Alex Zanardi-কে সম্মান জানিয়ে বিশেষ BMW M3

ছবিঃ BMW

ইতালীয় রেসিং ড্রাইভার Alex Zanardi-র ৬০তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বিশেষ M3 উন্মোচন করেছে BMW Italia। একই সঙ্গে M3-এর ৪০তম বার্ষিকীর সঙ্গেও মিলে গেছে গাড়িটির উন্মোচন।

“Tribute to Alex Zanardi” নামের গাড়িটি EICMA 2026-এ Hall 14-এ BMW Motorrad-এর স্টলে প্রদর্শিত হচ্ছে। মোটরসাইকেলের প্রদর্শনীতে একটি গাড়ি কিছুটা বেমানান মনে হতে পারে, তবে এই গাড়ির পেছনের গল্পটি বলার মতো।

Alessandro Leone Zanardi ছিলেন একজন ইতালীয় রেসিং ড্রাইভার ও প্যারা-সাইক্লিস্ট। ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত Formula One, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত CART এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত World Touring Car Championship-এ প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। দুবার CART World Series শিরোপা জিতেছিলেন, ১৯৯৭ ও ১৯৯৮ সালে। ২০১২ ও ২০১৬ সালের Summer Paralympics-এও অংশ নিয়েছিলেন Zanardi। তিনি মারা যান ২০২৬ সালের ১ মে, তার বয়স হয়েছিল ৫৯ বছর।

২০০১ সালে Lausitzring-এ এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি তাঁর দুটি পা হারান। তবে তাঁর ক্রীড়াজীবন সেখানেই থেমে যায়নি। পরবর্তী সময়ে বিশেষভাবে পরিবর্তিত হ্যান্ড কন্ট্রোল ব্যবহার করে BMW-র গাড়ি চালিয়ে আবারও প্রতিযোগিতায় ফিরে আসেন তিনি।

এই বিশেষ গাড়িটি তৈরি করা হয়েছে ইতালীয় ডিজাইন স্টুডিও BorromeoDeSilva-র সঙ্গে। গাড়ির আসবাব ও অভ্যন্তরীণ সাজসজ্জার বিশেষজ্ঞ Alcantara এবং সহযোগী প্রতিষ্ঠান Befuel, BorromeoDeSilva-র এই বিশেষ নকশাকে বাস্তবে একটি পূর্ণাঙ্গ গাড়িতে রূপ দিতে সহায়তা করেছে।

ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে বর্তমান প্রজন্মের M3। গাড়িটির যান্ত্রিক অংশে কোনো পরিবর্তন আনা হয়নি। ইঞ্জিন, চ্যাসিস এবং অন্যান্য সব মৌলিক যন্ত্রাংশ আগের মতোই রয়েছে। BorromeoDeSilva পুরোপুরি গাড়িটির বাহ্যিক ও অভ্যন্তরীণ নকশায় মনোযোগ দিয়েছে। এতে রয়েছে নতুন এক্সটেরিয়র লিভারি এবং বিশেষভাবে নকশা করা ইন্টেরিয়র।

গাড়ির বাইরের নকশায় BMW M-এর চিরচেনা নীল, বেগুনি ও লাল রেসিং রংকে আধুনিক গ্রাফিক ডিজাইনের মাধ্যমে নতুনভাবে তুলে ধরা হয়েছে। BMW-র মোটরস্পোর্টস ইতিহাসজুড়ে বিভিন্ন প্রতিযোগিতার গাড়িতে ব্যবহৃত লিভারি থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে এর নকশার প্যাটার্ন। এর মধ্যে একটি আনারসের নকশাও রয়েছে। আনারস ছিল Zanardi-র ব্যক্তিগত সৌভাগ্যের প্রতীক। সাধারণ কোনো স্টিকার হিসেবে সেটি লাগিয়ে না দিয়ে BMW M-এর নিজস্ব ডিজাইন ভাষায় নতুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

গাড়ির ভেতরে সামনের আসনগুলোতে ব্যবহার করা হয়েছে অ্যানথ্রাসাইট Alcantara। আসনের মাঝের অংশে লেজার দিয়ে ছিদ্র করা হয়েছে, যার ভেতর দিয়ে নীল থেকে লালে পরিবর্তিত হওয়া রঙধনুর মতো ঝলমলে একটি স্তর দেখা যায়। আসন ও দরজার প্যানেলজুড়ে রয়েছে মসৃণ Alcantara-র ব্যান্ড। সামনের হেডরেস্ট এবং সেন্টার আর্মরেস্টে লাল আনারসের এমব্রয়ডারি করা হয়েছে। কেবিনের রঙে মনে করিয়ে দেওয়া হয়েছে BMW M3 E30 Sport Evolution-এর কথা। পুরোনো গাড়িটির নকশা সরাসরি অনুকরণ না করেই তুলে ধরা হয়েছে মোটরস্পোর্টস ঐতিহ্যকে।

BMW Italia-র প্রেসিডেন্ট ও CEO Sergio Solero বলেন, “BMW-এর জন্য এবং যারা তাঁর সঙ্গে পথ চলার সৌভাগ্য লাভ করেছেন, তাদের সবার জীবনে Alex-এর গুরুত্ব কতটা গভীর ছিল তা বুঝিয়ে বলা সত্যিই কঠিন। তাঁর স্মৃতি এখনও ভীষণভাবে অমলিন।”

Solero আরও বলেন, BMW-র সঙ্গে Zanardi-র সম্পর্ক কেবল রেসিংয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। Paralympic-এর মঞ্চে তাঁর সাফল্য এবং তাঁর উদ্যোগে গড়ে ওঠা সামাজিক কার্যক্রমেও সেই সম্পর্ক বিস্তৃত হয়েছিল। BMW-র ভাষায়, এই M3 হলো সেই সম্পর্ককে উদ্‌যাপন করার একটি ডিজাইন ও গল্প বলার প্রকল্প।

BMW-র সঙ্গে Zanardi-র সম্পর্ক তাঁর পরিবারের মাধ্যমেও অব্যাহত রয়েছে। তাঁর ছেলে Niccolò Zanardi, BMW Italia-র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি SpecialMente-র অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। পাশাপাশি BMW Driving Experience-এ প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। সেখানে বিশেষ হ্যান্ড কন্ট্রোলযুক্ত M2 ব্যবহার করে প্রতিবন্ধী চালকদের জন্য আয়োজিত কোর্সেও প্রশিক্ষণ দেন Niccolò।

Zanardi-র সম্মানে BMW Italia-র সদর দপ্তর House of BMW Italia-তে একটি স্থায়ী স্মারক ফলকও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। Solero তাঁকে কোম্পানির সর্বকালের সেরা অনুপ্রেরণার উৎস হিসেবে বর্ণনা করেছেন।

Next
Next

৮৯,১২৫ কোটি টাকা মুনাফা করল Toyota