ছবিঃ Nissan
Nissan একটি ৩০০ হর্সপাওয়ারের Sentra তৈরি করেছে, যাতে রয়েছে ছয় গতির ম্যানুয়াল গিয়ারবক্স এবং শক্তিশালী R35 GT-R-এর বিভিন্ন যন্ত্রাংশ। নতুন কনসেপ্টটি ১৯৯১-এর জনপ্রিয় Sentra SE-R সাশ্রয়ী পারফরম্যান্স গাড়ির আধুনিক সংস্করণ।
Sentra Spec-V Concept তৈরি করা হয়েছে Nissan-এর সর্বশেষ প্রজন্মের কমপ্যাক্ট সেডানের ওপর ভিত্তি করে। আসল Sentra SE-R তার শক্তিশালী ২.০ লিটার SR20 ইঞ্জিন এবং সহজলভ্য দামে ভালো পারফরম্যান্স দেওয়ার কারণে পরিচিতি পেয়েছিল। নতুন কনসেপ্ট সেই ধারণাকেই আধুনিক রূপে ফিরিয়ে এনেছে।
গাড়িটির টার্বোচার্জড ২.০ লিটারের MR20DD ইঞ্জিনটি ৩০০ হর্সপাওয়ার উৎপন্ন করে, যা সাধারণ Sentra-র ১৫০ hp-এর দ্বিগুণেরও বেশি। ইঞ্জিনটিতে রয়েছে Carrillo কানেক্টিং রড, JE পিস্টন এবং উন্নত অভ্যন্তরীণ যন্ত্রাংশ। অন্যদিকে, Garrett G25 টার্বোচার্জার সিলিন্ডারে আরও বেশি বাতাস প্রবেশ করায়। বাড়তি শক্তি সামলাতে সামনে রয়েছে ইন্টারকুলার, ব্লো-অফ ভালভ এবং শক্তিশালী ফুয়েল পাম্প। আরও শক্তিশালী মেইন ও সিলিন্ডার-হেড স্টাডের পাশাপাশি মজবুত করা হয়েছে ক্র্যাঙ্ক গার্ডল, যাতে অতিরিক্ত চাপেও ইঞ্জিন ঠিকভাবে কাজ করতে পারে।
ইঞ্জিনের উৎপাদিত শক্তি হালকা Centerforce ফ্লাইহুইল এবং ছয় গতির ম্যানুয়াল গিয়ারবক্সের মাধ্যমে চাকার কাছে পৌঁছায়। Nismo Juke RS থেকে নেওয়া লিমিটেড-স্লিপ ডিফারেনশিয়াল সেই শক্তি রাস্তায় কার্যকরভাবে কাজে লাগাতে সাহায্য করে।
এছাড়াও Nissan তাদের যন্ত্রাংশের তালিকা থেকেও বেশ কিছু গুরুগম্ভীর সরঞ্জাম নিয়ে এসেছে। কনসেপ্টটিতে রয়েছে Recaro ফ্রন্ট সিট , R35 GT-R Nismo-এর রিয়ার স্পয়লার এবং ব্রেকিং সিস্টেম। ওয়াইডবডি কিট গাড়িটিকে আরও আগ্রাসী চেহারা দিয়েছে। কাস্টম ভেন্টযুক্ত বনেট এবং পাশ দিয়ে বের হওয়া এক্সহস্ট নিশ্চিত করে, এটি যেন দেখতে ও শুনতে সাধারণ Sentra-র মতো না হয়।
সাসপেনশনে ব্যবহার করা হয়েছে উন্নত Nismo Sentra কয়েলওভার। সামনের শক অ্যাবজর্বারগুলোতে রয়েছে বাহ্যিক রিজার্ভার, আর এগুলোর ড্যাম্পিং রেসট্র্যাকের উপযোগী করে সাজানো হয়েছে। গাড়িটি ১৯ ইঞ্চির ফোরজড Nismo LM-RS1 চাকার ওপর চলে, যার সঙ্গে রয়েছে ২৬৫-সেকশন প্রস্থের Yokohama Advan টায়ার। এছাড়া রেসিং হারনেসও এই ট্র্যাককেন্দ্রিক আয়োজনের অংশ।
অর্থাৎ, Nissan একটি কমপ্যাক্ট সেডান নিয়ে তাতে এত পারফরম্যান্স সরঞ্জাম যোগ করেছে যে সেটি এখন একটি গতির দানবে রূপান্তরিত হয়েছে। বিশেষ করে ম্যানুয়াল গিয়ারবক্সের উপস্থিতি প্রশংসনীয়। কারণ, বর্তমান বাজার থেকে তিনটি প্যাডেল ঐতিহ্য ক্রমশই হারিয়ে যাচ্ছে।
তবে কনসেপ্টটি আপাতত শুধুই একটি কনসেপ্টই। Nissan এর উৎপাদনের কোনো পরিকল্পনা নিশ্চিত করেনি, আর রাস্তায় চালানোর উপযোগী সংস্করণ কখনো আসবে কি না, তারও নিশ্চয়তা নেই। সৌভাগ্যবশত, উৎপাদনের গাড়িটিকে কার্যকর করে তুলতে পুরো ৩০০ hp ইঞ্জিন কিংবা রেসট্র্যাককেন্দ্রিক সব সরঞ্জামের প্রয়োজন হবে না। আরও সংযত একটি সংস্করণে ম্যানুয়াল গিয়ারবক্স, লিমিটেড-স্লিপ ডিফারেনশিয়াল এবং যুক্তিসংগত সাসপেনশন আপগ্রেড থাকলেই মূল SE-R-এর সেই আনন্দ ফিরিয়ে আনা সম্ভব।
তবে Nissan-এর পক্ষে এমন গাড়ি তৈরি করা আর্থিকভাবে সম্ভব কি না, সেটি ভিন্ন প্রশ্ন। নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টা করতে গিয়ে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ও ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখে রয়েছে। ফলে সীমিতসংখ্যক ক্রেতার জন্য তৈরি পারফরম্যান্স সেডান তাদের অগ্রাধিকারের তালিকায় খুব ওপরে নাও থাকতে পারে। তারপরও Spec-V Concept দেখিয়ে দিয়েছে, Nissan-এর অন্তত কেউ একজন এখনো মনে রেখেছেন, গাড়ি চালানো আনন্দদায়ক হওয়ার কথা। শুধু মাসিক কিস্তি দিয়ে কেনা দক্ষ গৃহস্থালি যন্ত্রের মতো হলেই চলে না।
Nissan একটি ৩০০ হর্সপাওয়ারের Sentra তৈরি করেছে, যাতে রয়েছে ছয় গতির ম্যানুয়াল গিয়ারবক্স এবং শক্তিশালী R35 GT-R-এর বিভিন্ন যন্ত্রাংশ। নতুন কনসেপ্টটি ১৯৯১-এর জনপ্রিয় Sentra SE-R সাশ্রয়ী পারফরম্যান্স গাড়ির আধুনিক সংস্করণ।