মোটরসাইকেল উন্মোচন করল Aston Martin

ঐতিহ্যবাহী ব্রিটিশ মোটরসাইকেল ব্র্যান্ড Brough Superior-এর সাথে যৌথ অংশীদারিত্বে নতুন 'AMB 002 Roadster' মোটরসাইকেল উন্মোচন করেছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Aston Martin।

এটি Aston Martin-এর প্রথম রাস্তায় চলাচলের উপযোগী (Street-legal) মোটরসাইকেল। পূর্বের কেবল রেস ট্র্যাকের জন্য তৈরি করা AMB 001 এবং AMB 001 Pro মডেল দুটির ব্যাপক সাফল্যের পর এই রাস্তায় চলাচলের উপযোগী সংস্করণটি নিয়ে আসা হয়েছে।

পূর্ববর্তী AMB 001-এর কোনো যন্ত্রাংশ এতে রাখা হয়নি; সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে ডিজাইন করা এই বাহনটির আউটলুক তৈরিতে Aston Martin-এর স্পোর্টস কারগুলোর রূপরেখা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। বডিওয়ার্কের নিচে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ টাইটানিয়াম ফ্রেম এবং প্রচুর পরিমাণে বিলেট অ্যালুমিনিয়াম যন্ত্রাংশ। রাস্তায় আইনিভাবে চলাচলের যাবতীয় ফিচারের পাশাপাশি আরমদায়ক রাইডিংয়ের জন‍্য সামনে যুক্ত করা হয়েছে বিশেষ Fior fork সাসপেনশন।

নতুন এই 'Roadster'-এ ব‍্যবহার করা হয়েছে একটি ১,০৮৩ সিসির ফোর-স্ট্রোক, ওয়াটার-কুলড V-Twin ইঞ্জিন, যা ১৩০ হর্সপাওয়ার এবং ৮১ পাউন্ড-ফুট টর্ক উৎপন্ন করতে সক্ষম। মোট ৪১৮ পাউন্ড ভেজা ওজনের (Wet weight বা ফুয়েল ও অন্যান্য তরল পদার্থ সহ মোট ওজন) এই মোটরসাইকেলটিতে গতি ও নিয়ন্ত্রণের সুবিধার্থে সামনে ও পেছনে নিখুঁত ৫০/৫০ অনুপাতের ভারসাম্য বজায় রাখা হয়েছে।

এই অংশীদারিত্ব নিয়ে Aston Martin-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ক্রিয়েটিভ অফিসার Marek Reichman জানান, AMB 001 ও AMB 001 Pro-এর মতো দুটি দুর্দান্ত ট্র্যাক-অনলি বাইক তৈরির পর সাধারণ রাস্তায় চলার উপযোগী একটি Aston Martin মোটরসাইকেল তৈরি করা তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তিনি আরো বলেন, Aston Martin ও Brough Superior-এর সাহসী ডিজাইন এবং প্রকৌশলগত উদ্ভাবনের সমন্বয়ে তৈরি এই AMB 002 সাধারণ রাইডার থেকে শুরু করে শৌখিন সংগ্রাহক—উভয়ের কাছেই এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে।

অত্যন্ত সীমিত সংস্করণের এই দ্বিচক্রযানটি মাত্র ৩০০ ইউনিট উৎপাদন করা হবে। ২০২৭ সালের শেষ নাগাদ এর গ্রাহক ডেলিভারি শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রি-অর্ডার শুরু হলেও এর আনুষ্ঠানিক দাম এখনও প্রকাশ করা হয়নি। তবে এর আগের ট্র্যাক-অনলি সংস্করণ AMB 001-এর দাম ছিল প্রায় ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা) অর্থাৎ চোখ ধাঁধানো এই মোটরসাইকেলটি দাম প্রায় নিশ্চিতভাবেই সাধারন বাইকারের ধরাছোঁয়ার বাহিরে থাকবে।

Previous
Previous

বাজারে আসছে AGV-র Pista GP R3 হেলমেট

Next
Next

$৩,২৯৯ ডলারের টার্নটেবিল আনলো Harley-Davidson