BYD-র চার্জারে শেকল
ছবিঃ Di Fen Zhi Jia
BYD-এর দাবী, তাদের নতুন Flash Charger মাত্র ৯ মিনিটে একটি বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে পারে। তবে মনে হচ্ছে, এই প্রযুক্তির প্রসারে সবাই খুশি নন।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও অনুযায়ী, কিছু দুষ্কৃতিকারী BYD Megawatt Flash Charger-এর দুটি চার্জিং প্লাগ একসঙ্গে শেকল দিয়ে আটকে দিয়েছে। যার ফলে স্বাভাবিকভাবে চার্জারটি ব্যবহার করার সুযোগ বন্ধ হয়ে গেছে।
CarNewsChina-র খবরে বলা হয়েছে, দুটি চার্জিং হ্যান্ডেলেই সবুজ আলো জ্বলছিল, অর্থাৎ সেগুলো ছিল ব্যবহারের জন্য প্রস্তুত। স্বাভাবিকভাবে কাজ করছিল চার্জারের স্ক্রিনগুলোও। এমনকি স্টেশনটিও ঘিরে রাখা হয়নি। এমন অবস্থায় খুব প্রয়োজন হলে কেউ শেকল বাঁধা প্লাগগুলো ব্যবহার করার চেষ্টা করতে পারে। কিন্তু জোড়া লাগানো প্লাগগুলির একটি দিয়ে গাড়ি চার্জ দেওয়ার চেষ্টা করলে, অন্যটির আঘাতে গাড়ির বডি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই নির্দিষ্ট ঘটনা নিয়ে BYD এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। কেউ এর দায়ও স্বীকার করেনি।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম অনেকের ধারণা, কোন প্রতিদ্বন্দ্বী গাড়ি নির্মাতা ইচ্ছা করেই প্লাগ দুটি শিকল দিয়ে বেঁধে দিয়েছে। তবে CarNewsChina-এর মতে, এই ধারণাটি কিছুটা অবাস্তব। কারণ প্রতিদ্বন্দ্বীর চার্জিং স্টেশনে নাশকতা করতে গিয়ে ধরা পড়লে কোনো প্রতিষ্ঠানেরই ভাবমূর্তি অক্ষুন্ন থাকবে না। আরেকটি সম্ভাবনা হলো, BYD-এর চার্জিং অবকাঠামোয় ক্রমবর্ধমান বিনিয়োগ দেখে ছোট চার্জিং অপারেটররা নিজেদের ব্যবসা নিয়ে উদ্বিগ্ন। অথবা হয়তো কেউ নিছক রসিকতা করেছে। আপাতত আসলে কী হয়েছে, তা কেউ জানে না।
ছবিঃ Di Fen Zhi Jia
চীনে চার্জিং ব্যবসা খুব একটা লাভজনক নয়। বড় শহরের বাইরে দ্রুতগতির DC চার্জিংয়ের দাম প্রতি kWh-এ প্রায় ১ থেকে ১.৫ yuan, অর্থাৎ আনুমানিক ০.১৫ থেকে ০.২২ ডলার বা প্রায় ১৯ থেকে ২৮ টাকা। বিদ্যুতের দাম সর্বোচ্চ থাকলেও এই হার খুব একটা বাড়ে না। ফলে লভ্যাংশ কম। এছাড়াও চার্জিং নেটওয়ার্কের বড় অংশই পরিচালিত হয় ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থায়। ফ্র্যাঞ্চাইজির মালিকেরা জমি ও বিদ্যুৎ সরবরাহ করেন, আর মূল প্রতিষ্ঠান সরবরাহ করে চার্জিং যন্ত্রপাতি ও ক্লাউডভিত্তিক পরিষেবা।
কিছু অপারেটর অ্যাপের ভেতর বিজ্ঞাপন দেখিয়ে এবং অপশনাল চার্জিং বিমা বিক্রি করে বাড়তি আয় করার চেষ্টা করে। প্রতি চার্জিং সেশনে এই বিমার খরচ প্রায় ০.৫ yuan বা ০.০৭ ডলার (প্রায় ৯ টাকা)। চার্জারের কারণে গাড়ির ক্ষতি হলে এই বিমা তা কভার করে।
উল্লেখ্য, BYD-এর নতুন Flash Charger BYD-র পুরোনো মডেলের কিংবা অন্য ব্র্যান্ডের গাড়ির চার্জিংয়ের গতি বাড়াতে পারে না। তারপরও অনেকে চালাকি করে নতুন প্রযুক্তি ব্যবহার করার অভিজ্ঞতার জন্য এসব স্টেশন বেছে নেয়। আর সেই জনপ্রিয়তা কম লভ্যাংশে ভুগতে থাকা ছোট অপারেটরদের গাত্রদাহের কারণ হতে পারে।
ছবিঃ BYD
BYD জানিয়েছে, তারা Flash Charging নেটওয়ার্কের ব্যবস্থাপনা আরও উন্নত এবং এর অপব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেবে। চলতি মাসের শুরুতে BYD-র একটি চার্জার শিশুদের দোলনা হিসেবে ব্যবহারের খবর প্রকাশের পর এই ঘোষণা এল।
WeChat-এ ব্যবহারকারীদের প্রশ্নোত্তর পোস্টে BYD আরও প্রতিশ্রুতি দিয়েছে, তারা জ্বালানি ইঞ্জিনের গাড়িগুলোকে চার্জিংয়ের নির্ধারিত জায়গা দখল করা থেকে বিরত করার চেষ্টা করবে। এই সমস্যাকে বলা হয় “ICEing”।
এক্ষেত্রে BYD স্থানীয় ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করে জায়গা আটকে রাখা গাড়ি সরিয়ে নেবার পরামর্শ দেয়। চীনে সরকারি Traffic Police 12123 মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধভাবে পার্ক করা গাড়ির বিরুদ্ধে অভিযোগ জানানো যায়। নিয়ম ভাঙা চালকেরা জরিমানা করার আগে মোবাইল বার্তার মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হয়। তবে শুধু এই সতর্কবার্তা দিয়ে চার্জিংয়ের জায়গা দখল বন্ধ করা যাবে কি না, তা এখনো দেখার বিষয়।
ইলেকট্রিক গাড়ির জগতে এমন ঘটনা অবশ্য একেবারে নতুন নয়। যুক্তরাষ্ট্রে Tesla তাদের Supercharger নেটওয়ার্ক চালু করার প্রথম দিকে একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল।
BYD-এর এই ঘটনায় পেছনে যে ব্যাখ্যাই থাকুক ফলাফল একই। জীবন সহজ করার জন্য তৈরি একটি চার্জারকে অকেজো করে দেওয়া হয়েছে।
মাত্র ৯ মিনিটে চার্জ দেওয়া প্রযুক্তিগতভাবে একটি বড় অর্জন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কিছু মানুষ এই প্রযুক্তি কাজে লাগানোর চেয়ে, অন্য সবার জন্য এর ব্যবহারের পথ বন্ধ করে দিতেই বেশি আগ্রহী
BYD-এর দাবী, তাদের নতুন Flash Charger মাত্র ৯ মিনিটে একটি বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে পারে। তবে মনে হচ্ছে, এই প্রযুক্তির প্রসারে সবাই খুশি নন।