প্রকাশ্যে এলো Alfa Romeo-র লাবণ্যময়ী Cuorerosso
ছবিঃ Alfa Romeo
Alfa Romeo গাড়িগুলো এক বেপরোয়া জীবনসঙ্গীর মত। দেখতে অপূর্ব, মেজাজটা খ্যাপাটে আর যখন তখন বিগড়ে যেতে পারে! প্রতিষ্ঠানটির নতুন Cuorerosso কনসেপ্টে সেই চিরচেনা নাটকীয়তার চমৎকার প্রতিফলন ঘটেছে। এতে রয়েছে Alfa Romeo-র নিপুণ নকশা, নিখাদ ইতালীয় আবেগ আর মন ভুলানো আবেদনময়ী চরিত্র।
২০২৬ সালের Paris Motor Show-তে উন্মোচিত এই কনসেপ্টটি অবশ্য কোন দুই দরজার স্পোর্টস কার নয়, বরং এটি চার দরজা ও চার আসনের একটি গ্র্যান্ড ট্যুরার। এই গাড়িটির লক্ষ্য Alfa Romeo-র ভবিষ্যত নকশার রূপরেখা তুলে ধরা। একই সঙ্গে এটি প্রতিষ্ঠানটির নতুন ‘বহুমুখী জ্বালানি প্রযুক্তির’ পরিকল্পনার ঘোষণাপত্র। অর্থাৎ এক মৌলিক নকশার ওপর ভিত্তি করে তারা হাইব্রিড, প্লাগ-ইন হাইব্রিড কিংবা সম্পূর্ণ বৈদ্যুতিক পাওয়ারট্রেন চালিত গাড়ি বানাবে।
লাবণ্যময়ী Cuorerosso-র নকশা বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য বাস্তবসম্মতভাবে তৈরি করা হয়েছে। তার মানে, এটি কেবল সুন্দর দেখানোর জন্য কোনো কাল্পনিক নকশা নয়।
গাড়িটির বাহ্যিক নকশা তৈরি করা হয়েছে Alfa Romeo-র ডিজাইন বিভাগের প্রধান Alejandro Mesonero-র নেতৃত্বে। দলটি চাকা, জানালা, এমনকি সামনের গ্রিল ছাড়াই শুধু বডির মূল আকৃতি তৈরির মধ্য দিয়ে কাজ শুরু করেছিল। উদ্দেশ্য ছিল একটি গাড়ির পরিচিত উপাদানগুলি যোগ করার আগে দেহটির সামগ্রিক অনুপাত ও বিভিন্ন পৃষ্ঠের গড়নের ওপর মনোযোগ দেওয়া।
এর ফলাফল বেশ চোখ ধাঁধানো। পেশিবহুল এই আকৃতি বাতাস পিছলে প্রতিরোধ সূচকে মাএ ০.২৮ বলে দাবি করা হয়েছে। শরীরের সাথে সমতলভাবে বসানো জানালাগুলো এর অঙ্গে আরো পরিচ্ছন্ন আকার দিয়েছে। আর সস্তা সব গাড়ির চকটদার প্লাস্টিকের উপস্থিতি এড়াতে চকচকে কালো ট্রিম ব্যবহারের চিন্তা শুরুতেই বাতিল করে দেওয়া হয়েছে।
আকারে এটি Lexus IS বা Tesla Model 3-এর কাছাকাছি। সংখ্যায় বললে দৈর্ঘ্যে ৪.৭ মিটার, প্রস্থে ২.০ মিটার এবং উচ্চতায় মাত্র ১.৩ মিটার। পরিশেষে, পেছনের সুগঠিত বাঁক Alfa Romeo 33 Stradale-এর সেই নাটকীয় ভঙ্গি মনে করিয়ে দেয়।
সামনের তীক্ষ্ণ ত্রিভুজাকার হেডলাইটের মাঝখানে রয়েছে Alfa Romeo-র পরিচিত Trefoil গ্রিলের সরলীকৃত সংস্করণ। নাকে বসানো হয়েছে সমতল, দ্বিমাত্রিক Alfa Romeo ব্যাজ। আর ব্র্যান্ডটির সাপের প্রতীকটি গ্রিলের সাথে একীভূত করা হয়েছে।
সুডৌল বনেটের নিচে রয়েছে Alfa Romeo-র টুইন-টার্বোচার্জড ২.৯ লিটারের V6 ইঞ্জিন, যা প্রতিষ্ঠানটি তাদের Giulia ও Stelvio Quadrifoglio গাড়িগুলোতে ব্যবহার করে। তবে এই ইঞ্জিনটি কত হর্সপাওয়ার উৎপন্ন করে, তা প্রকাশ করেনি Alfa Romeo।
ধারণা করা যায়, বৈদ্যুতিক প্রযুক্তি যুক্ত হলে এর পারফরম্যান্স বর্তমান Quadrifoglio মডেলগুলোকেও ছাড়িয়ে যেতে পারে। এছাড়া বৈদ্যুতিক সহায়তার সাথে অল-হুইল ড্রাইভের মেলবন্ধন ঘটলে তা গাড়িটির শক্তিশালী পারফরম্যান্সকে মাটি আঁকড়ে ধরে রাখতে সহায়তা করবে।
