বৈশ্বিক বাজারে চোখ Harley-Davidson ও Hero-র

যৌথভাবে তৈরি এন্ট্রি-লেভেলের মোটরসাইকেল ভারত থেকে আন্তর্জাতিক বাজারে রপ্তানির লক্ষ্যে নিজেদের অংশীদারিত্ব আরও বাড়ানোর পরিকল্পনা করছে বিখ্যাত আমেরিকান ব্র্যান্ড Harley-Davidson এবং ভারতের Hero MotoCorp।

২০২০ সালে Harley-Davidson ভারতে তাদের স্বাধীন উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়ার পর Hero MotoCorp-এর সাথে লাইসেন্সিং, বণ্টন ও যৌথ পণ্য উন্নয়নের চুক্তি করে। সেই বিদ্যমান অংশীদারিত্বের ওপর ভিত্তি করেই এই নতুন রপ্তানি উদ্যোগ নেওয়া হচ্ছে। এই যৌথ প্রয়াসে ইতিমধ্যে ‘Harley-Davidson X440’ এবং ‘Hero Mavrick 440’ নামে দুটি মোটরসাইকেল বাজারে এসেছে। একই প্ল্যাটফর্ম ও মেকানিক্যাল যন্ত্রাংশ শেয়ার করে তৈরি এই মডেল দুটির মাধ্যমে মিড-ক্যাপাসিটি (মাঝারি ইঞ্জিন ক্ষমতা) মোটরসাইকেলের বাজারে Royal Enfield এবং Bajaj Auto-র মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর সাথে সরাসরি প্রতিযোগিতা করছে Hero।

প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে কোম্পানি দুটি বর্তমানে বেশ কিছু নতুন মডেলের ওপর কাজ করছে। এর মধ্যে ‘Harley-Davidson Sprint’ মডেলটি চলতি বছরের শেষের দিকে বাজারে আসতে পারে এবং পরবর্তীতে আরও কিছু মডেল যুক্ত হওয়ার কথা রয়েছে। এই বর্ধিত অংশীদারিত্বের বিষয়ে Harley-Davidson জানিয়েছে, Hero MotoCorp তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত অংশীদার এবং প্রধান বৈশ্বিক বাজারগুলোতে ব্র্যান্ডটির প্রসার ঘটানোই তাদের মূল লক্ষ্য। তবে ভবিষ্যৎ মডেল বা রপ্তানির সুনির্দিষ্ট বিবরণ এখনই প্রকাশ করেনি আমেরিকান এই প্রতিষ্ঠানটি।

Hero MotoCorp-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হর্ষবর্ধন চিতালের তথ্যমতে, চলতি অর্থবছরই Harley-Davidson ব্র্যান্ডের আরও বেশ কয়েকটি মোটরসাইকেল বাজারে আসার কথা রয়েছে। আন্তর্জাতিক বাজারের সম্প্রসারণ নিয়ে তিনি জানান, বর্তমানে তাদের পুরো মনোযোগ নতুন পণ্য উন্নয়নের দিকে থাকলেও, ভারতে তৈরি এই যৌথ মোটরসাইকেলগুলো দেশের বাইরে বিক্রি করা হবে কি না—সেই চূড়ান্ত সিদ্ধান্ত বাজার পরিস্থিতি বিবেচনা করে Harley-Davidson নিজেই নেবে।

এই নতুন রপ্তানি পরিকল্পনাটি মূলত Harley-Davidson-এর বৈশ্বিক বিক্রি সচল রাখার কৌশলগত অংশ। বিশ্বব্যাপী নিজেদের খুচরা বিক্রি কমে যাওয়ার ধাক্কা সামাল দিতে কোম্পানিটি আগামী তিন বছরে বিদ্যমান প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে প্রায় ২০টি নতুন মডেল ও ভ্যারিয়েন্ট বাজারে আনার পরিকল্পনা করেছে। অন্যদিকে, Hero MotoCorp-এর জন্যও এই জোটটি তাদের প্রিমিয়াম মোটরসাইকেল ব্যবসার প্রসারে বড় ভিত্তি হিসেবে কাজ করছে। এই প্রিমিয়াম লাইনআপকে শক্তিশালী করতে ভারতীয় এই নির্মাতা প্রতিষ্ঠানটি রাজস্থানের নিমরানা (Neemrana) কারখানায় বড় অঙ্কের বিনিয়োগ করছে এবং একই সাথে তাদের প্রিমিয়াম ডিলারশিপ নেটওয়ার্ক দ্রুত বাড়িয়ে চলেছে।

Previous
Previous

বাজারে ফিরছে KTM 790 Duke

Next
Next

MotoGP-তে টিকে থাকল KTM