হর্সপাওয়ার থেকে আত্মিক সম্পর্ক: অটোমোবাইল মার্কেটিংয়ের বিবর্তন

একসময়, গাড়ি কেনাটা ছিল পুরোপুরি যুক্তির ব্যাপার। ক্রেতারা চিন্তা করত ইঞ্জিনটা কত বড় হবে, কত জোরে যাবে, কত বেশি তেল খাবে আর অবশ্যই দামটি কত হবে।

তৎকালীন বিজ্ঞাপনগুলোও ছিল এই চিন্তাধারারই প্রতিফলন: টেলিভিশন বিজ্ঞাপন, সংবাদপত্রের রঙিন আকর্ষণ, বিলবোর্ড এবং চকচকে ব্রোশিওর—সবকিছুই থাকত স্পেসিফিকেশনে ঠাসা। পুরো গল্পের একমাত্র নায়ক ছিল স্বয়ং গাড়িটি—আর ধরে নেওয়া হত ক্রেতারা  ইঞ্জিনিয়ারিংয়ের সেই খটমটে বিষয়গুলো নিজে থেকেই বুঝে নেবেন।

আজকের দিনে সেই বয়ান সম্পূর্ণ বদলে গেছে।

"আধুনিক অটোমোবাইল মার্কেটিং কেবল একটি মেশিন বিক্রির বিষয় নয়; এটি আত্মবিশ্বাস, লাইফস্টাইল, অভিজ্ঞতা এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক বিক্রির মাধ্যম।"

অনুভূতি বিক্রির যুগে স্বাগতম।

প্রোডাক্ট-ফার্স্ট মার্কেটিংয়ের যুগ

ঐতিহাসিকভাবে অটোমোবাইল মার্কেটিং একটি নির্দিষ্ট ছক মেনে চলত। নির্মাতারা নতুন একটি মডেল বাজারে আনতেন; তার পাওয়ারট্রেন, নকশা, স্থায়িত্ব ও দাম তুলে ধরতেন এবং বার্তা পৌঁছে দিতে পুরোপুরি ট্র্যাডিশনাল মিডিয়ার ওপর নির্ভর করতেন।

এই যোগাযোগ ছিল মূলত একতরফা: ব্র্যান্ড কথা বলত, আর ক্রেতারা শুনত। বিজ্ঞাপনে বাজেট যত বেশি হতো, প্রচারও তত বিস্তৃত হতো। কোনো ক্যাম্পেইনের সাফল্য নির্ভর করত মিডিয়া কেনার ক্ষমতার ওপর, গ্রাহকের সাথে সত্যিকারের সম্পৃক্ততার ওপর নয়।

ব্র্যান্ডের প্রতি আস্থা তৈরি হতো তাদের ঐতিহ্য, ডিলারশিপ নেটওয়ার্ক এবং মুখের কথার মাধ্যমে। গাড়ি কেনার অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু ছিল শোরুম, আর ব্রোশিওরগুলো তখন কাজ করত একপ্রকার ইন্টারনেটের মতোই—ব্যতিক্রম শুধু এটুকুই যে, ব্রোশিওর কখনো আপনাকে জানাত না গাড়িটির গিয়ারবক্স কতটা বাজে!

ইন্টারনেটের আগমনে বদলে যায় সবকিছু

স্মার্টফোন, YouTube এবং সোশ্যাল মিডিয়া ক্রেতাদের আচরণ চিরতরে বদলে দিয়েছে। আজকের একজন সম্ভাব্য ক্রেতা শোরুমে পা রাখার অনেক আগেই তার গাড়ি কেনার যাত্রা শুরু করে দেন।

তারা রিভিউ দেখেন, স্পেসিফিকেশন তুলনা করেন, ব্যবহারকারীদের অভিজ্ঞতা পড়েন, স্থায়িত্ব যাচাই করেন, চালানোর খরচ হিসাব করেন, এমনকি পেছনে ব্যাগ রাখার জায়গার ছবিও খুঁটিয়ে দেখেন। শোরুমে পৌঁছানোর পর অনেক সময় দেখা যায়, গাড়িটি যিনি বিক্রি করার চেষ্টা করছেন তার চেয়ে ক্রেতা নিজেই গাড়িটি সম্পর্কে বেশি জানেন।

