কুয়াশা, আভিজাত্য, ভেসপাঃ ২০২৫ BVC-র Gentleman’s Ride 

২০২৫ সালের ২৪ জানুয়ারি, কুয়াশাচ্ছন্ন এক শুক্রবার সকালে Bangladesh Vespa Community (BVC) তাদের বার্ষিক Gentleman’s Ride-এর জন্য সেজেগুজে প্রস্তুত হয়েছিল। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল চারপাশের রাস্তা, যা পুরো আয়োজনকে দিয়েছিল অনেকটা সিনেমার রূপালী পর্দার  আবহ। 

তবে ঠান্ডা আর স্বল্প দৃশ্যমানতাও অংশগ্রহণকারীদের উৎসাহে ভাটা ফেলতে পারেনি।

সকাল সাড়ে ৮টার মধ্যে ICCB-র সামনে জড়ো হতে শুরু করেন ভদ্রলোকেরা। মার্জিত স্যুট, জ‍্যাকেট আর রুচিশীল পোশাকে প্রত্যেকেই ছিলেন দারুণ কেতাদুরস্ত। চেনা মুখগুলোর সঙ্গে কুশল বিনিময়, করমর্দন আর আড্ডা শেষে বহরটি রওনা দেয় Purbachal-এর The Hungry Duck Resort-এর উদ্দেশে।

ঘন কুয়াশা সত্ত্বেও শৃঙ্খলা ও নিখুঁত সমন্বয় বজায় রেখে এগিয়ে চলে র‍্যালিটি। পুরো আয়োজনে ভর করে ছিল পুরোনো দিনের আভিজাত্য। ২৫০টিরও বেশি Vespa এবং বিভিন্ন ধরনের দুই চাকার যান—সুচারুভাবে রিস্টোর করা ক্লাসিক থেকে শুরু করে নিজস্ব নকশায় তৈরি স্কুটার—সবই ছিল এই আয়োজনে। তবে আকর্ষণ শুধু দুই চাকায় সীমাবদ্ধ ছিল না। Volkswagen Club Bangladesh-এর তিনটি ক্লাসিক Volkswagen Beetle গাড়ি আয়োজনটিতে বাড়তি বনেদিয়ানা যোগ করে।

গন্তব্যে পৌঁছে দেখা যায়, আয়োজন স্থানটি সাজানো হয়েছে BVC-র ব্যানার ও রঙিন ফেস্টুনে। তার সঙ্গে আছে বিভিন্ন ঐতিহাসিক Vespa মডেলের প্রদর্শনী। অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের লোগোযুক্ত কী-রিং, পিন ও অন্যান্য স্মারক, যা সবার মধ্যে একাত্মতার অনুভূতি আরও জোরালো করে।

এরপর আসে দলীয় ছবি তোলার পর্ব। অংশগ্রহণকারীর সংখ্যা বিপুল হওয়ায় কাজটি মোটেও সহজ ছিল না। ছবি তোলা শেষে সবাই বসেন শীতের সকালের ঐতিহ্যবাহী প্রাতরাশে, যা শেষ পর্যন্ত পরিণত হয় রীতিমতো ভোজে। আয়োজনের প্রাণচাঞ্চল্য ধরে রাখতে রাখা হয়েছিল ফটো বুথ, বার্তা লেখার জন্য ইজেল এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরা স্ট্যান্ড। এতে যেমন অংশগ্রহণকারীদের হাস‍্যোজ্জ্বল উপস্থিতি ধরা পড়ে, তেমনি ক্যামেরায় বন্দি হয় তাঁদের মজার ও হাস্যকর মুহূর্তগুলোও।

অবশেষে কুয়াশা ভেদ করে সূর্য উঠলে কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি পর্ব শুরু হয়। এ সময় বিশিষ্ট সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক ক্রেস্ট। আনুষ্ঠানিকভাবে শেষ হয় ২০২৫ সালের Gentleman’s Ride। 

রাহবার আল হক

অটোমোবাইল সাংবাদিকতা ও কনটেন্ট স্ট্র্যাটেজিতে রাহবার আল হকের রয়েছে ১০ বছরেরও বেশি সময়ের পথচলা। দ্য ডেইলি স্টার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (TBS), দ্য টারবাইন এবং অটোড্রাইভ বিডি-র মতো শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মে সম্পাদকীয় পরিচালনা, নতুন কনটেন্ট টিম গড়ে তোলা এবং টেস্ট ড্রাইভের সার্বিক ব্যবস্থাপনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

Next
Next

আইয়ুব বাচ্চুর সেই ‘৯৯ Altezza