৩১০ হর্সপাওয়ারের জেট স্কি আনল Kawasaki

ছবিঃ Kawasaki

বাংলাদেশের বাইকাররা যখন বহুল প্রতীক্ষিত ৩৫০ সিসির মোটরবাইকের অপেক্ষায় প্রহর গুনছেন, তখন এক অভিনব কাণ্ড ঘটিয়েছে জাপানি ব্র্যান্ড Kawasaki।

প্রতিষ্ঠানটি তাদের নতুন ওয়াটারক্রাফটে যুক্ত করেছে এক দানবীয় ৩১০ হর্সপাওয়ারের ইঞ্জিন। সম্পূর্ণ বিনোদনমূলক ব্যবহারের জন্য নির্মিত 'STX 310R' নামের এই পার্সোনাল ওয়াটারক্রাফটটি যেন পানির ওপর দিয়ে উড়ে চলা এক জলজ ক্ষেপণাস্ত্র।

এই ওয়াটারক্রাফটে শক্তি জোগাতে দেওয়া হয়েছে ১.৫-লিটারের লিকুইড-কুলড, সুপারচার্জড এবং ইন্টারকুলড ফোর-স্ট্রোক মেরিন ইঞ্জিন—যা Ninja H2 মোটরবাইক বা Teryx H2-এর ৯৯৯ সিসির ইঞ্জিন থেকে সম্পূর্ণ আলাদা। বডিকে সংকুচিত ও নিখুঁত রাখতে এতে একটি বিশেষ ৪-২-১ এক্সহস্ট সিস্টেম বসানো হয়েছে। ইঞ্জিনের শক্তিকে গতিতে রূপান্তর করতে কাজ করে ১৬০ মিলিমিটারের জেট পাম্প এবং থ্রি-ব্লেড ইম্পেলার। Kawasaki-র দাবি, তাদের ইতিহাসে সিটযুক্ত যত ওয়াটারক্রাফট রয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে দ্রুতগতির এক্সিলারেশন বা ত্বরণ দিতে সক্ষম।

প্রচণ্ড গতির ধাক্কায় জলযানটি যাতে ভেঙে না পড়ে, সেজন্য এর বডির কাঠামোকে অতিরিক্ত শক্তিশালী করা হয়েছে। নিয়ন্ত্রণ ধরে রাখতে রয়েছে একাধিক ইলেকট্রনিক সুরক্ষাবলয়—যার মধ্যে থাকছে লঞ্চ কন্ট্রোল, স্টিয়ারিং অ্যাসিস্ট্যান্স, বিভিন্ন ইঞ্জিন মোড এবং ক্রুজ কন্ট্রোল। 

জেটি বা ডকের কাছাকাছি নিরাপদে চলার জন্য রয়েছে 'No Wake Zone' বোতাম, যা গতি স্বয়ংক্রিয়ভাবে ঘণ্টায় মাত্র ৫ মাইলে সীমাবদ্ধ রাখে। এছাড়া রিভার্স অ্যাসিস্টের মাধ্যমে চালক সহজেই রিভার্স বাটন চেপে ট্রিম সুইচের সাহায্যে আরপিএম ও থ্রাস্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।

গতির উন্মাদনার পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও এতে বাদ যায়নি। তৃষ্ণার্ত সুপারচার্জড ইঞ্জিনের জন্য রয়েছে ২০.৬ গ্যালনের ফুয়েল ট্যাংক এবং ৩০ গ্যালন ধারণক্ষমতার মালামাল রাখার জায়গা। সাথে রয়েছে স্প্ল্যাশ গার্ড, বিশেষ লাইটিং এবং এমনকি একটি রিয়ারভিউ ক্যামেরাও। মূল্যের দিক থেকে বেস মডেল STX 310R-এর দাম ধরা হয়েছে ১৮,৭৯

৯ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ ৪৯ হাজার ৮৭৫ টাকা) এবং উন্নত সংস্করণের STX 310RX-এর দাম রাখা হয়েছে ২০,১৯৯ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ ২৪ হাজার ৮৭৫ টাকা)।

প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে কোন সাহসী ব্যক্তি কি আছে যিনি এটি আমদানি করবেন? এই লেখকের অনুরোধ: করলে একটু দাওয়াত দেবেন।

Next
Next

বাজারে আসছে AGV-র Pista GP R3 হেলমেট