ্যের প্রতি অগাধ নিষ্ঠার দাবি করলেও Torcal ব্র্যান্ডটির সুপরিচিত সিগনেচার টুইন-পড হেডল্যাম্প পুরোপুরি বিসর্জন দিয়েছে। Arnage-এর আদলে তৈরি করতে গিয়ে খাড়া নাক ও রেকের ফ্রন্ট ফেন্ডারের সংযোগস্থলে গাড়িটির নকশায় একটি দৃষ্টিকটু অসামঞ্জস্য তৈরি হয়েছে। Mayer নিজেও শতবর্ষী ঐতিহ্যের মাঝে কাজ করার সীমাবদ্ধতাকে কখনো কখনো ডিজাইনারের জন্য ‘হাতকড়া’ পড়ার অনুভূতির সাথে তুলনা করেছেন।

অন্যদিকে Torcal-এর প্রোডাক্ট লাইন ডিরেক্টর Marti Page দাবি করেছেন, তাদের অনন্য নির্মাণশৈলীই ব্র্যান্ডের আভিজাত্য টিকিয়ে রেখেছে উদাহরণ হিসেবে গাড়িটির গ্রিলে থাকা ৭৬টি ‘হিরে’ হাতে সংযোজন করার মতো মেথডোলজির কথা উল্লেখ করেন তিনি।

নিজেদের বিস্পোক মর্যাদাকে জোরদার করতে Torcal-এ অটোমোবাইল ইতিহাসে প্রথমবারের মতো শতভাগ মেরিনো উল আপহোলস্ট্রি দেওয়া হয়েছে। সাথে আছে ইংল্যান্ডের Lake District-এর Cumbria Crystal-এর হাতে কাটা স্ফটিকের মাধ্যমে প্রজেক্টেড অ্যাম্বিয়েন্ট লাইটিং। এছাড়াও Torcal S First Edition-এর জন্য ‘Electrum’ সাটিন গ্রিন-গোল্ড রঙের বিশেষ ফিনিশ আনা হয়েছে।

তবে কেবিনের এই বিপুল আড়ম্বর আর হস্তনির্মিত কারুকাজ দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, করপোরেট প্ল্যাটফর্মের ধার করা হার্ডওয়্যারকে যত দামি মোড়কেই জড়ানো হোক না কেন, তা খাঁটি Bentley-র আসল চরিত্র ধরে রাখার চেয়ে চীনের অতি-ধনী বৈদ্যুতিক গাড়ি ক্রেতাদের মন ভোলানোর হিসাবি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

Previous
Previous

গতিতেই সুপারকার হয় না: Lamborghini

Next
Next

ইউরোপে Ford-এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে BYD