বাটন ফিরিয়ে আনছে Volvo

ছবিঃ Volvo

গ্রাহকদের ব্যাপক সমালোচনার পর পিছু হটছে Volvo।

​সম্পূর্ণ টাচস্ক্রিননির্ভর নিয়ন্ত্রক ব‍্যবস্থা থেকে সরে এসে গাড়িতে আবারও নির্দিষ্ট কিছু ফিজিক্যাল বাটন ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে এই সুইডিশ অটোমেকার। ​সম্প্রতি অনুষ্ঠিত 'Volvo Strategy Update 2026'-এর পর এক প্রশ্নোত্তর পর্বে প্রতিষ্ঠানটিতে প্রত্যাবর্তনকারী ডিজাইন বস Thomas Ingenlath জানান, চালকের সাথে গাড়ির সংযোগ বা ইন্টারঅ্যাকশনের বিষয়টি নতুন করে ঢেলে সাজাচ্ছে প্রতিষ্ঠানটি।

তবে পুরোনো মডেলের মতো ড্যাশবোর্ডজুড়ে সারিবদ্ধ বাটন ফিরিয়ে আনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন Ingenlath। তিনি স্পষ্ট করেন, টাচস্ক্রিন যে কাজের জন্য উপযোগী কেবল সেখানেই এর ব্যবহার সীমাবদ্ধ রাখা হবে। অন্যদিকে যেসব ফাংশন নিয়মিত বা নিশ্চিতভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, সেগুলোর জন্য ফিজিক্যাল সুইচের ওপরই নির্ভর করবে Volvo।

​কেবিনের এই পরিবর্তন প্রসঙ্গে Ingenlath বলেন, "আমরা টাচস্ক্রিন থেকে পুরোপুরি সরে যাচ্ছি না। টাচস্ক্রিন যে কাজের জন্য উপযুক্ত, আমরা সেখানেই এটি ব্যবহার করব। যেসব ফিচার ব্যবহার করার জন্য সবসময় স্ক্রিনে প্রদর্শন করতে হয়, সেগুলো পর্দায় থাকা উচিত নয়। সব কাজ টাচস্ক্রিনে ভালো হয় না। তাই বর্তমান গাড়িগুলোর তুলনায় আমরা আরও কিছু অতিরিক্ত ফিজিক্যাল বাটন পুনরায় ফিরিয়ে আনছি।"

​বাটনগুলোর স্পর্শানুভূতি বোঝাতে তিনি ক্লাসিক Leica ক্যামেরার নিখুঁত মেকানিক্সের সাথে তুলনা করেন। উন্নত মানের উপকরণ নির্বাচন, বাটন টেপার স্পষ্ট ক্লিক শব্দ, বিভিন্ন আকারের সুইচ এবং ডায়ালের মাধ্যমে কেবিনে একটি প্রিমিয়াম স্পর্শানুভূতি তৈরি করতে কাজ করছে তাদের ডিজাইন টিম।

​চীনা প্রতিষ্ঠান Geely-র মালিকানাধীন এই অটোমেকার তাদের শতবর্ষে পা রাখার প্রাক্কালে গাড়ির বাহ্যিক নকশাতেও পরিবর্তন আনবে। Ingenlath ইঙ্গিত দিয়েছেন, সামনের চেনা নকশায় নতুন রূপ দিয়ে রাস্তায় Volvo-কে আরও আকর্ষণীয় করা হবে, হয়তো তাদের পরিচিত 'iron mark' প্রতীক এবং গ্রিল আর্কিটেকচারেও পরিবর্তন দেখা যেতে পারে

​প্রতিষ্ঠানটির শতবর্ষ উদযাপনের বছর অর্থাৎ ২০২৭ সালে একটি নতুন কনসেপ্ট গাড়ি উন্মোচনের মাধ্যমে ভবিষ্যৎ এই স্টাইলিং ও কেবিনের নকশা আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হবে।

Previous
Previous

টিকে থাকতে চীনের শরণাপন্ন Maserati

Next
Next

জ্বালানি তেলের দাম বাড়ল ২০ টাকা