আর এটি মার্কেটিংয়ের কাজ পুরোপুরি বদলে দিয়েছে।

গাড়ি কেনার আধুনিক পথ

এখন আর গাড়ির শুধু একটি বৈশিষ্ট্য ফর্দই যথেষ্ট নয়। ক্রমশ জটিল হতে থাকা এই ক্রয় প্রক্রিয়ায় ব্র্যান্ডগুলোকে ক্রেতাকে অবগত করতে হয়, আনন্দ দিতে হয় এবং সম্পৃক্ত রাখতে হয়।

শুরুটা হয় সচেতনতা দিয়ে—যখন একজন ক্রেতা বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া কিংবা পরিচিত কারো মাধ্যমে ব্র্যান্ডটি সম্পর্কে জানতে পারেন। এরপর আসে গবেষণা, যেখানে শুরু হয় প্রতিদ্বন্দ্বী গাড়িগুলোর সাথে তুলনা। একপর্যায়ে আসে টেস্ট ড্রাইভ, তারপর কিনে নেওয়া এবং আদর্শ পরিস্থিতিতে গাড়িটি কোন ব্যয়বহুল গরবর ছাড়াই বেশ কয়েক বছর নিরাপদে ব্যবহার।

 আসল বিষয়টি আসে এরপর, যা গাড়ি নির্মাতারা সবচেয়ে বেশি প্রত্যাশা করেন: গ্রাহকের সন্তুষ্টি ও সুপারিশ। একজন সন্তুষ্ট মালিক যখন অন্য কাউকে বলেন যে তার গাড়িটি দারুণ, তখনই চক্রটি আবার নতুন করে শুরু হয়।

অন্য কথায়, গাড়ি বিক্রি হয়ে যাওয়াই এখন শেষ নয়; বরং তা একটি সম্পর্কের সূচনা মাত্র।

আজকের মার্কেটিং অভিজ্ঞতা-নির্ভর

বর্তমান অটোমোবাইল মার্কেটিং গাড়ির চেহারার চেয়ে বেশি গুরুত্ব দেয় এটি ক্রেতাকে কী ধরনের জীবনধারণ দিতে পারে তার ওপর।

"এই SUV-তে ২১০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে"—এমন সোজাসাপ্টা বক্তব্যের বদলে ক্যাম্পেইনগুলো এখন প্রতিশ্রুতি দেয় যে এটি আপনাকে "যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পূর্ণ আত্মবিশ্বাসের সাথে পথ চলার ক্ষমতা দেবে।"

"একটি বহুমুখী ৭-সিটার MPV"—এভাবে প্রচার করার চেয়ে ব্র্যান্ডগুলো পরিবারগুলোকে আহ্বান জানায়: "কাউকে পেছনে ফেলে না রেখে, একসাথে অবিস্মরণীয় স্মৃতি তৈরি করুন।"

আর কেবল মিতব্যায়ী তেল খরচের তালিকা দেখানোর চেয়ে নির্মাতারা এখন বেশি কথা বলেন টেকসই ভবিষ্যৎ, আধুনিক মোবিলিটি এবং কার্বন ফুটপ্রিন্ট কমানো নিয়ে।

ক্রেতারা হয়তো একসময় গাড়ির স্পেসিফিকেশন ভুলে যান, কিন্তু একটি গাড়ি তাদের কী অনুভূতি দিয়েছিল—তা তারা ঠিকই মনে রাখেন।

