রেস্টোমোড যুগে প্রবেশ করল TechArt

ছবিঃ TechArt

প্রায় চার দশক ধরে আধুনিক Porsche গাড়ি মডিফাই করার পর প্রথমবারের মতো নিজস্ব রেস্টোমোড প্রজেক্ট 'GTclassic' উন্মোচন করেছে TechArt।

গাড়িটি ১৯৮৯ থেকে ১৯৯৪ সালের মধ্যে উৎপাদিত 964-প্রজন্মের Porsche 911-এর ডোনার চ্যাসিসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মাত্র ১১টি মডেল তৈরি করা হবে, যার প্রতিটি ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিশেষভাবে সাজানো হবে।

গাড়িটির পেছনের মূল দর্শন তুলে ধরে TechArt-এর চিফ এক্সিকিউটিভ অফিসার Benedict von Canal জানান, "আমাদের লক্ষ্য ক্লাসিক গাড়িকে নতুন করে উদ্ভাবন করা ছিল না, বরং এটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়াই ছিল মূল উদ্দেশ্য।"

গাড়িটির বাহ্যিক নকশায় ক্লাসিক লং-হুড F-series 911-এর অনুপ্রেরণা নেওয়া হয়েছে। এতে মূল 964-এরআকার বজায় রেখেই যুক্ত করা হয়েছে লম্বা হুড, জালির ভেন্ট এবং চওড়া ফেন্ডার। আধুনিক ছোঁয়া হিসেবে এতে রয়েছে এলইডি হেডলাইট ও টেইললাইট। সামনের লাইট থেকে পেছনের ডাকটেইল স্পয়লার পর্যন্ত চলে গেছে শ্যাম্পেন রঙের ট্রিম। ঐতিহ্যবাহী ফাইভ-স্পোক Fuchs চাকার অনুপ্রেরণায় এতে কাস্টম-ডিজাইন করা ১৮ ইঞ্চির টু-পিস ফোর্জড "Retrosport" হুইল ব‍্যবহৃত হয়েছে।

পেছনে রয়েছে TechArt-এর টিউন করা একটি 3.8-liter ন্যাচারালি অ্যাসপিরেটেড, এয়ার-কুলড ফ্ল্যাট-সিক্স ইঞ্জিন, যা প্রায় ৩৭৫ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। একটি ফাইভ-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের মাধমে এই শক্তি পেছনের চাকায় পাঠানো হয়। দৈনন্দিন ব্যবহারযোগ্যতা ও পারফরম্যান্সের ভারসাম্য রক্ষায় ফ্যাক্টরি পাওয়ার স্টিয়ারিং ও অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম অক্ষত রাখা হয়েছে এবং তার সাথে যুক্ত করা হয়েছে এক্সটার্নাল রিজার্ভার সংবলিত উন্নত সাসপেনশন ড্যাম্পার।

গাড়ির কেবিনে করা হয়েছে রেট্রো ভাব ও আধুনিক প্রযুক্তির দারুণ মেলবন্ধন । ১৯৭০ ও ১৯৮০-এর দশকের ক্লাসিক 911 কেবিনের অনুকরণে রাখা হয়েছে লাল লেদারের ছোঁয়াযুক্ত প্লেইড ফেব্রিক সিট, তাছাড়া ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের চারপাশেও শ্যাম্পেন রঙের ট্রিম ব্যবহার করা হয়েছে। ড্যাশবোর্ডে অ্যানালগ Hanhart ঘড়ির পাশাপাশি রয়েছে Apple CarPlay, স্মার্টফোন কানেক্টিভিটি, ব্লুটুথ ও নেভিগেশন সুবিধাযুক্ত আধুনিক হেড ইউনিট।

বিশেষায়িত এই সৃষ্টিটি মূলত বুটিক 964 রেস্টোমোড বাজারে Singer-এর DLS Turbo লাইনআপ এবং Gunther Werks-এর GXR Evo-র মতো গাড়িগুলোর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি করা হয়েছে।

গাড়িটির আনুষ্ঠানিক দাম প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সম্পূর্ণ একটি GTclassic তৈরি করতে প্রায় ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা) খরচ হতে পারে।

Previous
Previous

গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করছে বাংলাদেশি প্রতিষ্ঠান

Next
Next

টিকে থাকতে চীনের শরণাপন্ন Maserati