পুরোনো গাড়ির মিলনমেলা: Retro Ride Revival 2.0

ছবিঃ ইমরান আবিদ

বছর দুয়েক আগে, ২০২৪ সালের ২০ ডিসেম্বর, ঢাকার কুয়াশাচ্ছন্ন শীতের আকাশের নিচে ইঞ্জিনের গর্জন আর নস্টালজিয়ার আবহে অনুষ্ঠিত হয়েছিল Retro Ride Revival Anniversary Commemoration Get-Together-এর দ্বিতীয় আসর। Antique Cars’ Society of Bangladesh (A.C.S.B)-এর আয়োজনে ক্লাসিক গাড়ি অনুরাগী ও পুরোনো গাড়িপ্রেমীরা একত্রিত হয়েছিলেন মোটরগাড়ির ইতিহাসের প্রতি নিজেদের ভালোবাসা উদযাপন করতে।

সকাল সাড়ে ৮টা বাজতেই বনানী ১১ নম্বরের সার্ভিস রোডটি মোটরগাড়ির এক জীবন্ত জাদুঘর হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্তের গাড়ি নির্মাতাদের সোনালী যুগের স্মারক হয়ে জড়ো হয়েছিল হরেক ব্র্যান্ডের হরেক আমলের গাড়ি। ব্রিটিশ গাড়ি শিল্পের প্রতিনিধি হিসেবে এসেছিল একটি ক্লাসিক Triumph Herald। অন্যদিকে জাপানের গৌরবময় অতীতের জানান দিতে হাজির হয়েছিল একটি ঝকঝকে জাপানি Mazda 1800 “Luce”।

পিছিয়ে থাকেনি জার্মানরাও। Volkswagen Beetle-এর আস্ত এক বহর নিয়ে হাজির হন বিটল প্রেমীরা। এর মধ্যে সবার নজর কেড়েছিল ছিল Dr. Kamrul Islam-এর ঐতিহাসিক ১৯৬৭ সালের Beetle, ১৯৭১ সালের সেই কালরাতে এই গাড়িটিই অবিরাম ছুটে তার পুরো পরিবারকে পৌঁছে দিয়েছিল নিরাপদ আশ্রয়ে। বলা বাহুল্য তার পরিবারের কাছে এটি শুধু এক মূল্যবান স্মৃতিচিহ্ন নয় নয়, বরং তাদের পরিবারের একটি অংশ।

দুই চাকার পুরোনো দিনের আকর্ষণ যোগ করতে হাজির হয়েছিল কয়েকটি Vespa এবং একটি Honda Roadmaster CD200।

তবে পুরো আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে ক্লাবগুলোর পারস্পরিক সৌহার্দ্য। Volkswagen Club Bangladesh এবং Bangladesh Vespa Community-র সদস্যরা নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও আন্তরিকতায় অনুষ্ঠানটিকে আরোও সমৃদ্ধ করে তোলেন।

সকাল ৯টায় ইঞ্জিনের গর্জনে মুখর হয়ে ওঠে চারপাশ। বহরটি সুশৃঙ্খলভাবে রওনা দেয় Purbachal New Town-এর Sector-24-এ অবস্থিত Forest King রেস্তোরাঁর উদ্দেশে। সযত্নে আগলে রাখা এই ক্লাসিক গাড়িগুলোর বর্ণিল যাত্রা ঢাকার চিরচেনা ধূসর যানজটের একঘেয়েমি একেবারে ভেঙে দেয়। কেড়ে নেয় পথচারী ও অন্যান্য চালকদের দৃষ্টি।

গন্তব্যে পৌঁছে গাড়িগুলো Western Circle গোলচত্বর ঘিরে সুনিপনভাবে অবস্থান নেয়. এরপর শুরু হয় নানা আয়োজন। উল্লেখযোগ্য আকর্ষণগুলোর মধ্যে ছিল Fashionably late বা খানিক দেরিতে হাজির হওয়া স্টাইলিশ Mercedes 123 230E এবং Nissan-এর স্বর্ণযুগের একজোড়া রাজকীয় বাহন।

সকালের নাস্তা পরিবেশনের পাশাপাশি চলতে থাকে আড্ডা আর ফটোশুট। সময়ের পরীক্ষায় টিকে থাকা এসব গাড়ি তরুণ গাড়িপ্রেমীরা মুগ্ধ চোখে দেখছিলেন। সেই সঙ্গে একদিন মোটরগাড়ির ইতিহাসের এমন একটি অংশের মালিক হওয়ার স্বপ্ন বুনছিলেন তারা।

দিনের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত ছিল র‍্যাফল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরোনো গাড়িগুলো সংরক্ষণে সদস্যদের নিষ্ঠা ও কারিগরি দক্ষতার প্রতি সম্মান জানানোর জন্য এর চেয়ে উপযুক্ত আয়োজন আর কী হতে পারে! প্রতিটি পুরস্কার যেন এই ক্লাসিক গাড়িপ্রেমী সদস্যদের একসূত্রে বেঁধে রাখা আবেগ ও ভালোবাসার সাফল্যের প্রতীক হয়ে উঠেছিল।

শীতের সূর্য ক্রমেই ওপরে উঠতে থাকলে অনুষ্ঠানের সমাপ্তি লগ্ন ঘনিয়ে আসে।

ইঞ্জিনের গর্জনের প্রতিধ্বনি আর অসংখ্য মধুর স্মৃতি পেছনে ফেলে অংশগ্রহণকারীরা আবার বাড়ির পথ ধরেন। ‘Retro Ride Revival 2.0’ কেবল পুরোনো গাড়ির এক জমকালো মিলনমেলাই ছিল না; বরং এটি আরও একবার প্রমাণ করে দিল—সময় আর সামাজিক পরিচয়ের দেয়াল ভেঙে মানুষকে একসূত্রে বাঁধার এক জাদুকরী ক্ষমতা আজও লুকিয়ে আছে এই কালজয়ী গাড়িগুলোর মাঝে।

আগামী আয়োজনের অপেক্ষায় রইলাম। ক্লাসিক গাড়ির প্রতি ভালোবাসা বেঁচে থাকুক, প্রজন্ম থেকে প্রজন্মে।

রাহবার আল হক

অটোমোবাইল সাংবাদিকতা ও কনটেন্ট স্ট্র্যাটেজিতে রাহবার আল হকের রয়েছে ১০ বছরেরও বেশি সময়ের পথচলা। দ্য ডেইলি স্টার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (TBS), দ্য টারবাইন এবং অটোড্রাইভ বিডি-র মতো শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মে সম্পাদকীয় পরিচালনা, নতুন কনটেন্ট টিম গড়ে তোলা এবং টেস্ট ড্রাইভের সার্বিক ব্যবস্থাপনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

Next
Next

Suzuki Dayঃ ঢাকায় বুকে এক টুকরা Hamamatsu-এর আবহ