ডিজিটাল গল্প বলার উত্থান

সবচেয়ে লক্ষণীয় পরিবর্তনটি এসেছে স্টোরিটেলিং বা গল্প বলার ধরনে। আধুনিক অটোমোবাইল ক্যাম্পেইনগুলোকে সচরাচর সাধারণ বিজ্ঞাপন মনেই হয় না। ব্র্যান্ডগুলো গ্রাহকদের বাস্তব জীবনের গল্প, সিনেমার মতো রোড ট্রিপ, ফ্যাক্টরি ভ্রমণ, গাড়ির যত্নের উপায়, রোড সেফটি ক্যাম্পেইন এবং লাইফস্টাইল কনটেন্ট তৈরি করে—যাতে ক্রেতা নিজেকে কেবল কোনো লেনদেনের  অংশ না ভেবে একটি বৃহত্তর পরিবারের অংশ মনে করেন।

প্রতিটি ডিজিটাল ক্যাম্পেইনই ব্র্যান্ডের প্রতি আনুগত্য দৃঢ় করার একটি সুযোগ। তাই মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য এখন কেবল বিজ্ঞাপন প্রচার নয়—বরং একটি কমিউনিটি গড়ে তোলা।

ডেটা হলো নতুন মূলধন

আর এই সবকিছুর পেছনে রয়েছে পাহাড়ি রাস্তায় ছুটে চলা স্পোর্টস কারের চেয়ে কম জমকালো একটি বিষয়: ডেটা বা তথ্য।

অতীতে যদি হর্সপাওয়ার সব নিয়ন্ত্রণ করত, তবে বর্তমানে তা নিয়ন্ত্রণ করছে ডেটা। আগের দিনে ক্যাম্পেইনের সাফল্য মাপা হতো টেলিভিশনের আনুমানিক রেটিং কিংবা সংবাদপত্রের প্রচারসংখ্যার ভিত্তিতে। আজকের চৌকস মার্কেটাররা রিয়েল-টাইমে নজর রাখেন ওয়েবসাইটের ট্রাফিক, এনগেজমেন্ট, লিড কনভার্সন, সোশ্যাল রিচ, ভিডিও দেখার হার, গ্রাহক ধরে রাখা এবং বিজ্ঞাপনী খরচের বিপরীতে আয়ের ওপর।

এর অর্থ হলো, ক্যাম্পেইন চলাকালীনই সেটিকে প্রয়োজনমতো পরিমার্জন করা সম্ভব। কোনো ক্যাম্পেইন শেষ হওয়ার পর "কেউ এতে আগ্রহ দেখায়নি"—জানার জন্য মার্কেটিং বিভাগকে আর অলস বসে থাকতে হয় না।

মার্কেটিং এখন এমন একটি মিশ্র শাখায় রূপ নিয়েছে যেখানে অসীম সৃজনশীলতার সাথে সাথে প্রখর ডেটা বিশ্লেষণের যথার্থতাও প্রয়োজন হয়।

ধারাবাহিক রূপান্তর: অতীত বনাম বর্তমান

এই রূপান্তরটি বেশ নাটকীয়। পুরোনো মডেলটি ছিল পণ্য-কেন্দ্রিক, যা চলত টিভি ও পত্রপত্রিকার হাত ধরে, যোগাযোগ ছিল একমুখী এবং পুরো নজর ছিল হর্সপাওয়ার, স্পেসিফিকেশন ও গাড়ি বিক্রির ওপর। আধুনিক সংস্করণটি গ্রাহক-কেন্দ্রিক, ডিজিটাল ও বহুমুখী; যা জীবনধারণ, ব্যক্তিকেন্দ্রীকরণ এবং দীর্ঘমেয়াদে গ্রাহকের মূল্যের ওপর জোর দেয়।

সব কিছু আমাদের নিয়ে আসে সেই জায়গায়, যাকে নির্মাতারা এখন সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করেন: বিশ্বাস।

