ফিরে এল Ferrari 308-এর র‍্যালি স্পিরিট

ছবিঃ AC Motorsport

পুরোনো Ferrari কেনার শখ আছে, কিন্তু পুরোনো গাড়ির রক্ষণাবেক্ষণের ঝক্কি পোহানোর ইচ্ছা নেই? এমন সৌখিন ক্রেতাদের জন্যই এক দারুণ ও আকর্ষণীয় বিকল্প নিয়ে এসেছে AC Motorsport।

প্রতিষ্ঠানটি ইতালির Padova-তে উন্মোচন করেছে Michelotto Gruppo 4 Tributo গাড়িটি। Group 4 রেসিংয়ের জন্য Michelotto-র তৈরি Ferrari 308 GTB র‍্যালি কারের অনুপ্রেরণায় তৈরি করা এই গাড়িটি পুরোনো Ferrari-কে নতুন করে সাজানো কোনো রেস্টোমড নয়, আবার মূল গাড়িটির হুবহু প্রতিরূপও নয়। বরং এটি একটি গোড়া থেকে তৈরি একটি নতুন গাড়ি, যার মধ্যে পুরোনো 308-এর চেহারা ও র‍্যালির ঐতিহ্য ধরে রাখা হয়েছে।

এর উন্মোচনের সঙ্গে জড়িয়ে আছে আরেকটি উপলক্ষ। মূল Ferrari 308 GTB FIA-এর Group 4 প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমোদন পেয়েছিল ১৯৭৬ সালে। সেই ঘটনার ৫০ বছর পূর্তিতেই সামনে আনা হলো নতুন এই সংস্করণ।

AC Motorsport-এর প্রতিষ্ঠাতা Francesco Calzavara দীর্ঘদিন ধরে Michelotto-র সঙ্গে কাজ করছেন। সেই সুবাদে প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর সম্পর্কও বেশ পুরোনো।

মূল Michelotto Ferrari 308 GTB ১৯৮২ সালের Tour de Corse র‍্যালিতে দ্বিতীয় স্থান অর্জন করেছিল।

World Rally Championship-এর সর্বোচ্চ স্তরে Ferrari-র ইতিহাসে এটিই একমাত্র গাড়ি, যা পডিয়াম ফিনিশ নিশ্চিত করতে পেরেছিল।

বেশিরভাগ শ্রদ্ধা নিবেদনমূলক গাড়ির মতো Gruppo 4 Tributo তৈরিতে পুরোনো Ferrari 308-এর চ্যাসিস ব্যবহার করা হয়নি। নতুন এই গাড়িটিতে আছে সম্পূর্ণ নতুন টিউবুলার স্টিলের ফ্রেম, যার সঙ্গে যুক্ত করা হয়েছে সমন্বিত রোল কেজ। মূল 308-এর চ্যাসিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কম্পোজিট বডি প্যানেলে ধরে রাখা হয়েছে মূল গাড়ির ওয়েজ আকৃতি এবং পপ-আপ হেডলাইট।

প্রতিটি গাড়িতে থাকবে নিজস্ব কাস্টম চ্যাসিস, হাতে তৈরি V8 ইঞ্জিন এবং সম্পূর্ণ কার্বন-ফাইবার বডি। ইঞ্জিনটি ৩.৪-লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড V8, যা ৮,২৫০ rpm-এ ৩৭৫ হর্সপাওয়ার এবং ২৬৮ lb-ft টর্ক উৎপাদন করে। এতে কোনো টার্বোচার্জার বা হাইব্রিড ব্যবস্থা নেই।

পাঁচ-গতির ম্যানুয়াল গিয়ারবক্সের মাধ্যমে পেছনের চাকায় শক্তি পৌঁছায়। এতে রয়েছে গেটেড শিফটার। প্রথম গিয়ারটি ডগলেগ বিন্যাসে, অর্থাৎ নিচে ও বাঁ দিকে। দ্বিতীয় থেকে পঞ্চম গিয়ার একই সরল রেখায় সাজানো, যাতে ট্র্যাকে দ্রুত গিয়ার পরিবর্তন করা যায়। যারা মনে করেন আধুনিক গাড়িগুলো চালকের হয়ে গাড়ি চালানোর ব্যাপারে একটু বেশিই আগ্রহী, তাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে গাড়িটি।

ওজনের হিসাবটাও বেশ চমকপ্রদ। পেট্রল ছাড়া অন্যান্য কার্যোপযোগী তরলসহ Gruppo 4 Tributo-র ওজন মাত্র ২,০৯৪ পাউন্ড বা প্রায় ৯৫০ কেজি। আধুনিক Mazda MX-5 Miata-এর তুলনায়ও এটি অনেক হালকা। এত কম ওজনের গাড়ির পেছনের চাকায় ৩৭৫ হর্সপাওয়ার পৌঁছালে পরিস্থিতি যথেষ্ট নাটকীয় হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

সাসপেনশনে রয়েছে দুই প্রান্তে সমন্বয়যোগ্য শক অ্যাবজরবার এবং স্ট্যাবিলাইজার বার। ব্রেকিংয়ের দায়িত্বে রয়েছে চার পিস্টনের ক্যালিপার এবং চার চাকাতেই ভেন্টিলেটেড ডিস্ক।

কেবিনে সরল দর্শন ধরে রাখা হয়েছে। নেই কোনো টাচস্ক্রিন, বিশাল ডিসপ্লে কিংবা চালকের মনোযোগ নষ্ট করা ডিজিটাল সহকারী। এর বদলে রয়েছে তিন-স্পোক স্টিয়ারিং হুইল, আর একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে গাড়ি চালানোর অভিজ্ঞতাকে, ইলেকট্রনিক ফিচারকে নয়।

অত্যন্ত সীমিত সংখ্যায় উৎপাদন হবে গাড়িটি। ক্রেতার চাহিদা অনুযায়ী তৈরি করা হবে প্রতিটি ইউনিটের চ্যাসিস, ইঞ্জিন এবং কার্বন-ফাইবার বডি। আর দাম? যেহেতু প্রতিটি গাড়ি হবে হাতে বানানো তাই কোন নির্দিষ্ট দাম নেই। তবে ধরে নেওয়া যায়, দাম শুরু হবে শখানেক কোটি টাকা থেকে।

গাড়ি নির্মাতারা যখন নতুন মডেলে ব্যাটারি, স্ক্রিন ও সফটওয়্যার যোগ করতে ব্যস্ত, তখন AC Motorsport ও Michelotto ঠিক উল্টো পথে হাঁটছে। ৩.৪ লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড V8, পাঁচ গতির ম্যানুয়াল গিয়ারবক্স এবং এক টনের কম ওজন। গাড়ি চালানোর আনন্দ পেতে যে অত্যাধুনিক প্রযুক্তির দরকার নেই, Michelotto Gruppo 4 Tributo সেটাই মনে করিয়ে দেয়।

Next
Next

চীনে গাড়ি তৈরি করবে Lexus