বাজারে আসছে AGV-র Pista GP R3 হেলমেট

ছবিঃ AGV

ইতালিয়ান ব্র্যান্ড AGV তাদের নতুন ফ্ল্যাগশিপ ট্র্যাক-রেসিং হেলমেট 'Pista GP R3' উন্মোচন করেছে।

'2026 San Marino and Rimini Riviera Grand Prix'-এ হেলমেটটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে, যেখানে MotoGP, Moto2 এবং Moto3 বিশ্ব চ্যাম্পিয়নশিপের রাইডাররা এটি পরে ট্র্যাকে নামেন।

এটি ২০২০ সালে বাজারে আসা জনপ্রিয় Pista GP RR-এর উত্তরসূরি।

হেলমেটটিতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে 'AGV Sphera' সিস্টেম, যাতে ব্যবহৃত হয়েছে Release Layer System (RLS) প্রযুক্তি। হেলমেটের কোণাকুণি আঘাত (Oblique impacts) এবং ঘূর্ণন ত্বরণ (Rotational acceleration) থেকে সুরক্ষার জন্য এটি বিশেষভাবে তৈরি। প্রস্তুতকারকদের দাবি, সাধারণ হেলমেটের তুলনায় এটি মস্তিষ্কে আঘাত বা কনকাশনের ঝুঁকি প্রায় ছয় গুণ কমিয়ে দিবে।

প্রচলিত MIPS প্রযুক্তির মতো একক স্লাইডিং স্তরের পরিবর্তে Sphera আর্কিটেকচারে ১,৬০০টিরও বেশি ক্ষুদ্র বিয়ারিং (প্রতিটি মাত্র ২ মিলিমিটার) ব্যবহার করা হয়েছে। কোণাকুণি কোনো আঘাত লাগলে বিয়ারিংগুলো গড়িয়ে ঘূর্ণন শক্তিকে দুর্বল করে দেয়, ফলে মস্তিষ্কে তীব্র ঝাঁকুনি পৌঁছাতে পারে না। উচ্চ গতিতেও যেন কোনো শব্দ না হয়, সেজন্য যন্ত্রাংশগুলো আঠা দিয়ে আটকানো হয়েছে। কোনো বাড়তি ওজন ছাড়াই এটি পূর্ববর্তী Pista GP RR-এর মতোই হালকা এবং এটি International Motorcycling Federation-এর নতুন 'FIM FRHPhe-02' ঘূর্ণন সুরক্ষা নীতিমালার মান অর্জন করেছে।

সম্পূর্ণ কার্বন ফাইবারে তৈরি এর বাইরের শেলটি পূর্বের মতোই আক্রমণাত্মক লুক ও অ্যারোডাইনামিক ডিজাইন ধরে রেখেছে। হেলমেটের কুলিং ভেন্টগুলো তৈরি করা হয়েছে Grilamid দিয়ে, যা প্লাস্টিক ও কার্বন ফাইবারের একটি সংমিশ্রণ এবং দ্রুত তাপ নির্গমনে সহায়তা করে। এছাড়া এর অপটিক্যাল শিল্ড বা ভাইজরটিও উন্নত করা হয়েছে; উচ্চ ঝুঁকিপূর্ণ অংশে এটি সর্বোচ্চ ৫ মিলিমিটার পর্যন্ত পুরু এবং এতে শক্তিশালী ল্যাচিং মেকানিজম যুক্ত করা হয়েছে, যাতে কখনো কোনো বড় দুর্ঘটনার সময় ভাইজরটি হঠাৎ খুলে না যায়।

এই উদ্ভাবন নিয়ে Dainese Group-এর সিইও Angel Sanchez জানান, মোটরসাইকেলের দুনিয়ায় আবারও বৈপ্লবিক পরিবর্তন আনতে পেরে এবং রাইডারদের নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি করতে পেরে তাঁরা গর্বিত। এই নতুন প্রযুক্তি বাস্তবায়নে তাঁরা ব্রিটিশ স্টার্টআপ RLS-এর সাথে যৌথভাবে কাজ করেছেন।

হেলমেটটির আনুষ্ঠানিক দাম এখনো ঘোষণা করা হয়নি, তবে এর খুচরা মূল্য আনুমানিক ১,৭০০ থেকে ১,৮০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১২ হাজার ৫০০ থেকে ২ লাখ ২৫ হাজার টাকা) হতে পারে। আগামী বছর সাধারণ ক্রেতাদের জন্য Pista GP R3 বাজারে ছাড়া হবে বলে কথা রয়েছে।

Previous
Previous

৩১০ হর্সপাওয়ারের জেট স্কি আনল Kawasaki

Next
Next

মোটরসাইকেল উন্মোচন করল Aston Martin