প্রযুক্তি দিয়ে এখন অন্য ব্র্যান্ডের চেয়ে নিজেকে আলাদা করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে, কারণ প্রায় সবার কাছেই পর্যাপ্ত প্রযুক্তি রয়েছে। সেফটি ইকুইপমেন্ট এখন সব গাড়িতেই সহজলভ্য। সবখানেই স্ক্রিনের ছড়াছড়ি। এমনকি সাধারণ মানের একটি গাড়িতেও এখন যে পরিমাণ কম্পিউটিং পাওয়ার থাকে, তার তুলনায় নব্বই দশকের কোন প্রিমিয়াম সেডানকে বড়জোর একটি উচ্চাভিলাষী ক্যালকুলেটর বলা হতে পারে।

ব্র্যান্ডগুলোকে এখন যা আলাদা করে, তা হলো গাড়ির চারপাশের সামগ্রিক অভিজ্ঞতা।

ওয়ারেন্টি সুবিধা, জেনুইন পার্টস, সার্ভিসিং, বিক্রয়োত্তর সেবা, স্বচ্ছতা এবং ব্যবহৃত গাড়ির রিসেল ভ্যালু—সবকিছু মিলিয়েই ব্র্যান্ডের ওপর আস্থা তৈরি হয়। একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ কেবল বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে তৈরি করা যায় না; এটি গড়ে ওঠে গ্রাহককে নিয়মিত অসাধারণ অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে।

বিজ্ঞাপনী মাধ্যমের বিবর্তন

বার্তার সাথে সাথে বদলেছে মাধ্যমও। ১৯৮০ ও ১৯৯০-এর দশক ছিল চকচকে ম্যাগাজিন আর ব্যয়বহুল টিভি বিজ্ঞাপনের। ২০০০-এর দশকের শুরুতে আসে প্রস্তুতকারকদের ওয়েবসাইট এবং অনলাইন পেজ। ২০১০-এর দশক সোশ্যাল মিডিয়া একমুখী বার্তাকে পরিণত করে দ্বিমুখী সংলাপে, যেখানে গ্রাহকরা যেকোনো নতুন মডেল সম্পর্কে নিজেদের মতামত সরাসরি ব্র্যান্ডকে জানিয়ে দিতে পারতেন।

আর ২০২০-এর দশক হলো কনটেন্ট ক্রিয়েটর, শর্ট ভিডিও এবং আপাতদৃষ্টিতে বাস্তবমুখী স্টোরিটেলিংয়ের যুগ।

এর পরের ধাপে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্রাহকের ভবিষ্যৎ আচরণ অনুমানের ক্ষমতা, অগমেন্টেড-রিয়েলিটি শোরুম এবং ভার্চুয়াল টেস্ট ড্রাইভ। হয়তো সুদূর ভবিষ্যতে কোনো এক সময় গাড়িটি সরাসরি আপনার লিভিং রুমের স্ক্রিনে ভেসে উঠে নিজেই জিজ্ঞেস করবে—আপনি এটি কিনতে চান কিনা!

আগামীর পথ

অটোমোবাইল মার্কেটিংয়ের পরবর্তী দিগন্ত নির্ধারিত হবে গভীর-আত্মিক সম্পর্কের মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রেডিক্টিভ কাস্টমার জার্নি, কানেক্টেড ভেহিকেল এবং অগমেন্টেড রিয়েলিটি মানুষের গাড়ি খোঁজা ও কেনার অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন রূপ দেবে। মার্কেটিং টিমগুলোকে অবশ্যই অত্যাধুনিক প্রযুক্তির সাথে সৃজনশীল দৃষ্টিভঙ্গির নিরবচ্ছিন্ন সমন্বয় ঘটাতে হবে।

আগামী দিনে যারা নেতৃত্ব দেবে, তারা হয়তো সবচেয়ে বড় বিজ্ঞাপনী বাজেটের প্রতিষ্ঠান হবে না। জয়ী হবে তারাই যারা তাদের গ্রাহকদের সাথে এতই ভালোভাবে সম্পর্ক স্থাপন করতে পারবে যে তাদের বিজ্ঞাপনগুলোকে আর বিজ্ঞাপন বলেই মনে হবে না।

সকল কথা আবার অটোমোবাইল মার্কেটিংয়ের সেই মৌলিক পরিবর্তনের কাছেই ফিরিয়ে আনে।

অতীতের বিজ্ঞাপন একটি সোজা প্রশ্নের উত্তর দিত: "এই গাড়িতে কী কী ফিচার আছে?"

