ছবিঃ Mercedes
চীনের গাড়ি নির্মাতাদের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে Mercedes-Benz। তবে পাল্টা জবাব দিতে শুধু পরিশ্রম নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এরও সাহায্য নিতে যাচ্ছে ব্র্যান্ডটি।
অস্ট্রেলিয়ার Drive ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রমবর্ধমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেছেন Mercedes-এর CTO Jörg Burzer। চীনা নির্মাতাদের গাড়ি উন্নয়নের গতিকে তিনি বর্ণনা করেছেন “অসাধারণ” বলে। বিশেষ করে ক্রেতাদের চাহিদা অনুযায়ী দ্রুত পরিবর্তন আনার সক্ষমতার প্রশংসা করেছেন তিনি।
“যে বিষয়টি নিঃসন্দেহে অসাধারণ, তা হলো এমন এক গতিতে গাড়ি উন্নয়ন করা যা সত্যিকার অর্থেই ক্রেতার চাহিদাকে গুরুত্ব দেয়। প্রতিযোগিতা ভালো। এটি ক্রেতার জন্য ভালো। একদিকে, তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রয়েছে। অন্যদিকে, আমাদের নিজেদের ওপর সেই আত্মবিশ্বাসও আছে যে আমরা চীনে, এমনকি ইউরোপেও এই প্রতিদ্বন্দ্বীদের সাথে পাল্লা দিতে পারব।”
তবে তাঁর এই আত্মবিশ্বাস Mercedes-এর বিক্রির পরিসংখ্যানের সাথে মিলছে না। ২০২৫ সালে চীনে তাদের গাড়ি বিক্রি ১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫,৫১,৯৩২টিতে। ২০২৬ সালেও এই পতন অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় গাড়ি সরবরাহ ২৯ শতাংশ কমে ৪,১৮,৩০৫টিতে নেমেছে।
বিশ্বজুড়েও পরিস্থিতি খুব একটা আশাব্যঞ্জক নয়। ২০২৫ সালে Mercedes মোট ১৮,০১,২৯১টি গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কম। ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে বিশ্বজুড়ে গাড়ি সরবরাহ আরও ৭.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩,৪১,৪২৭টিতে। তবে চীনা প্রতিযোগিতাই এই পতনের একমাত্র কারণ নয়। পুরো গাড়ি শিল্পের প্রচলিত নির্মাতারাই কঠিন বাজার পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তারপরও বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজারে নিজেদের অবস্থান হারানো Mercedes-এর পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়।
এই সংকটের জবাবে Mercedes তৈরি করছে PLM.AI নামের একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা। গাড়ির উন্নয়ন ও যন্ত্রাংশ কেনা থেকে শুরু করে উৎপাদন, বিক্রি এবং বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত পুরো ব্যবসার বিভিন্ন পর্যায়ের তথ্যকে এই ডিজিটাল কাঠামোর মধ্যে যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি।
Mercedes আশা করছে, নতুন এই PLM.AI ব্যবস্থার মাধ্যমে গাড়ি তৈরির সময় সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত কমে আসবে। পাশাপাশি প্রকৌশলগত কাজের দক্ষতা প্রায় ৫০ শতাংশ বাড়বে। এবং সময়ের সাথে AI নির্ভর ডিজিটাল সিমুলেশনের সাহায্যে সরাসরি গাড়ি তৈরি করে পরীক্ষা করার ঝামেলাও অর্ধেক নেমে আসবে।
এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন বিভাগের জন্য প্রয়োজনীয় তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা। এতে প্রকৌশলীরা আগেভাগেই সম্ভাব্য ত্রুটি শনাক্ত করে বিভিন্ন প্রযুক্তিগত বিকল্প যাচাইয়ের মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়ার শুরুতেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আলাদা আলাদা ব্যবস্থা ও বিচ্ছিন্ন তথ্য নিয়ে বিভিন্ন দলের কাজ করার বদলে PLM.AI একটি প্রমিত মডেলের মাধ্যমে তাদের সব তথ্য এক জায়গায় নিয়ে আসবে।
Mercedes ইতিমধ্যে উপকরণের খরচ কমানো, সার্টিফিকেশন ও homologation পরিচালনা, ত্রুটি শনাক্তকরণ এবং সফটওয়্যার উন্নয়নের মতো কাজে AI agent ব্যবহার করছে। PLM.AI এই অ্যাপ্লিকেশনগুলোকে একসঙ্গে সমন্বয়ের দ্বারা বিভিন্ন দলকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য ব্যবহারের সুযোগ করে দিবে।
প্রতিষ্ঠানটির দাবি, AI প্রকৌশলীদের জায়গা দখল করবে না, বরং তাদের কাজে সহায়তা করবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রকৌশলীদের হাতেই থাকবে। Mercedes আরও দাবি করেছে, দ্রুত গাড়ি উন্নয়নের জন্য গুণগত মান কিংবা নিরাপত্তার সঙ্গে আপস করা হবে না।
অবশ্য, EQ সিরিজের প্রশ্নবিদ্ধ নির্মাণ মানের কথা বিবেচনা করলে, এই প্রতিশ্রুতি বিশ্বাস করাতে Mercedes-কে আরও কিছু কাঠখড় পোড়াতে হবে। এছাড়া গাড়ি তৈরির গতি বাড়িয়েও খুব একটা লাভ হবে না, যদি নতুন গাড়ির ডিজাইনগুলো আগের মতোই বিদঘুটে থাকে।
Mercedes আশা করছে, এই ব্যবস্থা তাদের প্রকৌশলগত মান বজায় রেখেই নতুন প্রযুক্তি দ্রুত উৎপাদনে নিয়ে আসতে সাহায্য করবে। সামনে নতুন মডেলের বড় একটি ঢেউ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।
আসন্ন মডেল তালিকায় রয়েছে নতুন একটি entry-level গাড়ি, পরবর্তী প্রজন্মের CLA এবং বৈদ্যুতিক E-Class। পাশাপাশি ছোট আকারের baby G-Class, G-Class Convertible-এর প্রত্যাবর্তন, ছয় সিলিন্ডারের ইঞ্জিনসহ AMG C53, নতুন GT Black Series এবং ছাদ খোলা G63 তৈরির প্রস্তুতিও নিচ্ছে Mercedes।
বিক্রি কমে যাওয়ার ধারা উল্টে দিতে দ্রুত গাড়ি উন্নয়ন এবং নতুন মডেলের বিস্তৃত তালিকার ওপর বাজি ধরছে প্রতিষ্ঠানটি। চীনা নির্মাতাদের বিরুদ্ধে হারানো অবস্থান ফিরে পেতে কৃত্রিম বুদ্ধিমত্তা Mercedes-কে কতটা সাহায্য করতে পারে, তা অবশ্য সময়ই বলে দেবে।
এমনিতেই Lamborghini Gallardo ইতালীয় গতির এক অনন্য উদাহরণ। এবার প্রায় তিন দশক পর গাড়িটির মূল ডিজাইনার আবারও সেটির নকশায় হাত দিয়েছেন। ফলাফল HOMMAGE 26—কার্বন-ফাইবারে নতুন করে তৈরি একটি Gallardo, যাতে রয়েছে naturally aspirated V10, gated manual gearbox এবং সর্বোচ্চ ৫৬০ হর্সপাওয়ার।