নিরাপত্তায় পাঁচ তারকা পেল BYD M9
ছবিঃ ANCAP
Sealion 5 ক্রসওভারটি নিরাপত্তা পরীক্ষায় তিন তারকা পাওয়ার বিব্রতকর পরিস্থিতির পর আবার নিজেদের ভাবমূর্তি উদ্ধার করেছে চীনা গাড়ি নির্মাতা BYD।
কোম্পানির আসন্ন M9 হাইব্রিড ভ্যানটি Australasian New Car Assessment Program (ANCAP)-এর নিরাপত্তা পরীক্ষায় সর্বোচ্চ পাঁচ তারকা অর্জন করেছে। পরিবার নিয়ে যাতায়াতের জন্য তৈরি একটি গাড়ির ক্ষেত্রে এটি নিঃসন্দেহে সুখবর।
M9 একটি প্লাগ-ইন হাইব্রিড পারিবারিক ভ্যান গাড়ি, যা বৈদ্যুতিক শক্তির সুবিধার সঙ্গে জ্বালানি ইঞ্জিনের সহজলভ্যতা একত্র করেছে। BYD এই প্রযুক্তিটিকে “Super Hybrid” নামে বাজারজাত করে।
নিরাপদে গাড়ি চালানোর বিভাগে M9 পেয়েছে ৭৫ শতাংশ, দুর্ঘটনা এড়ানোর বিভাগে ৭৮ শতাংশ এবং দুর্ঘটনায় সুরক্ষার বিভাগে ৮৯ শতাংশ। সবচেয়ে ভালো ফল এসেছে দুর্ঘটনা-পরবর্তী নিরাপত্তা বিভাগে, যেখানে গাড়িটি পূর্ণ ১০০ শতাংশ নম্বর অর্জন করেছে।
M9-এর পাশাপাশি ANCAP-এর পাঁচ তারকা নিরাপত্তা রেটিং পেয়েছে আরো দুটি চীনা বিদ্যুতায়িত গাড়ি। অন্য দুটি গাড়ি হলো GAC-এর তৈরি Aion UT ইলেকট্রিক হ্যাচব্যাক এবং Xpeng-এর X9 ইলেকট্রিক ভ্যান।
M9-এর জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার ব্যবস্থাগুলোর প্রশংসা করেছে ANCAP। এর মধ্যে রয়েছে eCall জরুরি সহায়তা এলার্ট এবং একাধিক সংঘর্ষ প্রতিরোধে স্বয়ংক্রিয় ব্রেকিং ব্যবস্থা। সংস্থাটি এই প্রযুক্তিগুলোকে “উচ্চমানের” বলে বর্ণনা করেছে। জরুরি সহায়তা এলার্ট দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকর্মীদের খবর দিতে সাহায্য করে। অন্যদিকে, একাধিক সংঘর্ষ প্রতিরোধে ব্রেকিং ব্যবস্থা প্রথম ধাক্কার পর দ্বিতীয়বার সংঘর্ষের ঝুঁকি কমাতে কাজ করে।
তবে ANCAP একটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেটি ব্যাটারি, হাইব্রিড ব্যবস্থা কিংবা দুর্ঘটনায় গাড়ির সুরক্ষা নিয়ে নয়। বরং উদ্বেগের কারণ গাড়ির ভেতরের টাচস্ক্রিনের সংখ্যা।
গাড়ি নির্মাতারা যখন প্রচলিত বোতামের বদলে একের পর এক ডিজিটাল মেনুর দিকে ঝুঁকছেন , তখন ANCAP সতর্ক করেছে যে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণব্যবস্থাগুলো এমন হওয়া উচিত, যাতে সেগুলো ব্যবহারের জন্য চালককে রাস্তা থেকে চোখ সরাতে না হয়। শোরুমে বড় টাচস্ক্রিন দেখতে আধুনিক মনে হতে পারে। কিন্তু চলন্ত গাড়িতে মেনুর পর মেনু ঘেঁটে উইন্ডস্ক্রিন ওয়াইপারের সেটিংস খুঁজে বের করা মোটেও ব্যবহারিক বা নিরাপদ নয়।
ANCAP-এর প্রধান নির্বাহী Carla Hoorweg বলেছেন, “আমরা চাই গাড়ি নির্মাতারা চালকদের দৈনন্দিন ব্যবহারের ফিচারগুলোর জন্য আবার বোতাম ফিরিয়ে আনুক।”
তিনি আরও বলেন, “উইন্ডস্ক্রিন ওয়াইপারের গতি পরিবর্তন করা, হেডলাইট জ্বালানো কিংবা কুয়াশায় ঝাপসা হয়ে যাওয়া উইন্ডস্ক্রিন পরিষ্কার করার মতো কাজগুলো সহজ, স্বাভাবিক অভ্যস্ততায় এবং রাস্তা থেকে মনোযোগ না সরিয়েই ব্যবহার করতে পারা উচিত।”
দাবিটি যথেষ্ট যৌক্তিক। কয়েক দশক ধরে একটি সাধারণ সুইচ দিয়ে যে কাজগুলো সহজেই করা হয়েছে, সেগুলোর জন্য চালকদের সফটওয়্যারের মেনু ঘাঁটাঘাঁটির প্রয়োজন মোটেও যুক্তিযুক্ত নয়। নেভিগেশন, বিনোদন এবং গাড়ির বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণে টাচস্ক্রিন কার্যকর হতে পারে। কিন্তু ড্যাশবোর্ডকে আরও পরিচ্ছন্ন দেখানোর জন্য প্রতিদিনের প্রয়োজনীয় নিয়ন্ত্রণব্যবস্থার ব্যবহারকে কঠিন করে তোলা একটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত।
চলতি বছরের কোনো এক সময়ে BYD M9-এর বাংলাদেশে আত্মপ্রকাশ করার কথা রয়েছে। নতুন পারিবারিক গাড়ি কেনার কথা ভাবছেন এমন ক্রেতাদের জন্য ANCAP এর এই পাঁচ তারকা রেটিং উৎসাহজনক খবর হবে। তবে টাচস্ক্রিনের বিষয়টি চালকদের বিরক্তির কারণ হয়ে উঠতে পারে।
একটি পারিবারিক গাড়ির কাজ প্রতিদিনের যাত্রা সহজ করা, সাধারণ ফিচারগুলোকে ডিজিটাল মেনুর গোলকধাঁধায় ফেলে চালককে বিভ্রান্ত করা নয়।দুর্ঘটনাজনিত সুরক্ষা ক্ষেত্রে M9-এর নকশা প্রশংসনীয়। কিন্তু এর কেবিন নকশার ক্ষেত্রেও সমান বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা তা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
Sealion 5 ক্রসওভারটি নিরাপত্তা পরীক্ষায় তিন তারকা পাওয়ার বিব্রতকর পরিস্থিতির পর আবার নিজেদের ভাবমূর্তি উদ্ধার করেছে চীনা গাড়ি নির্মাতা BYD।