আর আজকের বিজ্ঞাপন জানার চেষ্টা করে: "এই গাড়িটি আপনার জীবনকে কীভাবে আরও সুন্দর করে তুলবে?"

অবশ্যই, গাড়িটিই এখনো মূল ভিত্তি। এতে এখনও আছে চারটি চাকা, একটি ইঞ্জিন বা মোটর, কয়েকটি সিট এবং একটি দাম। 

কিন্তু গাড়িটিই এখন আর পুরো গল্প নয়।

অটোমোবাইল শিল্প যখন ভবিষ্যতের দিকে দ্রুত এগিয়ে চলেছে, তখন একটি সত্য ধ্রুবক হয়ে দাঁড়িয়েছে: ক্রেতারা হয়তো গাড়ির ফিচারের জন্য গাড়ি কেনেন, কিন্তু তাদের আনুগত্য থাকে প্রিয় ব্র্যান্ডের প্রতি যেখানে তারা খুঁজে পান সেই বিশ্বাস আবেগ এবং সেই বিশ্বাস, আবেগ এবং অবিস্মরণীয় মুহূর্তগুলো।

লেখক পরিচিতি

মোঃ সাইদুর রহমান ফরাজী একজন মার্কেটিং প্রফেশনাল। অটোমোবাইল ব্র্যান্ড স্ট্র্যাটেজি, কমিউনিকেশন এবং ব্র্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে তার আছে দীর্ঘ অভিজ্ঞতা।  বর্তমানে তিনি Toyota Bangladesh-এ Brand, Marketing and Communications বিভাগ দেখভাল করছেন। এর আগে তিনি Asian Holdings Limited-এ অটোমোবাইল ট্রেড মার্কেটিং বিভাগে দায়িত্ব পালন করেছেন। অটোমোবাইল মার্কেটিং, ব্র্যান্ড বিল্ডিং, ডিজিটাল ক্যাম্পেইন, বিজ্ঞাপন এবং কনজিউমার এনগেজমেন্ট নিয়ে তার হাতেকলমে অভিজ্ঞতা রয়েছে, যা তাকে বাংলাদেশে অটোমোবাইল ব্র্যান্ডগুলোর যোগাযোগ ও বিকাশ সম্পর্কে একটি বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি প্রদান করেছে।

মোঃ সাইদুর রহমান ফরাজী

একজন মার্কেটিং প্রফেশনাল। অটোমোবাইল ব্র্যান্ড স্ট্র্যাটেজি, কমিউনিকেশন এবং ব্র্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে তার আছে দীর্ঘ অভিজ্ঞতা।  বর্তমানে তিনি Toyota Bangladesh-এ Brand, Marketing and Communications বিভাগ দেখভাল করছেন। এর আগে তিনি Asian Holdings Limited-এ অটোমোবাইল ট্রেড মার্কেটিং বিভাগে দায়িত্ব পালন করেছেন। অটোমোবাইল মার্কেটিং, ব্র্যান্ড বিল্ডিং, ডিজিটাল ক্যাম্পেইন, বিজ্ঞাপন এবং কনজিউমার এনগেজমেন্ট নিয়ে তার হাতেকলমে অভিজ্ঞতা রয়েছে, যা তাকে বাংলাদেশে অটোমোবাইল ব্র্যান্ডগুলোর যোগাযোগ ও বিকাশ সম্পর্কে একটি বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি প্রদান করেছে।

Previous
Previous

ইভি বিতর্ক: প্রচার আর বাস্তবতা

Next
Next

Curated Cars: এক বছর পরও ঢাকার স্মৃতিতে উজ্জ্বল