অফ-রোড Outlander বানাল Mitsubishi

ছবিঃ Mitsubishi

বাংলাদেশে Mitsubishi Outlander সাধারণত পাকা রাস্তা ছেড়ে বের হয় না। কিন্তু Mitsubishi এবার SUV-টিকে একটু অন্য কাজে লাগাতে চাইছে। ২০২৮ Outlander Diamond Trail Edition-এর সাথে পরিচিত হন, যা তৈরি করা হয়েছে দুর্গম পথে চলার কথা মাথায় রেখে।

৩ নভেম্বর ২০২৬, Las Vegas-এর SEMA Show-তে গাড়িটি উন্মোচন করবে Mitsubishi। ২০১২ সালের পর এই প্রথম নিজস্ব স্টল নিয়ে আয়োজনে ফিরছে প্রতিষ্ঠানটি। Mitsubishi-র দাবি, এটি তাদের তৈরি সবচেয়ে সক্ষম Outlander।

শুরুতেই রয়েছে Mitsubishi-র Super All-Wheel Control (S-AWC) ব্যবস্থার সঙ্গে যুক্ত নতুন Rock ড্রাইভ মোড। পিচ্ছিল বা অসমান রাস্তায় চাকা পিছলে যাওয়া ঠেকাতে এটি দ্রুত ব্রেক নিয়ন্ত্রণ করে। এতে গাড়ি আরও ভালো গ্রিপ পায়।

Rock মোডে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে দেখা যাবে স্টিয়ারিংয়ের কোণ, কোন চাকাটি পিছলাচ্ছে এবং ট্র্যাকশন কন্ট্রোলের কার্যক্রম। মোডটি চালু করলে Hill Descent Control-ও স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে। ফলে খাড়া ঢাল বেয়ে নামার আগে আলাদা করে সেটিংস চালু করতে হবে না।

উন্নত করা হয়েছে Multi-View Camera System-ও। সাধারণ Outlander-এ ঘণ্টায় ৬.২ মাইল গতি ওঠার পর ক্যামেরা ব্যবস্থা বন্ধ হয়ে যায়। Diamond Trail Edition-এ এটি ঘণ্টায় ১৮.৬ মাইল পর্যন্ত সক্রিয় থাকবে। এতে সহজ হবে কঠিন পথে ধীরে ধীরে এগোনোর সময় পাথর ও অন্যান্য বাধা শনাক্ত করা ।

গাড়িটির অ্যাপ্রোচ এবং ডিপার্চার অ্যাঙ্গেল বাড়াতে সামনের ও পেছনের বাম্পারে পরিবর্তন এনেছে Mitsubishi। অ্যাপ্রোচ অ্যাঙ্গেল ১৮.৩ থেকে বেড়ে হয়েছে ২০.৫ ডিগ্রি। ডিপার্চার অ্যাঙ্গেল ২২.২ থেকে বেড়ে ২৩.১ ডিগ্রি। এতে খাড়া ঢাল বা অসমান পথে বাম্পার মাটিতে ঘষা লাগার ঝুঁকি কমবে।

Diamond Trail Edition-এ আরও থাকছে ২৬৫/৬৫-১৮ মাপের অল-টেরেইন টায়ার, অ্যাডভেঞ্চার-থিমের ইন্টেরিয়র ট্রিম এবং Trail Green Metallic রং।

উল্লেখ্য, Mitsubishi অফ-রোডিংয়ে আনাড়ি কেউ নয়। ব্র্যান্ডটি ১২ বার Dakar Rally জিতেছে। পাশাপাশি জয় করেছে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টানা চারবার World Rally Championship।

SEMA-তে Diamond Trail Edition-এর তিনটি গাড়ি প্রদর্শন করা হবে। এর মধ্যে একটি হবে সাধারণ উৎপাদন সংস্করণে। অন্য দুটি গাড়ি দেখাবে আফটারমার্কেট কাস্টমাইজেশনের সম্ভাবনা। ছয়টি গাড়ি নিয়ে সাজানো Mitsubishi-র স্টলটি হবে এক দশকেরও বেশি সময়ের মধ্যে SEMA-তে তাদের সবচেয়ে বড় আয়োজন।

Mitsubishi North America-র CEO Mark Chaffin আয়োজনটিকে বর্ণনা করেছেন এভাবে:

"একেবারে নতুন Outlander Diamond Trail Edition-এর বিশ্ব উন্মোচনের জন্য এটিই আদর্শ মঞ্চ।”

তিনি SEMA সম্পর্কে আরও বলেন:

"যেখানে গাড়ির প্রতি আবেগ, উদ্ভাবন এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরিবর্তন—সবকিছু এক জায়গায় মিলিত হয়।"

নতুন মডেলটি Mitsubishi-র বৃহত্তর Momentum 2030 পরিকল্পনার অংশ। গাড়িটির দাম ও বাজারে আসার সময় এখনো ঘোষণা করা হয়নি। SEMA-তেই প্রথমবারের মতো জনসমক্ষে আসবে গাড়িটি। ২০২৮ মডেল ইয়ারে বাজারে আসার সময় ঘনিয়ে এলে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

বাংলাদেশে কি Diamond Trail Edition আসবে? সম্ভাবনা কম। তবে দেশে Outlander PHEV বিক্রি হয়। Mitsubishi যদি Right-Hand Drive সংস্করণ তৈরি করে, তাহলে আগ্রহী কেউ চাইলে সেটি আমদানি করার চেষ্টা করতে পারবে।

Next
Next

EV মুনাফা নিয়ে বিপাকে Volkswagen