সাত মিনিটেই চার্জ হবে Chery-র গাড়ি
ছবিঃ Chery
BYD ইতিমধ্যেই এমন চার্জার বাজারে এনেছে, যা মাত্র ৯ মিনিটে একটি ইলেকট্রিক গাড়ির ব্যাটারি চার্জ করে দিতে পারে। এবার আরও দ্রুত চার্জিং প্রযুক্তি নিয়ে হাজির হতে চায় Chery।
প্রতিষ্ঠানটির দাবি, তাদের নতুন প্রযুক্তিতে ব্যাটারির চার্জ ১০ শতাংশ থেকে ৯৭ শতাংশে নিতে সময় লাগবে মাত্র ৬ মিনিট ৫০ সেকেন্ড। প্রদর্শনীর বাইরে বাস্তব সড়কেও এই দাবি সত্য প্রমাণিত হলে, EV শিল্পে ধীরগতির চার্জিং নিয়ে গ্রাহকদের সবচেয়ে বড় অজুহাতগুলোর একটি আর টিকবে না।
২০ অক্টোবর চীনের Wuhu-তে অনুষ্ঠিত Global Innovation Conference-এ Chery তাদের “Volt-dragon” আল্ট্রা-ফাস্ট চার্জিং প্রযুক্তি প্রদর্শন করেছে। এই ব্যবস্থায় একসাথে সংযুক্ত করা হয়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন, শক্তি সংরক্ষণ এবং vehicle-to-grid (V2G) প্রযুক্তি। ফলে উপযুক্ত ইলেকট্রিক গাড়ি শুধু বিদ্যুৎ নিতে নয়, প্রয়োজন হলে গ্রিডে বিদ্যুৎ ফেরত দিতেও পারবে।
Chery-এর দাবি, এই ব্যবস্থা মাত্র ৫ মিনিটে গাড়ির ড্রাইভিং রেঞ্জে ৫০০ কিলোমিটার (৩১১ মাইল) যুক্ত করতে পারে। চীনা সংবাদমাধ্যম CarNewsChina-তে প্রকাশিত প্রতিবেদনে একটি সাধারণ তাপমাত্রায় করা চার্জিং পরীক্ষার কথা বলা হয়েছে, যেখানে ব্যাটারির চার্জ ১০ শতাংশ থেকে ৯৭ শতাংশে উঠতে লেগেছিল ৬ মিনিট ৫০ সেকেন্ড। তবে Chery-এর আনুষ্ঠানিক ইংরেজি ভাষার ঘোষণায় পাঁচ মিনিটে ৫০০ কিলোমিটার রেঞ্জ বাড়ানোর দাবিটি নিশ্চিত করা হলেও, ওই নির্দিষ্ট চার্জিং পরীক্ষার তথ্য স্বাধীনভাবে প্রমান করা হয়নি।
Chery দাবি করছে, এই চার্জিং সিস্টেমের সর্বোচ্চ আউটপুট ১.৪৪ মেগাওয়াট এবং সর্বোচ্চ কারেন্ট ১,৫০০ অ্যাম্পিয়ার। সংখ্যাগুলো চমকপ্রদ,কিন্তু সর্বোচ্চ সক্ষমতা জানলেই বোঝা যায় না, বাস্তবে গাড়ির ব্যাটারি ঠিক কতটা বিদ্যুৎ গ্রহন করেছে বা কতক্ষণ সেই শক্তিতে চার্জ হয়েছে। এছাড়া, Chery এখনো পরীক্ষায় ব্যবহৃত গাড়ির মডেল, ব্যাটারির ধারণক্ষমতা, উৎপাদন শুরুর সময় কিংবা ৫০০ কিলোমিটারের রেঞ্জ হিসাব করতে ব্যবহৃত পরীক্ষাপদ্ধতি প্রকাশ করেনি। ধারণ করা হচ্ছে, এই রেঞ্জের দাবি চীনের CLTC পরীক্ষামান অনুসারে করা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, চার্জিং কেবল ও কানেক্টর মিলিয়ে চার্জারটির ওজন মাত্র ২ কেজি (৪.৪ পাউন্ড), আর ব্যবহারের সময় শব্দের মাত্রা থাকে ৫০ ডেসিবেলের নিচে। ২০২৯ সালের মধ্যে বিশ্বজুড়ে V2G-সমর্থিত ২০,০০০ চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনাও রয়েছে তাদের। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে চার্জিং কেবল সংযুক্ত করার জন্য রোবটিক হাত ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ, গাড়ির প্লাগ লাগানোর কাজটিও শিগগিরই রোবটের নিয়ন্ত্রণে চলে যাবে।