কেবিনের ভেতরেও অতিরঞ্জনের অভাব নেই। পেছনের আসনেও দুজন প্রাপ্তবয়স্ক মানুষের বসার মত পর্যাপ্ত জায়গা রয়েছে। আসন ও সেন্টার কনসোলের চারপাশে চিত্তাকর্ষক কাঠামো তৈরি করা হয়েছে। উজ্জ্বল লাল আসনগুলো চালককে কোমল ভাবে আগলে রাখার অনুভূতি দেয় আর কালো মার্বেলের সঙ্গে ধীরে ধীরে গাঢ় রঙে রূপ নেওয়া লাল রঙের মিশ্রণটি গাড়িটির হৃদস্পন্দনের প্রতীক হিসেবে কাজ করছে।
সাধারণত এমন নকশা একটু উনিশ-বিশ হলেই বিদঘুটে হয়ে যায়, কিন্তু Alfa Romeo এখানে একে আলগা কোনো সাজসজ্জা হিসেবে না রেখে পুরো ইন্টেরিয়রের মূল থিমের সাথে দারুণভাবে মিশিয়ে দিয়েছে।
প্রধান ইনফোটেইনমেন্ট স্ক্রিনটি সেন্টার কনসোলের সঙ্গে সমন্বিত। তবে চালকের সামনে রয়েছে আরও একটি অভিনব ব্যবস্থা: পেটেন্ট করা ‘ডাইনামিক টেলিস্কোপ’ ডিসপ্লে। Cruise, Sport ও Quadrifoglio—এই তিনটি ড্রাইভিং মোড অনুযায়ী ডিসপ্লেটির বিন্যাস পরিবর্তিত হয়।
ডিসপ্লেটি দুই ভাগ হয়ে একই সঙ্গে নেভিগেশন ও গাড়ির তথ্য দেখাতে পারে। আবার চালকের মনোযোগ যেন বিচ্ছিন্ন না হয়, সেজন্য এর ইন্টারফেস একদম সরলও করে নেওয়া যায়। মূল ভাবনাটা হলো, সব পরিস্থিতিতে চালককে একই ধাঁচের স্ক্রিন দেখতে বাধ্য না করে রাইডিং মোড অনুযায়ী ডিসপ্লে নিজেই চালকের প্রয়োজন বুঝে নেবে।
দুঃখজনকভাবে, Cuorerosso সরাসরি উৎপাদনে যাওয়ার জন্য তৈরি করা হয়নি। এর নকশা ও প্রযুক্তি বরং ভবিষ্যতের Alfa Romeo মডেলগুলোকে প্রভাবিত করবে। এর মধ্যে রয়েছে ২০২৭ সালের জন্য ঘোষিত একটি কমপ্যাক্ট SUV। কনসেপ্টটি আরও ইঙ্গিত দেয়, বৈদ্যুতিক প্রযুক্তি ও SUV-এর দিকে ঝোঁক বাড়লেও ছয় সিলিন্ডারের দহন ইঞ্জিনের জন্য এখনো জায়গা রাখতে চায় প্রতিষ্ঠানটি।
এমন একটি গাড়ি কখনো শোরুমে পৌঁছাবে কি না, তা এখনো অনিশ্চিত। Alfa Romeo এর আগে জানিয়েছিল, তারা সেডান তৈরি চালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করছে না। তবে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরিত হবার আগের পরিকল্পনা থেকেও প্রতিষ্ঠানটি সরে এসেছে। ফলে আশা একেবারে শেষ হয়ে যায়নি।
আর Cuorerosso-র মতো গাড়ির জন্য আশাটুকুই সবচেয়ে বেশি প্রয়োজন। Alfa Romeo-র ইতিহাসজুড়ে এমন সব মোহময়ী গাড়ি রয়েছে, যেগুলো চালকের হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে, আর একইসাথে রক্তের চাপও বিপদজনক পর্যায়ে নিয়ে যেতে পারে।
Cuorerosso ইটালিয়ান এ গাড়ি শিল্পীদের সেরা উপাদানগুলো: মনোলোভা নকশা, নেশা জাগানো গতি, আর সম্পূর্ণ বন্য আচরণ একইসঙ্গে তুলে ধরেছে।
Alfa Romeo গাড়িগুলো এক বেপরোয়া জীবনসঙ্গীর মত। দেখতে অপূর্ব, মেজাজটা খ্যাপাটে আর যখন তখন বিগড়ে যেতে পারে! প্রতিষ্ঠানটির নতুন Cuorerosso কনসেপ্টে সেই চিরচেনা নাটকীয়তার চমৎকার প্রতিফলন ঘটেছে। এতে রয়েছে Alfa Romeo-র নিপুণ নকশা, নিখাদ ইতালীয় আবেগ আর মন ভুলানো আবেদনময়ী চরিত্র।