ক্রোম ও পিয়ানো ব্ল্যাক বাতিল করছে Nissan

ছবিঃ Nissan

অবশেষে আঙুলের ছাপ পড়ার প্রবণতা আর চকমকে প্লাস্টিকের জৌলুস থেকে সরে আসছে Nissan।

নতুন 2027 Nissan Nissan X-Trail গাড়ির মধ্য দিয়ে নিজেদের ডিজাইন দর্শনে বড় ধরনের পরিবর্তন এবং ব্র্যান্ডটির ঘুরে দাঁড়ানোর এক উচ্চাভিলাষী পরিকল্পনা শুরু করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। সংবাদমাধ্যম The Drive-কে দেওয়া এক সাক্ষাৎকারে Nissan North America-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ প্ল্যানিং অফিসার Ponz Pandikuthira নিশ্চিত করেছেন যে, প্রতিষ্ঠানটি তাদের গাড়িগুলো থেকে দাগ পড়ার প্রবণতাসম্পন্ন ‘পিয়ানো ব্ল্যাক’ ইন্টেরিয়র প্লাস্টিক এবং দৃষ্টিকটু বহিরাবরণী ক্রোম পুরোপুরি বাদ দিচ্ছে।

কেবিনের হাই-গ্লস ব্ল্যাক প্লাস্টিক ছেঁটে ফেলার এই সিদ্ধান্ত অবশ্য ভুক্তভোগী চালকদের দাবি মেনেই নেওয়া হয়েছে। শোরুমের ভেতরে চকচক করলেও বাস্তব ব্যবহারে এটি কতটা কদর্য হয়ে ওঠে, তা অকপটে স্বীকার করেছেন Pandikuthira। তিনি বলেন, “এটি সম্পূর্ণ গ্রাহকদের তাগিদেই করা। গাড়ি একদম নতুন ও নিখুঁত থাকার সময় এটি দেখতে খুব প্রিমিয়াম লাগে। কিন্তু বাস্তবে সামান্য ব্যবহারের পরই আঙুলের ছাপ, ধুলাবালিতে এটি নোংরা হয়ে যায়। একপর্যায়ে বারবার পরিষ্কার করতে করতে মানুষ হাল ছেড়ে দেয় এবং কিছুদিন পর এটা দেখতে ভীষণ বিশ্রী লাগে।” শোরুমে কৃত্রিম আভিজাত্য ফুটিয়ে তোলার সস্তা উপায় হিসেবে নির্মাতারা বছরের পর বছর এই চকচকে ট্রিম গছিয়ে দিলেও, দিনশেষে ক্রেতার কপালে জুটত স্রেফ তেলচিটে দাগ আর আঁচড়ের এক কুৎসিত জঞ্জাল।

এই নান্দনিক শুদ্ধি অভিযান শুধু কেবিনেই সীমাবদ্ধ থাকছে না, গাড়ির বাইরের অংশেও নজর দেওয়া হচ্ছে। নতুন Rogue-এ কোনো অতিরিক্ত রূপালি ঝিলিক রাখা হয়নি; বরং একে একটি মার্জিত রূপ দেওয়া হয়েছে। Pandikuthira জানান, প্লাস্টিকের ওপর ক্রোমের প্রলেপ দিয়ে বড় বড় গ্রিল ও চাকায় অতিমাত্রায় চমক আনতে গিয়ে গাড়িগুলো পরিশীলিত রূপ হারিয়ে ফেলেছিল। তাই এবার অতি-উগ্র ডিজাইনের বদলে ডার্ক ক্রোম ও সূক্ষ্ম পেইন্ট ফিনিশের মতো সংযত নকশার ওপরই জোর দিচ্ছেন তারা।

এই ডিজাইন পরিবর্তন এমন এক সময় এলো যখন জাপানি প্রতিষ্ঠানটি চরম এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। Honda-র সঙ্গে একীভূত হওয়ার সম্ভাব্য আলোচনা ভেস্তে যাওয়ার পর গত এক বছর ধরে নিজেদেরকে উদ্ধারের মরিয়া চেষ্টা চালাচ্ছে Nissan। এ জন্য গাড়ি তৈরির কারখানা বন্ধ করা, ডিজাইন টিম ছাঁটাই এবং এমনকি Japan-এ তাদের করপোরেট সদর দফতর নিলামে তোলার মতো চরম পথও বিবেচনা করতে হয়েছে তাদের।

পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ এখন মানসম্মত নির্মাণ, নাগালের ভেতরের দাম এবং নস্টালজিয়াকে পুঁজি করার ঝুঁকি নিয়েছে। ইতোমধ্যে তারা Z স্পোর্টস কার পুনরুজ্জীবিত করেছে এবং Xterra, Skyline ও বডি-অন-ফ্রেম Pathfinder ফিরিয়ে আনার তৎপর প্রস্তুতি চলছে।

তবে সচেতন কেবিন ফিনিশ আর পুরনো দিনের নস্টালজিক ব্যাজ দিয়ে প্রতিষ্ঠানটির গভীর প্রাতিষ্ঠানিক সংকট থেকে উদ্ধার পাওয়া সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

Previous
Previous

ম্যানুয়াল গিয়ারে ফিরছে না Lamborghini

Next
Next

বিলাসবহুল ভবন বানাচ্ছে Bugatti