চীনা গাড়ি নির্মাতা ও ব্যাটারি সরবরাহকারীরা যখন একের পর এক উচ্চাভিলাষী দাবি করছে, তখন সেই প্রতিযোগিতায় যোগ দিল Chery। ২০২৪ সালের মার্চে উন্মোচিত Li Auto-র দাবি ছিল, তাদের Mega মিনিভ্যানে ১২ মিনিটে ৫০০ কিলোমিটার রেঞ্জ যোগ করা সম্ভব। একই বছরে কয়েক মাস পরে Zeekr ঘোষণা দেয়, উন্নত লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এবং উপযুক্ত আল্ট্রা-ফাস্ট চার্জার ব্যবহার করে তাদের গাড়ির চার্জ ১০ শতাংশ থেকে ৮০ শতাংশে তুলতে সময় লাগবে ১০.৫ মিনিট।
২০২৫ সালের মার্চে BYD উন্মোচন করে তাদের Super e-Platform, যা প্রতিযোগিতার মাত্রা এক ধাপ বাড়িয়ে দেয়। মেগাওয়াট চার্জিং সমর্থনের জন্য তৈরি এই ১,০০০-ভোল্ট আর্কিটেকচার সম্পর্কে প্রতিষ্ঠানটির দাবি ছিল, মাত্র ৫ মিনিটে ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল) রেঞ্জ যোগ করা সম্ভব। প্রথম উপযুক্ত মডেল হিসেবে ঘোষণা করা হয় BYD Han L সেডান ও Tang L SUV-এর নাম।
ছবিঃ BYD
এরপর BYD তাদের দ্বিতীয় প্রজন্মের Blade ব্যাটারির ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির দাবি, এতে চার্জ ১০ শতাংশ থেকে ৭০ শতাংশে তুলতে সময় লাগবে ৫ মিনিট এবং ১০ শতাংশ থেকে ৯৭ শতাংশে তুলতে লাগবে ৯ মিনিট। এমনকি প্রতিষ্ঠানটি আরো দাবি করছে, মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ শতাংশ থেকে ৯৭ শতাংশ চার্জ করতেও সাধারণ তাপমাত্রায় করা পরীক্ষার তুলনায় অতিরিক্ত সময় লাগবে মাত্র ৩ মিনিট।
চায়নার বিলাসবহুল গাড়ি নির্মাতা Hongqi-ও একটি পরীক্ষামূলক আল্ট্রা-ফাস্ট চার্জিং ব্যাটারি প্রদর্শন করেছে। দাবি অনুযায়ী, এই ব্যাটারির ১০ শতাংশ থেকে ৭০ শতাংশে চার্জ হতে সময় নেয় ৩ মিনিট ৪১ সেকেন্ড। আর ১০ শতাংশ থেকে ৯৭ শতাংশে পৌঁছাতে লেগেছে ৮ মিনিট ৩ সেকেন্ড। তবে এটি কবে উৎপাদনে যাবে, সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা জানা যায়নি। Hongqi-এর মূল প্রতিষ্ঠান Dongfeng পরবর্তী সময়ে প্রতি কানেক্টরে ১,৫০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি প্রোটোটাইপ চার্জারও উন্মোচন করেছে।
