৫০০ সিসির চার-সিলিন্ডারের CBR আনল Honda
ছবিঃ Honda
চীনে মোটরসাইকেলটির কনসেপ্ট দেখানোর দুই সপ্তাহের মধ্যেই CBR500R Four বাইকটিকে উৎপাদন মডেলে রূপ দিয়েছে Honda। আগামী বছর ইউরোপের বাজারে যোগ দেবে বাইকটি।
নতুন মডেলটি ৩০ বছর ধরে জাপানে জনপ্রিয় CBR400R Four-এর ধারণার ওপর ভিত্তি করে তৈরি। বাইকটিতে রয়েছে সম্পূর্ণ নতুন ৫০০ সিসির ইনলাইন-ফোর ইঞ্জিন। Honda-র দাবি, ১১,০০০ rpm-এ ইঞ্জিনটি ৫৩.০ kW বা প্রায় ৭১ hp শক্তি উৎপাদন করে। সর্বোচ্চ টর্ক ৯,৭৫০ rpm-এ ৪৭.৪ Nm। ইউরোপে A2 লাইসেন্সধারী চালকদের জন্য থাকছে সীমিত শক্তির ৩৫ kW সংস্করণ, যা প্রায় ৪৭ hp উৎপন্ন করবে।
সিলিন্ডারের দেয়ালে Honda ব্যবহার করেছে নিকেল-সিলিকন কার্বাইডের প্রলেপ। এতে প্রচলিত সিলিন্ডার লাইনারের প্রয়োজন হয় না, ফলে ওজন ও ঘর্ষণ কমে। এছাড়া কার্যক্ষমতা বাড়াতে ভালভ লিফটারেও ব্যবহার করা হয়েছে ডায়মন্ডের মতো শক্ত প্রলেপ। কাগজে-কলমে প্রযুক্তিটি আশাব্যঞ্জক শোনালেও দীর্ঘমেয়াদে ইঞ্জিন মেরামত কিংবা সিলিন্ডার বোর করার ক্ষেত্রে এর প্রভাব কী হবে, তা এখনও পরিষ্কার নয়।
চালকেরা পাবেন Standard, Sport ও Urban—তিনটি নির্ধারিত রাইডিং মোড, পাশাপাশি নিজেদের পছন্দমতো সাজানোর জন্য দুটি কাস্টম মোড। ইঞ্জিনের শক্তি, ইঞ্জিন ব্রেকিং এবং টর্ক কন্ট্রোল—প্রতিটির জন্য রয়েছে তিনটি করে সমন্বয়যোগ্য স্তর। ইউরোপের সংস্করণে স্ট্যান্ডার্ড থাকছে Honda-র E-Clutch সিস্টেম। আপাতত প্রচলিত ক্লাচের সংস্করণ পাওয়া যাবে না।
বাইকটির ঘোষিত ওজন ১৮৯ কেজি। সিটের উচ্চতা ৭৮০ মিমি। অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে LED লাইটিং, Bluetooth সংযোগসহ পাঁচ ইঞ্চির TFT ডিসপ্লে এবং USB-C চার্জিং পোর্ট।
CBR500R Four-এ রয়েছে নতুন স্টিল-টিউব ডায়মন্ড-স্টাইলের চ্যাসিস, ৪১ মিমি KYB আপসাইড-ডাউন সামনের ফর্ক এবং Pro-Link রিয়ার শকের সঙ্গে অ্যালুমিনিয়ামের সুইংআর্ম। পেছনের সাসপেনশনের প্রিলোড পাঁচটি স্তরে সমন্বয় করা যাবে। স্পোর্টি রাইডিং পজিশনের জন্য রয়েছে ক্লিপ-অন হ্যান্ডেলবার।
ব্রেকিংয়ের দায়িত্বে সামনে দুটি পিস্টনযুক্ত ক্যালিপার এবং ২৯৬ মিমি Nissin ডিস্ক। পেছনে রয়েছে একটি সিঙ্গেল-পিস্টন ক্যালিপার ও ২৪০ মিমি ডিস্ক। স্ট্যান্ডার্ড থাকছে ডুয়াল-চ্যানেল ABS। ১৭ ইঞ্চির কাস্ট-অ্যালুমিনিয়াম চাকার সঙ্গে ব্যবহার করা হয়েছে Pirelli Diablo Rosso IV টায়ার।
Honda UK-এর তালিকা অনুযায়ী, ২০২৭ CBR500R Four-এর দাম ৬,৯৯৯ পাউন্ড, যা প্রায় ৯,৩৭১ মার্কিন ডলার—বা প্রায় ১১ লাখ ৭১ হাজার টাকা। ইউরোপের ক্রেতারা Ignition Red Tricolour এবং Mat Ballistic Black Metallic—এই দুই রঙের মধ্যে বেছে নিতে পারবেন। তবে ইউরোপের বাইরে বাইকটি বিক্রির কোনো পরিকল্পনা Honda এখনো জানায়নি।
বাংলাদেশে CBR500R Four আমদানির বিষয়টি আপাতত তাত্ত্বিক, কারন স্থানীয় নীতিমালায় মোটরসাইকেলের ইঞ্জিন আকৃতি ৩৭৫ সিসিতে সীমাবদ্ধ। আর কোনোভাবে দেশে আনার অনুমতি মিললেও দাম হবে আরেকটি বড় বাধা। প্রায় ১২ লাখ টাকা দিয়ে যেখানে বাজারে মোটামুটি ভালো অবস্থার একটি ব্যবহৃত X-Corolla গাড়ি পাওয়া যায়, সেখানে এত টাকা খরচ করে কতজনই বা এই প্রিমিয়াম মোটরসাইকেলটি কিনতে আগ্রহী হবেন?
চীনে মোটরসাইকেলটির কনসেপ্ট দেখানোর দুই সপ্তাহের মধ্যেই CBR500R Four বাইকটিকে উৎপাদন মডেলে রূপ দিয়েছে Honda। আগামী বছর ইউরোপের বাজারে যোগ দেবে বাইকটি।