হঠাৎ বিচ্ছিন্ন Omoda 5-এর পেছনের অ্যাক্সেল
ছবিঃ Panggil Aku Naz
মালয়েশিয়ার Johor Bahru-তে একটি Chery Omoda 5-এর পেছনের অ্যাক্সেল আচমকা গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঘটনাটি ঘটে ৬ অক্টোবর, Jalan Pandan-এ, AEON Mall Tebrau City-এর কাছে। Panggil Aku Naz-এর প্রকাশিত ড্যাশক্যাম ফুটেজ ও ছবিতে দেখা যায়, JWL 2862 রেজিস্ট্রেশন নম্বরের গাড়িটি রাস্তার একটি লেনে অচল হয়ে পড়ে আছে। গাড়ির চ্যাসিস থেকে পেছনের সম্পূর্ণ সাসপেনশন অ্যাসেম্বলিটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এর সঙ্গে বেরিয়ে এসেছে ট্রান্সভার্স টর্শন বিম, ট্রেইলিং আর্ম, শক অ্যাবজরবার, ব্রেক লাইন এবং পেছনের দুটি চাকাও। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ছবিতে গাড়িটির পেছনের ডান পাশের যাত্রীর দরজায় কয়েকটি ডেন্টও দেখা গেছে। তবে এগুলো এই দুর্ঘটনার কারণে হয়েছে, নাকি আগে থেকেই ছিল, তা নিশ্চিত নয়।
২০২৪ সালের ২৮ এপ্রিলের আরেকটি ঘটনার সাথে এই ঘটনার সাদৃশ্য রয়েছে। Snowbunnie-র তোলা ছবিতে দেখা যায়, মালয়েশিয়ার আরেক Omoda 5 ধীরগতিতে যানজটে চলার সময় পেছনের অ্যাক্সেল বিম ভেঙে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দুর্ঘটনাটি Malaysia’s Road Transport Department (JPJ)-এর তদন্তের সূত্রপাত ঘটায়। পাশাপাশি, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে Chery Auto Malaysia ৬০০টি গাড়ি নিয়ে একটি সেফটি রিকল কার্যক্রম শুরু করে। ২০২৪ সালের মে মাসে প্রকাশিত Chery-এর সেফটি নোটিশে এই কার্যক্রমের বিস্তারিত জানানো হয়।
ছবিঃ Snowbunnie
২০২৪ সালের মে মাসে একটি টেকনিক্যাল ব্রিফিংয়ে Chery Auto Malaysia-এর ভাইস প্রেসিডেন্ট Lee Wen Hsiang দানা, এই সমস্যার মূল কারণ ছিল একটি বিদেশী যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতির ক্যালিব্রেশন (পরিমাপ নির্ধারণ) ত্রুটি। রক্ষণাবেক্ষণের সময় একটি স্বয়ংক্রিয় ওয়েল্ডিং টিপ (ঝালাইয়ের মাথা) পরিবর্তন করা হয়েছিল, তবে সঠিকভাবে পুনরায় ক্যালিব্রেশন না করার কারণে ক্ষতিগ্রস্ত রিয়ার এক্সেল বিমগুলোতে ঝালাইয়ের কাজ পুরোপুরি বা নিখুঁতভাবে সম্পন্ন হয়নি এবং জোড়ের দৃঢ়তা মজবুত বা সম্পূর্ণ হয়নি।
Chery জানিয়েছিল, ১৫ আগস্ট ২০২৩-এ উৎপাদিত ত৬০টি Omoda 5 শনাক্ত করা হয়েছে যেগুলোতে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার করার হয়েছিল। তবে বৃহত্তর পরিসরে পরিদর্শন কার্যক্রমের আওতায় আনা হয়েছিল ৬০০টি গাড়ি, যেগুলোতে ১৪ থেকে ১৭ আগস্ট ২০২৩-এর মধ্যে তৈরি পেছনের অ্যাক্সেল ব্যবহার করা হয়েছিল।
রিকলটি প্রযোজ্য ছিল মালয়েশিয়ার বাজারে বিক্রি হওয়া 1.5-litre turbocharged engine, front-wheel drive, CVT এবং torsion-beam rear suspension-যুক্ত Omoda 5-এর ক্ষেত্রে। তবে এর আওতায় স্বয়ংক্রিয়ভাবে বৈদ্যুতিক Omoda E5 পড়েনি, কারণ এগুলোর পেছনের সাসপেনশন ভিন্ন নকশার ছিল। মালয়েশিয়ার Kedah রাজ্যের Kulim-এ Inokom Corporation, Completely Knocked Down (CKD) কিট ব্যবহার করে Omoda 5 সংযোজন করে।
