ছবিঃ Latin NCAP
Malaysia-তে Omoda 5-এর পেছনের অ্যাক্সেল বিছিন্ন হওয়ার বিতর্ক সামাল না দিতেই Chery-র সামনে হাজির হয়েছে আরেকটি নিরাপত্তা সংকট।
এবার তাদের Tiggo 2 ক্রসওভার ক্র্যাশ টেস্টে পেয়েছে শূন্য স্টার। এতে এই চীনা প্রতিষ্ঠানের তৈরি গাড়ির নিরাপত্তা ও গুণগত মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
২০২৬ সালের ২৮ অক্টোবর New Car Assessment Programme for Latin America and the Caribbean (Latin NCAP) তাদের ২০২৬ সালের হালনাগাদ পরীক্ষাপদ্ধতির অধীনে প্রথম ক্র্যাশ টেস্টের ফল প্রকাশ করে। নতুন এই পরীক্ষার সম্পূর্ণ ব্যর্থ হয় Chery Tiggo 2।
Tiggo 2 Pro, Tiggo 2 Pro Max এবং Mexico-তে Chirey Tiggo 2-সহ বিভিন্ন নামে পরিচিত এই এন্ট্রি-লেভেল SUV-তে রয়েছে চারটি এয়ারব্যাগ এবং Electronic Stability Control (ESC)। তবে পরীক্ষায় গাড়িটির প্যাসেঞ্জারদের সুরক্ষার জন্য এই সরঞ্জাম যথেষ্ট ছিল না।
Adult Occupant Protection এবং Child Occupant Protection—দুই বিভাগেই Tiggo 2 পেয়েছে শূন্য শতাংশ নম্বর। Pedestrian Protection-এ পেয়েছে ৪৯ শতাংশ এবং Safety Assist বিভাগে ৪৫ শতাংশ।
পরীক্ষার সময় বেশ কয়েকটি গুরুতর সমস্যা চিহ্নিত করেছে Latin NCAP। সামনের দিক থেকে সংঘর্ষের সময় গাড়িটির কাঠামো এবং পায়ের জায়গার অংশ অতিরিক্ত নড়বড়ে হয়ে পড়ে। চালকের বুকেও অতিরিক্ত চাপ তৈরি হয়। পরীক্ষায় ধরা পড়েছে আগুন লাগার ঝুঁকি, যা গাড়ির যাত্রী এবং উদ্ধারকর্মী—উভয়ের জন্যই বিপজ্জনক।
সমস্যার তালিকা এখানেই শেষ নয়। গাড়িটির প্রাথমিক মডেলে সাইড হেড প্রোটেকশন নেই। পেছনের আসনগুলোতে সিটবেল্ট প্রিটেনশনার ও লোড লিমিটারও অনুপস্থিত। পাশাপাশি নেই Advanced Driver Assistance Systems (ADAS)।
Latin NCAP-এর Secretary General Alejandro Furas বলেন, জনপ্রিয় একটি বাজার বিভাগের মডেলে দুর্বল নিরাপত্তা প্রদানের কারণে এই ফল Chery-কে আরও বেশি নজরদারির মুখে ফেলেছে।
Chery-র জন্য ফলটি এসেছে একটি বিব্রতকর সময়ে। গত ৬ অক্টোবর Malaysia-তে একটি Omoda 5-এর পেছনের অ্যাক্সেল অ্যাসেম্বলি গাড়ি থেকে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর দেশটির Road Transport Department (JPJ) সাময়িকভাবে মডেলটির Vehicle Type Approval (VTA) স্থগিত করে, ফলে নতুন নিবন্ধন বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে সমস্যাটি মোকাবেলা করার জন্য Chery Omoda 5 C এবং H ভ্যারিয়েন্ট মিলিয়ে মোট ৮,৮৭৮টি গাড়ি রিকল করার ঘোষণা দেয়।
ছবিঃ Panggil Aku Naz
এরপর ২১ অক্টোবর World Intelligent Connected Vehicles Conference (WICV)-এ গাড়ির গুণগত মান নিয়ে উদ্বেগের বিষয়ে ক্ষমা চান Chery-র চেয়ারম্যান ও প্রেসিডেন্ট Yin Tongyue। তিনি জোর দিয়ে বলেন, দ্রুত মুনাফার পেছনে না ছুটে বিদেশের বাজারে দীর্ঘমেয়াদি কার্যক্রম গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে তিনি বলেন, কোম্পানিটি বিদেশের বাজারে “শিকড় গেড়ে বসতে” প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের ক্ষেত্রে চীনা গাড়ি নির্মাতাদের বিনয়ী থাকা এবং স্থানীয় নিয়মকানুনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।
Tiggo 2 একটি এন্ট্রি-লেভেল কমপ্যাক্ট SUV, যা মূলত Southeast Asia, Latin America এবং Middle East-এর মতো উদীয়মান বাজারের জন্য তৈরি। China-তে Chery Tiggo 3x নামে বিক্রি হওয়া গাড়িটি Tiggo সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মডেল।
গাড়িটির দৈর্ঘ্য ৪,২০০ মিমি, প্রস্থ ১,৭৬০ মিমি এবং উচ্চতা ১,৫৭০ মিমি। হুইলবেস ২,৫৫৫ মিমি।
২০০৫ সালে Tiggo সিরিজের গাড়ি দিয়ে রপ্তানি শুরু করে Chery। বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের ৮০টিরও বেশি দেশ ও অঞ্চলে গাড়ি বিক্রি করছে। শুধু ২০২৬ সালের প্রথম ছয় মাসেই Central ও South America-তে ১১৫,০২৮টির বেশি গাড়ি রপ্তানি করেছে তারা। এত গুরুত্বপূর্ণ একটি রপ্তানি বাজারে শূন্য স্টার পাওয়া যে ব্র্যান্ডটির ভাবমূর্তির জন্য ভালো খবর নয়, তা বলাই বাহুল্য।
ছবিঃ Chery
উল্লেখ্য, Omoda 5-এর মতো Tiggo 2 কখনোই বাংলাদেশে বিক্রি হয়নি। পাশাপাশি বর্তমানে বাংলাদেশের সড়কে চলাচলকারী Chery-র গাড়িগুলোতে বড় ধরনের কাঠামোগত ত্রুটি কিংবা এ ধরনের গুরুতর দুর্ঘটনার কোনো নথিভুক্ত ঘটনা নেই। সুতরাং Latin NCAP-এর এই ফলকে Chery-র প্রতিটি মডেলের নিরাপত্তার চূড়ান্ত মূল্যায়ন হিসেবে দেখা ঠিক হবে না।
তবে এটি আরেকটি সতর্কবার্তা—প্রতিযোগিতামূলক দাম আর ফিচারের লম্বা তালিকার কোনো মূল্য নেই, যদি গাড়ির মূল কাঠামোই যাত্রীদের সুরক্ষা দিতে না পারে।
Malaysia-তে Omoda 5-এর পেছনের অ্যাক্সেল বিছিন্ন হওয়ার বিতর্ক সামাল না দিতেই Chery-র সামনে হাজির হয়েছে আরেকটি নিরাপত্তা সংকট।