বাধাহীন পারফরম্যান্সের 296 GT Modificata আনল Ferrari

ছবিঃ Ferrari

ট্র্যাকের জন্য উন্মুক্ত ও বাধাহীন পারফরম্যান্সের নতুন স্পোর্টস কার '296 GT Modificata' উন্মোচন করেছে ইতালিয়ান সুপারকার নির্মাতা প্রতিষ্ঠান Ferrari।

মডেলটি মূলত 296 GT3 Evo-র ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এতে FIA কিংবা IMSA-র মতো রেসিং সিরিজের কোনো ধরণের নিয়মকানুনের বাধ্যবাধকতা রাখা হয়নি। বিশেষ ও নির্বাচিত কিছু গ্রাহকের জন্য তৈরি এই মডেলটি কেবল রেসিং ট্র্যাকেই চালানো যাবে।

যদিও এখনো এর আনুষ্ঠানিক ট্র্যাক পরীক্ষা সম্পন্ন হয়নি, তবুও Ferrari-র ধারণা করছে গাড়িটি তাদের নিজস্ব Fiorano টেস্ট ট্র্যাকে 296 GT3 Evo-র চেয়ে প্রায় ৩ সেকেন্ড দ্রুত ল্যাপ সম্পন্ন করতে পারবে।

রাস্তায় চলাচলের আইনি বিধান কিংবা রেসিং টুর্নামেন্টের নীতিমালার কোনো সীমাবদ্ধতা না থাকায় এর ডিজাইনে কোনো ছাড় দেয়নি Maranello। গ্রাউন্ড ক্লিয়ারেন্স, পথচারী নিরাপত্তা, কার্বন নিঃসরণ নীতিমালা কিংবা সাধারণ রাস্তায় চালানোর উপযোগী করার শর্তের তোয়াক্কা না করে গাড়িটির অ্যারোডাইনামিক প্যাকেজে যুক্ত করা হয়েছে একটি বিশাল ফ্রন্ট স্প্লিটার, অতিরিক্ত ফ্রন্ট অ্যারো এলিমেন্ট, বড় আকারের এয়ার ইনটেক, গভীরভাবে খাঁজকাটা বডি প্যানেল এবং একটি দানবাকৃতির ফিক্সড রিয়ার উইং।

শক্তিশালী এই গাড়িতে যুক্ত করা হয়েছে একটি আপগ্রেডেড Twin-Turbo 2.9-liter V6 ইঞ্জিন, যা ৭২০ হর্সপাওয়ার এবং ৫৯০ পাউন্ড-ফুট (৮০০ Nm) টর্ক উৎপন্ন করে। মেকানিক্যাল পরিবর্তনের মধ্যে রয়েছে উন্নত টার্বোচার্জার, ক্র্যাঙ্ক ট্রেইন, ক্যামশ্যাফ্ট, ইন্ডাকশন সিস্টেম এবং ইন্টারকুলার। এর পাশাপাশি বাড়তি জ্বালানি খরচ সামাল দিতে যুক্ত করা হয়েছে একটি নতুন লো-প্রেসার ফুয়েল পাম্প এবং শক্তিশালী ফুয়েল সিস্টেম।

Ferrari জানিয়েছে, গাড়িটি অত্যন্ত সীমিত সংখ্যায় ("extremely limited numbers") তৈরি করা হবে। মূলত Ferrari-র 'Club Competizioni GT' প্রোগ্রামের অংশ নিতে উপযোগী গ্রাহকদের কথা মাথায় রেখে এটি তৈরি। প্রতিটি গাড়ি কেনার সাথে সাথে গ্রাহকরা এই কাস্টমার রেসিং সিরিজে দুই বছর বা ১২টি রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

২০২৭ সালের Club Competizioni GT ক্যালেন্ডারে মোট সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো অনুষ্ঠিত হবে Spain-এর Jerez de la Frontera, Italy-র Misano Adriatico, Japan-এর Fuji, United States-এর Indianapolis, France-এর Paul Ricard এবং Belgium-এর Spa-Francorchamps সার্কিটে। মৌসুমের শেষ আয়োজন হিসেবে থাকবে 'Ferrari Finali Mondiali', যার ভেন্যু ও তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

Previous
Previous

মালয়েশিয়ার পোডিয়াম জিতলেন বাংলাদেশের সারোয়ার

Next
Next

এক হচ্ছে চায়নার GAC আর FAW Group