ছবিঃ Toyota
ছয় প্রান্তিকের মধ্যে প্রথমবারের মতো মুনাফা বেড়েছে Toyota-র। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটি পরিচালন মুনাফা করেছে ১.১৩ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৭.১৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৮৯,১২৫ কোটি টাকা) ।
বিশেষ করে যুক্তরাষ্ট্রে হাইব্রিড ইলেকট্রিক গাড়ির ব্যাপক চাহিদা জাপানি গাড়ি নির্মাতাটিকে গত বছরের একই সময়ের তুলনায় ৩৪% মুনাফা বাড়াতে সাহায্য করেছে। একই সঙ্গে বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে এই ফলাফল।
বিনিয়োগকারীরাও ফলাফল দেখে সন্তুষ্ট। ৫ নভেম্বর Toyota-র শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৭%, যা ১৯৮৭ সালের অক্টোবরের পর কোম্পানিটির এক দিনে সবচেয়ে বড় উত্থান। কয়েক দশক ধরে তৈরি করে আসা প্রযুক্তির ওপর সবচেয়ে বড় বাজি রাখা একটি কোম্পানির জন্য এমন প্রতিক্রিয়া বেশ উল্লেখযোগ্য।
মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরের জন্য Toyota তাদের পুরো বছরের পরিচালন মুনাফার পূর্বাভাসও বাড়িয়ে ৩.৯ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ২৪.৬ বিলিয়ন মার্কিন ডলার বা ৩,০৭,৫০০ কোটি টাকা) করেছে। আগের পূর্বাভাসের তুলনায় এটি ১৫% বেশি। এছাড়া পূর্বাভাস উন্নত করতে সাহায্য করেছে ইয়েনের দুর্বল অবস্থান। তবে আরও বড় ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটির সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির পিছনে দ্রুত না ছুটে জ্বালানি চালিত হাইব্রিড গাড়িতে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত।
Toyota শুধু তাদের বর্তমান হাইব্রিড প্রযুক্তির ওপর নির্ভর করছে না। কোম্পানিটি নতুন প্রজন্মের একটি ব্যবস্থা তৈরি করছে, যেখানে থাকবে নতুন ১.৫-লিটারের চার সিলিন্ডারের ইঞ্জিন, ছোট বৈদ্যুতিক মোটর, কমপ্যাক্ট ইনভার্টার এবং আরও ছোট power-control unit। আশা করা হচ্ছে, নতুন যন্ত্রাংশগুলো জ্বালানি সাশ্রয় ১৫% পর্যন্ত বাড়াবে।
প্রবৃদ্ধির নতুন উৎস খুঁজতে গাড়ির বাইরেও নজর দিচ্ছে Toyota। নির্মাতা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিল্পের জন্য robotics ব্যবসা চালুর পরিকল্পনা নিশ্চিত করেছে কোম্পানিটি। তাদের লক্ষ্য, robotics-কে ব্যবসার অন্যতম প্রধান নতুন ভিত্তিতে পরিণত করা।
চীনের বাজারে ঘুরে দাঁড়ানোর লক্ষণও দেখা যাচ্ছে। দেশটির বাজারে বেশ কিছুদিন ধরেই কঠিন পরিস্থিতির মুখে রয়েছে Toyota। তবে কোম্পানিটির Chief Financial Officer Yoichi Miyazaki জানিয়েছেন।
Miyazaki বলেন, "বাজারে আমাদের অংশীদারিত্বের পতন আমরা ঠেকাতে পেরেছি এবং এখন আবার আগের অবস্থান পুনরুদ্ধার করতে শুরু করেছি।"
তিনি এই উন্নতির পেছনে কৃতিত্ব দিয়েছেন বিক্রির প্রচেষ্টা জোরদার করা এবং খরচ কমানোর উদ্যোগকে। Toyota-কে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে, তবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, পরিস্থিতি আর খারাপের দিকে যাচ্ছে না।
উত্তর আমেরিকার বাজারে Toyota-র অবস্থান আরও শক্তিশালী। বছরের প্রথম নয় মাসে এই অঞ্চলে তাদের বিক্রি ১.১% বেড়েছে। একই সঙ্গে পরিচালন মুনাফাও উন্নত হয়েছে। হাইব্রিড গাড়ির চাহিদা বেশি থাকায় Toyota-র পক্ষে সামলানো সহজ হয়েছে বাড়তি যন্ত্রাংশের খরচ এবং শুল্কের চাপ। এই অঞ্চলটি এখনো কোম্পানিটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্র। বিশেষ করে Hyundai তাদের হাইব্রিড গাড়ির পরিসর বাড়াচ্ছে এবং অন্যান্য নির্মাতারাও একই ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে।
২০২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে Toyota-র বিশ্বজুড়ে সম্মিলিত গাড়ি বিক্রি ৪.৭৮৩ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫% বেশি। হাইব্রিড গাড়ির বাড়তি চাহিদা চীন ও মধ্যপ্রাচ্যে কমে যাওয়া বিক্রির প্রভাব সামলাতে সাহায্য করেছে। Petrol-electric এবং plug-in hybrid মডেলগুলো কোম্পানিটির সামগ্রিক ব্যবসায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্রে হাইব্রিড গাড়ি তৈরির কার্যক্রমও বাড়াচ্ছে Toyota। San Antonio কারখানায় দ্বিতীয় Tacoma assembly line চালুর পরিকল্পনা রয়েছে তাদের। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানোর আগের প্রতিশ্রুতিগুলোর ধারাবাহিকতা বজায় থাকবে। উৎপাদন খরচ কমাতে ছোট গাড়িগুলোকে একটি অভিন্ন প্লাটফর্মে আনার কথাও ভাবছে কোম্পানিটি। পাশাপাশি শ্রমিকের খরচ বাড়তে থাকায় আরও বেশি রোবট ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এবার বেশি লাভবান হচ্ছেন শেয়ারহোল্ডাররা। Toyota তাদের পরিকল্পিত share buyback-এর পরিমাণ ১ ট্রিলিয়ন ইয়েন থেকে বাড়িয়ে ১.৩ ট্রিলিয়ন ইয়োন করেছে।পরিকল্পনা রয়েছে ২০৩১ সালের মার্চের মধ্যে শেয়ারহোল্ডারদের অর্থ ফেরত দিতে সর্বোচ্চ ১৪ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৮৯ বিলিয়ন মার্কিন ডলার বা ১১,১২,৫০০ কোটি টাকা) খরচ করার।
অন্য গাড়ি নির্মাতারা যখন সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির পেছনে বিপুল অর্থ ঢালছে, Toyota তখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। তাদের হাইব্রিড গাড়ি বিক্রি হচ্ছে, মুনাফা আবার বাড়ছে এবং আরও জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিনও আসছে। আপাতত এই কৌশল থেকে বেশ ভালোই আয় করছে কোম্পানিটি।
ইতালীয় রেসিং ড্রাইভার Alex Zanardi-র ৬০তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বিশেষ M3 উন্মোচন করেছে BMW Italia। একই সঙ্গে M3-এর ৪০তম বার্ষিকীর সঙ্গেও মিলে গেছে গাড়িটির উন্মোচন।