টিকে থাকতে চীনের শরণাপন্ন Maserati
ছবিঃ Maserati
বিপর্যস্ত ঐতিহ্যবাহী এই ইতালিয়ান ব্র্যান্ডটি এবার চীনের দিকে ঝুঁকছে।
অটোমোবাইল সংবাদমাধ্যম Future Cars Daily-কে উদ্ধৃত করে সংশ্লিষ্ট খাতের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, Maserati তাদের ব্র্যান্ডকে পুনরুজ্জীবিত করতে চীনের প্রযুক্তি জায়ান্ট Huawei এবং অটোমেকার JAC Motors-এর সাথে কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা চূড়ান্ত করছে।
এই ত্রিপক্ষীয় জোটের আওতায় দুটি সম্পূর্ণ ব্যাটারি-ইলেকট্রিক মডেল তৈরি করা হবে—একটি মাঝারি থেকে বড় সাইজের ইলেকট্রিক SUV এবং অন্যটি একটি বৃহৎ Grand Tourer। Grecale Folgore-এর পরিপূরক হিসেবে SUV মডেলটি আসবে। অন্যদিকে GranTurismo Folgore-এর ওপর ভিত্তি করে তৈরি GT মডেলটি ব্র্যান্ডটির স্পোর্টি ঐতিহ্য ধরে রাখবে। জানা গেছে, বাণিজ্যিক মডেল হিসেবে সম্পূর্ণ বৈদ্যুতিক GT গাড়িটিকেই আগে বাজারে আনা হতে পারে।
যৌথ উদ্যোগের অংশ হিসেবে Huawei সরবরাহ করবে তাদের Harmony Intelligent Mobility Alliance প্ল্যাটফর্ম, যার মধ্যে রয়েছে ইন্টেলিজেন্ট ডিজিটাল ককপিট, Qiankun ADS অটোনোমাস ড্রাইভিং আর্কিটেকচার এবং বৈদ্যুতিক ড্রাইভের যন্ত্রাংশ। চীনের Hefei-তে অবস্থিত Maextro উৎপাদন কারখানায় গাড়ির মূল ইঞ্জিনিয়ারিং ও উৎপাদনের দায়িত্ব সামলাবে JAC Motors। অন্যদিকে শতবর্ষের ঐতিহ্যবাহী ইতালিয়ান ডিজাইন এবং বিশ্বব্যাপী শক্তিশালী বিক্রয় ও বিতরণ নেটওয়ার্কের সুবিধা দেবে Maserati। চীনের বাজারে গাড়িগুলো Maextro ব্র্যান্ডের অধীনে বিক্রি হলেও আন্তর্জাতিক বাজারে তা Maserati-র ঐতিহ্যবাহী ট্রাইডেন্ট ব্যাজ নিয়েই নামবে।
উৎপাদন খরচ নিয়ন্ত্রণ এবং প্রিমিয়াম মান ধরে রাখতে সেমি নকড্ ডাউন পদ্ধতিতে গাড়িগুলো তৈরি হবে। JAC-এর কারখানায় আনপেইন্টেড বডি ফ্রেম তৈরি করে চূড়ান্ত মেকানিক্যাল সংযোজন, চ্যাসিস টিউনিং এবং বিলাসবহুল ইন্টেরিয়র বসানোর জন্য তা ইতালিতে পাঠানো হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ইতালির Cassino এবং Modena-তে অবস্থিত Maserati-র ঐতিহাসিক কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা আরো গতিশীল করার লক্ষ্য রয়েছে। শুরুতে Italy, France, Germany এবং Middle East-এর বাজারকে প্রাধান্য দেওয়া হবে, যেখানে সমস্ত বিতরণ ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে খোদ Maserati।
মূল অভিভাবক প্রতিষ্ঠান Stellantis-এর অধীনে তীব্র আর্থিক সংকটের কারণে এই প্রযুক্তিগত জোট গঠন করা হচ্ছে। ২০২৫ সালে Maserati-র বিশ্বব্যাপী গাড়ি সরবরাহ নেমে এসেছে ৮,০০০ ইউনিটের নিচে, যা ২০১৭ সালের শীর্ষ বিক্রির তুলনায় প্রায় ৮০ শতাংশ কম এবং গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।
একই সময়ে প্রতিষ্ঠানটির সমন্বিত পরিচালন লোকসান দাঁড়িয়েছে ১৯ কোটি ৮০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৬৮৭ কোটি ৫০ লাখ টাকা) এবং পরিচালন মুনাফার মার্জিন নেমে এসেছে ঋণাত্মক ২৭.৩ শতাংশে।
এই অর্থনৈতিক সংকট নিয়ে Stellantis-এর প্রধান নির্বাহী কর্মকর্তা Antonio Filosa আগেই জানিয়েছিলেন, ঐতিহাসিক এই ব্র্যান্ডটি বিক্রি না করে টিকিয়ে রাখতে বাইরের বড় কোন শিল্প অংশীদারদের যুক্ত করা ছাড়া উপায় নেই
বিপর্যস্ত ঐতিহ্যবাহী এই ইতালিয়ান ব্র্যান্ডটি এবার চীনের দিকে ঝুঁকছে।