গত মাসে Hong Kong-এ Xpeng একটি মেগাওয়াট চার্জিং স্টেশনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে ব্যাটারি সরবরাহকারী Sunwoda এমন একটি ব্যবস্থা প্রদর্শন করেছে, যার দাবি অনুযায়ী ৫ মিনিটে চার্জ ১০ শতাংশ থেকে ৭০ শতাংশে এবং ৯ মিনিটে ১০ শতাংশ থেকে ৯৭ শতাংশে নেওয়া সম্ভব।
২৩ সেপ্টেম্বর Geely আরও বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয় ২,২৫০ কিলোওয়াট ক্ষমতার চার্জিং ব্যবস্থা উন্মোচন করে। প্রতিবেদন অনুযায়ী, প্রোটোটাইপ Lynk & Co 10 ও Zeekr 001 গাড়ি ১০ শতাংশ থেকে ৭০ শতাংশে চার্জ হতে নিয়েছে সময় ৪ মিনিট ৩০ সেকেন্ড । ১০ শতাংশ থেকে ৯৭ শতাংশে পৌঁছাতে সময় লেগেছে ৮ মিনিট ৪০ সেকেন্ড।
এসব দাবি Chery-কে প্রতিযোগিতার শীর্ষস্থানীয়দের কাতারে নিয়ে এসেছে। তবে প্রযুক্তিগুলোর সরাসরি তুলনা করা এখনো কঠিন। ব্যাটারির আকার, চার্জিংয়ের বিভিন্ন পর্যায়ে বিদ্যুতের প্রবাহ, পরীক্ষার পরিবেশ এবং রেঞ্জ নির্ধারণের মানদণ্ড—সবকিছুই ফলাফলে প্রভাব ফেলে। সর্বোচ্চ চার্জিং ক্ষমতা আর দীর্ঘ সময় ধরে সেই ক্ষমতা বজায় রাখার মধ্যে পার্থক্য রয়েছে। এছাড়াও, পরীক্ষাগারে সফল প্রদর্শনী প্রমাণ করে না গ্রাহকেরা পাবলিক চার্জিং স্টেশনে একই ফল পাবেন।
Chery-এর বৃহত্তর পরিকল্পনাটিও লক্ষণীয়। তাদের সিস্টেম শুধু দ্রুত চার্জ দেওয়ার ওপর নির্ভরশীল নয়; এর সঙ্গে রয়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন, শক্তি সংরক্ষণ এবং দুই দিকে বিদ্যুৎ আদান-প্রদানের সুবিধা। বড় পরিসরে বাস্তবায়ন করা গেলে এই চার্জিং অবকাঠামো শুধু গাড়িতে বিদ্যুৎ দেওয়ার জায়গায় না থেকে বৃহত্তর জ্বালানি নেটওয়ার্কের অংশ হয়ে উঠতে পারে।
তবে বাংলাদেশের জন্য এই প্রযুক্তি এখনো অনেক দূরের বিষয়। সারা দেশে এখনো পর্যন্ত স্থাপন করা হয়েছে হাতে গোনা কয়েকটি DC ফাস্ট চার্জার। ফলে মেগাওয়াট-ক্ষমতার চার্জিং স্থানীয় চালকদের জন্য বাস্তবসম্মত বিকল্প হয়ে উঠতে আরও সময় লাগবে।
তারপরও প্রযুক্তির গতিপথ উপেক্ষা করা কঠিন। বৈদ্যুতিক গাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের অন্যতম বড় যুক্তি ছিল: ট্যাংকে জ্বালানি ভরতে যত সময় লাগে, তার তুলনায় ইলেকট্রিক গাড়ি চার্জ করতে বেশি সময় লাগে। এই চার্জিং ব্যবস্থা নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং সহজলভ্য হয়ে উঠলে সেই যুক্তি ক্রমেই বিলীন হয়ে যাবে।
BYD ইতিমধ্যেই এমন চার্জার বাজারে এনেছে, যা মাত্র ৯ মিনিটে একটি ইলেকট্রিক গাড়ির ব্যাটারি চার্জ করে দিতে পারে। এবার আরও দ্রুত চার্জিং প্রযুক্তি নিয়ে হাজির হতে চায় Chery।