২০২৪ সালের ২৪ মে নাগাদ Chery জানিয়েছিল, রিকল কার্যক্রমের আওতায় থাকা ৬০০টি গাড়ির সব মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ৯২ শতাংশ গাড়ির পরিদর্শন সম্পন্ন হয়েছে। তবে সর্বশেষ ঘটনাটি নতুন করে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। JWL 2862 নম্বরের গাড়িটি ২০২৪ সালের পরিদর্শন কার্যক্রমে পরীক্ষা করে ত্রুটিমুক্ত ঘোষণা করা হয়েছিল কি না, তা যাচাই করা যায়নি। একইভাবে, গাড়িটি ২০২৩ সালের আগস্টের নির্ধারিত উৎপাদন সময়সীমার বাইরের যন্ত্রাংশ দিয়ে তৈরি হয়েছিল কি না, সেটিও অজানা।
ছবিগুলো থেকে নিশ্চিত হওয়া যায় যে গাড়িটির পেছনের সাসপেনশন অ্যাসেম্বলি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু ঠিক কোথায় এবং কীভাবে ত্রুটি শুরু হয়েছিল, তা বোঝার জন্য এগুলো যথেষ্ট নয়। সমস্যাটি সাসপেনশনের মাউন্টিং পয়েন্টে , ট্রান্সভার্স বিমে কিংবা অন্য কোনও সংযোগস্থলে হয়ে থাকতে পারে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত Chery Auto Malaysia কোনও আনুষ্ঠানিক টেকনিক্যাল রিপোর্ট প্রকাশ করেনি। গাড়িটির উৎপাদনের তারিখও যাচাই করা সম্ভব হয়নি।
বৃহত্তর Chery পরিবারের একমাত্র মডেল হিসেবে Omoda 5-ই মান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্নের মুখে পড়েনি। ইউরোপেও Jaecoo-এর নির্ভরযোগ্যতা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। গত মাসে Jaecoo 7 যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রিত গাড়ি হলেও, ‘What Car? চলতি বছর যুক্তরাজ্যের সবচেয়ে কম নির্ভরযোগ্য ১০টি গাড়ির তালিকায় মডেলটিকে অন্তর্ভুক্ত করেছে।
প্রকাশিত অভিযোগগুলোর বেশিরভাগই ইঞ্জিন বা পাওয়ারট্রেনের বাইরের ইলেকট্রনিকস-সংক্রান্ত বলে মনে হচ্ছে। What Car?-এর তথ্য অনুযায়ী, সমস্যার সম্মুখীন হওয়া গ্রাহকদের ৬৫ শতাংশকে মেরামতের জন্য এক সপ্তাহেরও বেশি অপেক্ষা করতে হয়েছে। কম দামে গাড়ি কেনার প্রস্তাব আকর্ষণীয় মনে হতে পারে, তবে প্রত্যাশার চেয়ে বেশি সময় গাড়ি ওয়ার্কশপে পড়ে থাকলে সেই সাশ্রয়ের সুবিধা খানিকটা ম্লান হয়ে যায়।
বাংলাদেশেও Omoda 5 এবং Jaecoo 7—দুটি মডেলই বিক্রি হয়। তবে এখন পর্যন্ত এরকম কোন সমস্যা স্থানীয় বাজারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে মনে হয় না। অবশ্য এর অর্থ এই নয় যে বাংলাদেশে বিক্রি হওয়া গাড়িগুলো একই ধরনের ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত। আবার মালয়েশিয়ার সর্বশেষ ঘটনাটিও প্রমাণ করে না যে প্রতিটি Omoda 5-এর পেছনের অ্যাক্সেলেই ত্রুটি রয়েছে।
আপাতত প্রশ্নগুলোর উত্তর অজানা। সর্বশেষ দুর্ঘটনার কারণ কী এবং এর সঙ্গে ২০২৪ সালের রিকলের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা Chery-কেই খুঁজে বের করতে হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্য ক্রেতাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সময়ই বলে দেবে, এসব ঘটনা কি বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা হিসেবেই থেকে যাবে , নাকি এগুলো আরও বড় কোনও সমস্যার পূর্বাভাস।
BYD Bangladesh পরিবেশ রক্ষায় নিজেদের নানা পরিকল্পনার কথা তারা বরাবরই প্রচার করে আসছে। তবে গত শনিবার একটি চমৎকার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি তাদের কথার সার্থকতা প্রমাণ করল।