স্মরণসভায় Mazda-র অনন্য ‘পপি আর্ট কার’

ছবিঃ Mazda

সামরিক দাতব্য সংস্থা Mission Motorsport-এর সাথে অংশীদারিত্বে নিজেদের তৃতীয় ‘পপি আর্ট কার’ উন্মোচন করেছে Mazda UK। ১৯৯৫ সালের একটি ক্লাসিক Mk1 Mazda MX-5 রোডস্টারকে স্মরণসভার স্মারক ক্যানভাসে রূপান্তর করা হয়েছে।

২০২৬ সালের ‘Race of Remembrance’-এর মিডিয়া ডে উপলক্ষে Thruxton Circuit-এ গাড়িটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়। সশস্ত্র বাহিনীর আহত ও অসুস্থ সদস্য এবং সাবেক সেনাসদস্যদের সহায়তায় তহবিল সংগ্রহ ও জনসচেতনতা বাড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

১.৮ লিটার ইঞ্জিনের এই ঐতিহ্যবাহী রোডস্টারটি সরাসরি মূল রেসে অংশ নেবে না; বরং North Wales-এর Anglesey Circuit-এ ডেমোনস্ট্রেশন ল্যাপ সম্পন্ন করার পর চলমান এই স্মারকটি দেশব্যাপী মোটরিং ও ভেটেরানদের বিভিন্ন আয়োজনে প্রদর্শিত হবে এর আগে ২০১৫ সালে একটি Mk4 MX-5 রেস কার এবং ২০২৪ সালে e-Skyactiv MX-30 R-EV কোর্স কারকে এভাবে আর্ট কারে রূপ দিয়েছিল প্রতিষ্ঠান দুটি।

এই প্রকল্পটির মধ্য দিয়ে ২০১২ সালে প্রতিষ্ঠিত Mission Motorsport এবং Mazda UK-এর দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ১৫বছর পূর্ণ হলো। সংস্থার ইন-হাউস কার-র‍্যাপ টিম Mk1-এর বডিওয়ার্কের সাথে সামঞ্জস্য রেখে ঐতিহ্যবাহী পপি (পোস্ত ফুল) মোটিফের নকশা ফুটিয়ে তুলেছে। Mission Motorsport-এর ম্যানেজিং ডিরেক্টর Alex Atherton বলেন, “মোটরস্পোর্টের শক্তির মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহায্য করতে Mazda গত ১৫ বছর ধরে অসাধারণ সমর্থন দিয়ে আসছে।” অন্যদিকে Mazda Motors UK-এর ম্যানেজিং ডিরেক্টর Jeremy Thomson এই উদ্যোগকে সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ত‍্যাগ ও সাহসিকতার এক বিশেষ স্মারক হিসেবে বর্ণনা করে এর নকশাকে একই সঙ্গে শ্রদ্ধাপূর্ণ ও দৃষ্টিনন্দন বলে উল্লেখ করেছেন।

আগামী ৬ থেকে ৮ নভেম্বর, ২০২৬ পর্যন্ত Anglesey Circuit-এ ১২তম বার্ষিক ‘Race of Remembrance’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনন্য এই ১২ ঘণ্টার অ্যান্ডুরেন্স রেসটি তিনটি পর্বে বিভক্ত করা হয়েছে—যার মধ্যে শনিবার রাতে একটি নাইট রেস থাকবে। এরপর রবিবার সকাল ১১টায় রেসিং সাময়িকভাবে স্থগিত রেখে পিট-লাইনে স্মরনসভায় নীরবতা পালন করা হবে, যেখানে উপস্থিত ১,০০০-এরও বেশি দর্শক ও প্রতিযোগী শ্রদ্ধা জ্ঞাপন করার পর পুনরায় রেস শুরু হবে।

Previous
Previous

প্রথম বৈদ্যুতিক গাড়ি পেছাল Aston Martin

Next
Next

গুণগত মানের জোট গড়ছে জাপানি গাড়ি নির্মাতারা